সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে চিহ্নিত ৬১টি নন-ট্যারিফ বাধার মধ্যে ৪৮টি পুরোপুরি সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাকি বাধাগুলোর কয়েকটিরও সমাধান প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।
সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে রবিবার ইইউর রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশনসহ জোটটির ২৭ সদস্যদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
বাংলাদেশ ও ইইউর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং ইইউর চিহ্নিত নন-ট্যারিফ বাধাগুলো দূর করার অগ্রগতি পর্যালোচনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর গত মার্চের শুরুতে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তার সঙ্গে বৈঠক করে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা ও নন-ট্যারিফ বাধার বিষয় তুলে ধরে। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে আলোচনা করে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “ইইউ যে ৬১টি প্রতিবন্ধকতার কথা বলেছিল, সেগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত। এর প্রায় অর্ধেকই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে সম্পর্কিত। এনবিআর, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, নৌপরিবহনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে আলাদাভাবে বসে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং প্রায় সবগুলোরই সমাধান করেছি।”
তিনি জানান, বিদেশি লজিস্টিকস কোম্পানির নবায়নের ক্ষেত্রে থাকা একটি বাধা এরই মধ্যে তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশি রপ্তানিকারকদের নমুনা আমদানির সীমা বছরে ১০ হাজার মার্কিন ডলার থেকে বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে। সর্বশেষ আমদানি নীতি আদেশে এ পরিবর্তন আনা হয়েছে।
বিভিন্ন পণ্যের ট্রেসেবিলিটির জন্য ব্যবহৃত স্মার্ট কার্ডের শুল্কায়ন পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। আগে প্রকৃত মূল্যের তুলনায় বেশি দামে এসব কার্ডের শুল্কায়ন করা হতো। এখন এর জন্য দুটি শ্রেণি নির্ধারণ করা হয়েছে।
এদিকে বাংলাদেশ ও ইইউর মধ্যে শিগগিরই মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরু হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইইউ বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য।
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়াতেও ইইউর সমর্থন চেয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের ২৪ নভেম্বরের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ইইউ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক জোট। তাই বাংলাদেশের অনুরোধে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ।
তিনি জানান, এলডিসি উত্তরণের সময়সীমা আরও তিন বছর বাড়ানোর অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে জাতিসংঘের স্বল্পোন্নত দেশবিষয়ক কমিটি (সিডিপি) ও ইকোসকের সংশ্লিষ্ট কমিটির সুপারিশ পাওয়া গেছে। এখন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিষয়টি উত্থাপিত হবে।
তবে ইইউর চিহ্নিত সব বাধা এখনও দূর করা সম্ভব হয়নি। এর মধ্যে বাংলাদেশি পতাকাবাহী জাহাজে দেশের আমদানি-রপ্তানি পণ্যের ৫০ শতাংশ পরিবহনের আইনি বিধান অন্যতম। পর্যাপ্ত জাহাজ না থাকায় এ বিধান বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।
মন্ত্রী জানান, বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে সাতটি এবং বেসরকারি খাতে প্রায় ১১৫টি- সব মিলিয়ে দেশে প্রায় ১২২টি জাহাজ রয়েছে। এসব জাহাজ দিয়ে প্রায় ১৩০ বিলিয়ন ডলারের আমদানি-রপ্তানি পণ্যের অর্ধেক পরিবহন করা বাস্তবে সম্ভব নয়।
এ কারণে আমদানি করা পণ্য পরিবহনের আগে ১৫ দিন আগে সরকারের কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) নেওয়ার বিধানকেও নন-ট্যারিফ বাধা হিসেবে চিহ্নিত করেছে ইইউ।
আইন সংশোধনের মাধ্যমে ভবিষ্যতে এ সমস্যার সমাধানের কথা জানান মন্ত্রী। পাশাপাশি দেশের জাহাজ পরিবহন সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।