× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়েতে অনিশ্চয়তায় প্রবাসীদের ভবিষ্যৎ প্রজন্ম

লুৎফুর রহমান, কুয়েত থেকে

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১৫ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৮ পিএম

কুয়েতে ব্রিটিশ স্কুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুয়েতে ব্রিটিশ স্কুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের অন্যতম শ্রমবাজার কুয়েত। দেশটিতে প্রায় সাড়ে তিন লক্ষ প্রবাসী বাংলাদেশি বসবাস করলেও দীর্ঘদিন ধরে সেখানে কোনও স্থায়ী বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। 

নিজস্ব কারিকুলামে মাতৃভাষায় পড়াশোনার সুযোগ না থাকায় এই তেলসমৃদ্ধ দেশের প্রবাসী বাংলাদেশিদের শিশুদের শিক্ষাজীবন এক গভীর সংকটের মুখে পড়েছে। এর ফলে হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে এবং উদ্বিগ্ন অভিভাবকরা চরম মানসিক ও আর্থিক চাপের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।

বর্তমানে কুয়েতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় কোনো স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান বা স্কুল নেই। অতীতে বাংলাদেশ দূতাবাস পরিচালিত একটি স্কুল চালু থাকলেও বিভিন্ন প্রশাসনিক জটিলতা, অনুমতি সংক্রান্ত সমস্যা এবং আইনি মারপ্যাঁচে তার কার্যক্রম একরকম স্থবির হয়ে গেছে। এই শূন্যতার কারণে কুয়েতে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

নিজস্ব স্কুল না থাকায় প্রবাসী বাংলাদেশিরা বাধ্য হয়ে তাদের সন্তানদের ভারতীয়, পাকিস্তানি, ফিলিপিনো অথবা স্থানীয় কুয়েতি এবং ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে ভর্তি করাচ্ছেন। তবে এই বিকল্প ব্যবস্থা প্রবাসীদের জন্য নানা নতুন সমস্যার জন্ম দিচ্ছে। বিশেষ করে এসব বিদ্যালয়ে সম্পূর্ণ বিজাতীয় কারিকুলামে পড়াশোনা করায় শিশুরা নিজেদের মাতৃভাষা বাংলা, আবহমান বাংলার সংস্কৃতি, লাল-সবুজের পতাকা এবং জাতীয় ইতিহাস জানার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। প্রবাসের মাটিতে বেড়ে ওঠা এসব শিশু বাংলা বলতে ও লিখতে গিয়ে বড় ধরনের হোঁচট খাচ্ছে, যা তাদের শেকড় থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে।

কুয়েতের এসব বিদেশি স্কুলের টিউশন ফি এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ অত্যন্ত চড়া। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী এ দেশটিতে বসবাসকারী বেশিরভাগ বাংলাদেশিই সীমিত আয়ের চাকরিজীবী বা সাধারণ শ্রমিক। 

হাড়ভাঙা পরিশ্রম করে দেশে রেমিট্যান্স পাঠানো এই প্রবাসীদের পক্ষে উচ্চ ফি দিয়ে সন্তানদের পড়াশোনার খরচ চালানো দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। অনেক অভিভাবক আয়ের বড় একটি অংশ স্কুলের বেতনের পেছনে ব্যয় করতে গিয়ে প্রতিনিয়ত নিঃস্ব হয়ে পড়ছেন।

কুয়েতে প্রতিষ্ঠিত অন্যান্য বিদেশি স্কুলগুলোতে আসন সংকট এবং তীব্র ভর্তি জটের সমস্যা প্রতিনিয়ত লেগেই থাকে। চাহিদার তুলনায় এসব স্কুলে বিদেশি শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা অত্যন্ত সীমিত। ফলে প্রতি বছর নতুন শিক্ষাবর্ষে বহু বাংলাদেশি শিশু কোনো স্কুলেই ভর্তি হতে না পেরে দীর্ঘ সময় ধরে ঘরে বসে থাকতে বাধ্য হয়, যা তাদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে।

নিজ ভাষায় পড়াশোনা না করতে পেরে অন্য দেশের বা ভিন্ন কারিকুলামে প্রাথমিক ও মাধ্যমিক স্তর শেষ করার পর এই শিশুরা যখন স্থায়ীভাবে বাংলাদেশে ফিরে যায়, তখন তারা দেশের মূলধারার শিক্ষা ব্যবস্থার সাথে খাপ খাওয়াতে চরম সংকটে পড়ে। বিশেষ করে জাতীয় শিক্ষাক্রমের সাথে সামঞ্জস্য রাখতে না পেরে অনেক শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক বা সমমান পর্যায়ে পড়াশোনা চালিয়ে যেতে ব্যর্থ হয় কিংবা বড় ধরনের ব্যবধানের মুখে পড়ে।

দেশটিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী এক প্রবাসী অভিভাবক আক্ষেপ প্রকাশ করে বলেন, আমরা এখানে মাথার ঘাম পায়ে ফেলে রেমিট্যান্স পাঠাই দেশের অর্থনীতি সচল রাখতে। কিন্তু আমাদের সন্তানরা আজ নিজ ভাষায় পড়তে পারছে না, দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারছে না। একটি নিজস্ব বাংলাদেশি স্কুল থাকলে আমাদের এই মানসিক যন্ত্রণা থাকত না। এখন অতিরিক্ত খরচে অন্য দেশের স্কুলে পড়াতে গিয়ে আমরা আর্থিকভাবে কোণঠাসা হয়ে পড়েছি।”

বিদ্যালয়ের এই তিব্র সংকট নিরসনে প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কাছে একটি স্থায়ী বাংলাদেশি স্কুল প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন। বারবার বিভিন্ন মহলের পক্ষ থেকে আশ্বাসের বাণী শোনানো হলেও বাস্তবে কোনও দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।

কুয়েতের স্থানীয় শ্রম ও শিক্ষা আইন অনুযায়ী যেকোনো বিদেশি স্কুল পরিচালনার জন্য নির্দিষ্ট বিশাল জায়গা, যথাযথ অবকাঠামো এবং স্থানীয় স্পন্সরের আইনি অনুমোদন প্রয়োজন হয়। এই জটিল প্রক্রিয়াটি কোনো ব্যক্তিগত উদ্যোগ বা প্রবাসীদের এক পক্ষে সমাধান করা সম্ভব নয়, যার জন্য বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের কূটনৈতিক হস্তক্ষেপ ও সরাসরি সরকারি পৃষ্ঠপোষকতা আবশ্যক।

কুয়েতে বসবাসরত সমাজবিশ্লেষক ও শিক্ষাবিদরা মনে করছেন, এই সংকট অবিলম্বে দূর করা না হলে কুয়েতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশিরা নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ও দেশপ্রেম থেকে পুরোপুরি বিচ্যুত হয়ে পড়বে। প্রবাসীদের দীর্ঘদিনের জোরালো দাবি বাংলাদেশ দূতাবাসের সরাসরি তত্ত্বাবধানে কিংবা কুয়েত সরকারের সাথে কূটনৈতিক আলোচনার মাধ্যমে একটি স্থায়ী ভবন ও ক্যাম্পাস বরাদ্দ দেওয়া হোক। সেখানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) অনুমোদিত সিলেবাস বা আন্তর্জাতিক মানের বাংলা কারিকুলাম চালু করা হলে ছাত্রছাত্রীরা দেশীয় সংস্কৃতির সাথে যুক্ত থাকতে পারবে।

কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আ.হ জুবেদ এই প্রসঙ্গে বলেন, প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের এই প্রাণের দাবি পূরণ করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। শিক্ষালাভের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়া মানে একটি পুরো প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া। আমরা কমিউনিটির পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানে এ বিষয় নিয়ে সবসময় আলোচনা করে আসছি। আশা করি সরকারের নীতি নির্ধারকরা দ্রুত এগিয়ে এলে আমাদের এই দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে বেশি সময় লাগবে না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা