× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশি মিশনে নিয়োগ নিয়ে সিদ্ধান্তহীনতা

দীপক দেব

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪১ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। লোগো: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। লোগো: সংগৃহীত

সরকার বদলেছে। বদলেছে রাজনৈতিক বাস্তবতাও। এমন প্রেক্ষাপটে প্রশাসনে পদায়ন ও বদলির ক্ষেত্রে নতুন নীতি ও মেধাভিত্তিক মূল্যায়নের কথা বলা হচ্ছে। তবে বিদেশে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শ্রম উইংয়ের বেশ কিছু পদে এখনও সাবেক সরকারের সময় নিয়োগ পাওয়া কর্মকর্তারাই দায়িত্ব পালন করছেন। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের সময় বিদেশে পদায়ন পাওয়া ১৭ কর্মকর্তাও রয়েছেন, যাদের নিয়েও রয়েছে নানা অভিযোগ। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ছয় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এসব পদে নতুন কর্মকর্তা বাছাই বা পুরনো নিয়োগগুলো পর্যালোচনার কোনো দৃশ্যমান উদ্যোগ নেই।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, প্যারিসে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মিজানুর রহমান। জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের ইকোনমিক মিনিস্টার পদে রয়েছেন মো. জহিরুল কাইউম। দুজনের নিয়োগ নিয়েই প্রশাসনে নানা আলোচনা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন সচিব মো. কামরুজ্জামান চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, তিনি সবেমাত্র যোগদান করেছেন। বিষয়টি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করে জানবেন। এরপর প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেন, বিদেশে বাংলাদেশের মিশনে পদায়নের ক্ষেত্রে পেশাদারত্ব ও দক্ষতাই প্রধান বিবেচনা হওয়া উচিত। তার মতে, সরকার পরিবর্তন হলেই সব কর্মকর্তাকে সরিয়ে দেওয়া যেমন যুক্তিসঙ্গত নয়, তেমনি আগের সরকারের সময়ে নিয়োগ পেয়েছেনÑ শুধু এই কারণে কাউকে দীর্ঘদিন বহাল রাখাও সঠিক প্রশাসনিক পদ্ধতি নয়। তিনি আরও বলেন, প্রত্যেক কর্মকর্তার নিয়োগপ্রক্রিয়া, কর্মদক্ষতা, দায়িত্বের মেয়াদ ও পদায়নের প্রয়োজনীয়তা পর্যালোচনা করা দরকার। বিশেষ করে অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের বাজার, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কে বাস্তব জ্ঞান থাকা গুরুত্বপূর্ণ।

প্যারিস-জেনেভায় পুরনো নিয়োগ

প্যারিসের ইকোনমিক মিনিস্টার মো. মিজানুর রহমান এবং জেনেভার ইকোনমিক মিনিস্টার মো. জহিরুল কাইউম। এদের মধ্যে মিজানুর রহমান সাবেক আওয়ামী লীগ সরকারের সময় ও জহিরুল কাইউম অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পান। বিসিএস ২১ ব্যাচের কাস্টমস ক্যাডারের কর্মকর্তা জহিরুল ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। পরে অন্তর্বর্তী সরকারের আমলে দুই উপদেষ্টার জোর তদবিরে তাকে সুইজারল্যান্ডের জেনেভায় ইকোনমিক মিনিস্টার পদে নিয়োগ দেওয়া হয়। তৎকালীন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরের নেতৃত্বাধীন বাছাই কমিটি তাকে মৌখিক পরীক্ষা নেয়।

বিশেষজ্ঞদের মতে, বিদেশে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কূটনীতির ক্ষেত্রে এসব পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এসব পদে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া থাকা জরুরি।

অন্তর্বর্তী সরকারের সময়ে ১৭ পদায়ন

অন্তর্বর্তী সরকারের সময় ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দেশে নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়েও রয়েছে বিতর্ক। বঞ্চিত কয়েকজন কর্মকর্তার অভিযোগ, ওই কর্মকর্তাদের একটি বড় অংশ আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্নভাবে সুবিধা পেয়েছিলেন। তাদের দাবি, তৎকালীন জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানের আগ্রহেই এসব পদায়ন করা হয়।

অভিযোগ রয়েছে, বিদেশে কর্মকর্তা পদায়নের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা নেওয়ার আগেই প্রার্থীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদন যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এসব তথ্য পরবর্তী বাছাই-প্রক্রিয়ায় যথাযথভাবে বিবেচনা করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও বিদেশে বাংলাদেশি মিশনে কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছিল। তৎকালীন বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি এবং বর্তমানে মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারও বিদেশে পদায়নের বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। তার বক্তব্য ছিল, বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে আওয়ামী লীগ সরকারের সময়ে সুবিধা পাওয়া কর্মকর্তারা রয়েছেন এবং তাদের প্রত্যাহার করা প্রয়োজন। এরপরও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে একাধিক কর্মকর্তাকে বিদেশে পাঠানোর প্রজ্ঞাপন জারি করা হয়। 

অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশে পদায়ন করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেনÑ জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সিদ্দিকুর রহমানÑ কুয়ালালামপুরে মিনিস্টার (শ্রম) হিসেবে; পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান জুবাইদা মান্নানÑ মাস্কাটে মিনিস্টার (শ্রম) হিসেবে; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদুর রহমানÑ রিয়াদে মিনিস্টার (শ্রম) হিসেবে; পরিকল্পনা কমিশনের উপ-প্রধান এস এম সাইফুর রহমানÑ কুয়েতে কাউন্সিলর (শ্রম) হিসেবে এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মেহরুবা ইসলামÑ মিলানে প্রথম সচিব (শ্রম) হিসেবে। 

এ ছাড়া পদায়ন ঘটে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতারÑ জেনেভায় প্রথম সচিব (শ্রম) হিসেবে; নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল হাসানেরÑ জেদ্দায় প্রথম সচিব (শ্রম) হিসেবে; জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আরিফ ফয়সাল খানেরÑ আবুধাবিতে প্রথম সচিব (শ্রম) হিসেবে; পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী প্রধান ফারাহ তানজিলা মতিনÑ সিঙ্গাপুরে প্রথম সচিব (শ্রম) হিসেবে। এ ছাড়া রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক নুর আহমেদ মাছুমকে ক্যানবেরায়, সাতক্ষীরা সদরের ইউএনও শোয়াইব আহমেদকে দোহায় এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সহকারী সচিব মার্জিয়া সুলতানাকে এথেন্সে প্রথম সচিব (শ্রম) করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের উপ-পরিচালক জহির ইমামকে ব্যাংককে, জ্বালানি উপদেষ্টার সহকারী একান্ত সচিব মাহিদ-আল হাসানকে মাদ্রিদে, ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেনকে কায়রোতে, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইসমাঈলকে মস্কোতে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপ-পরিচালক এএইচ ইরফান উদ্দিন আহমেদকে বুখারেস্টে প্রথম সচিব (শ্রম) হিসেবে পদায়ন করা হয়।

প্রয়োজন অভিন্ন মূল্যায়ন

বিদেশে কর্মকর্তা পদায়নের ক্ষেত্রে একই ধরনের অভিযোগ বারবার ওঠায় এ ক্ষেত্রে একটি অভিন্ন মূল্যায়ন পদ্ধতি চালুর প্রয়োজন রয়েছে বলে মনে করেন প্রশাসন বিশেষজ্ঞরা।

সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ আনোয়ার ফারুক বলেন, ‘সরকার পরিবর্তনের পর প্রশাসনে পরিবর্তন প্রয়োজন হতে পারে। তবে সেই পরিবর্তন নীতিনির্ভর হওয়া উচিত।’ তার মতে, কোনো কর্মকর্তা আগের সরকারের সময়ে পদ পেয়েছেন বলেই তাকে সুবিধাভোগী বলা যায় না। আবার রাজনৈতিক প্রভাব বা নিয়মবহির্ভূত সুবিধা পাওয়ার সুনির্দিষ্ট প্রমাণ থাকলে সেটিও উপেক্ষা করা উচিত নয়।

তিনি আরও বলেন, বিদেশে কর্মকর্তা পদায়নের ক্ষেত্রে একটি নিরপেক্ষ স্কোরিং ব্যবস্থা চালু করা যেতে পারে। এতে জ্যেষ্ঠতা, দক্ষতা, পূর্ববর্তী কর্মদক্ষতা, বিদেশি ভাষাজ্ঞান, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট মিশনের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেওয়া যেতে পারে।

বিএনপি সরকারের ছয় মাসেও সিদ্ধান্ত নেই

প্রশাসন সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার মতে, বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে কর্মকর্তা পদায়নের সুযোগ সীমিত। ফলে দীর্ঘদিন একই কর্মকর্তাকে বহাল রাখলে অন্য যোগ্য কর্মকর্তাদের সুযোগ কমে যায়। বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক কূটনীতির ক্ষেত্রে একই পদে দীর্ঘ মেয়াদে থাকা কর্মকর্তাদের বিষয়ে রোটেশন নীতির প্রয়োজন রয়েছে। তবে পুরনো কর্মকর্তাদের সরিয়ে নতুনদের বসানোই সমস্যার সমাধান নয়। সংশ্লিষ্ট দেশের ভাষা, বাজার, আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ, বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা এবং কূটনৈতিক যোগাযোগ সম্পর্কে একজন কর্মকর্তার বাস্তব অভিজ্ঞতা থাকলে তা বাংলাদেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারে। সে হিসেবে প্যারিস ও জেনেভার মতো গুরুত্বপূর্ণ মিশনে মো. মিজানুর রহমান ও মো. জহিরুল কাইউমের বহাল থাকা কোনো অনিয়মের প্রমাণ নয়। একইভাবে অন্তর্বর্তী সরকারের সময়ে বিদেশে পদায়ন পাওয়া ১৭ কর্মকর্তাকেও শুধু রাজনৈতিক অভিযোগের ভিত্তিতে ‘সুবিধাভোগী’ হিসেবে চূড়ান্তভাবে চিহ্নিত করা যায় না। কিন্তু এসব নিয়োগের পেছনে নির্দিষ্ট নীতিমালা, তুলনামূলক মূল্যায়ন, যোগ্যতার স্কোরিং এবং স্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণের প্রমাণ না থাকলে প্রশ্ন থেকেই যায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা