গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে যেমন ভয় পায়, ঠিক তেমনই অবস্থা হয়েছে জাতীয় সংসদ সচিবালয়ের। সংসদ লেকে আজ রবিবার মাছের পোনা অবমুক্ত করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রিসেন্ট লেকের মতো সংসদ লেকে অবমুক্ত করা পোনাগুলো যাতে মৃত না হয় তা নিয়ে বাড়তি সতর্কতা গ্রহণ করেছে সংসদ সচিবালয়। চিফ হুইপ নূরুল ইসলাম মনি এ নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। কোনো প্রকার বিচ্যুতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন।
গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের ক্রিসেন্ট লেকে মাছের পোনা অবমুক্ত করেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে অবমুক্ত করা মাছের পোনার বেশ কিছু ছিল মরাÑ এরকম একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে প্রধানমন্ত্রীকে মরা মাছের দিকে ইঙ্গিত করে কিছু একটা বলতে শোনা যায়। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মাছগুলো কেন মারা গেল, তা নিয়ে নানা প্রশ্ন ওঠে।
আর এ কারণেই জাতীয় সংসদের লেকে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আগে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। গত দুদিন এ নিয়ে একের পর এক বৈঠক করেছেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কর্মসূচিটি সফল করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।
আজ বেলা ৩টার দিকে সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় সংসদের হুইপরা কর্মসূচিতে অংশ নেবেন। এই প্রেক্ষাপটে গত দুদিন ধরে মাছের পোনা সংগ্রহ এবং তা অবমুক্তকরণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন চিফ হুইপ। সবাইকে তিনি একই বার্তা দিয়েছেনÑ যেন ক্রিসেন্ট লেকের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তিনি সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাকে অবমুক্ত করার আগে মাছের অক্সিজেন লেভেল যেন ঠিক থাকে তা নিশ্চিত করতে বলেছেন। একই সঙ্গে সংসদ লেকের পানির গুণগত মান পরীক্ষা এবং মাছের বেড়ে ওঠার জন্য কতটুকু উপযোগী তা-ও যাচাই করে রিপোর্ট দিতে বলেছেন।
এদিকে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক জানিয়েছেন, সংসদ লেকে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিটি সতর্কতার সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে। তিনি নিশ্চিত করেছেন, এ কর্মসূচিতে কোনো প্রকার সমস্যা হবে না। ক্রিসেন্ট লেকে মাছের পোনা অবমুক্তকরণের দায়িত্ব তাদের ওপর ছিল না। তারা দায়িত্ব পেলে কোনো পোনা মারা যেত না। তাদের আয়োজনে সম্প্রতি কটিয়াদিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী পোনা অবমুক্ত করেছেন। সেখানে কোনো সমস্যা হয়নি।
জানা গেছে, বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের দায়িত্বে ক্রিসেন্ট লেকে পোনা অবমুক্ত করা হয়। মরা পোনা প্রসঙ্গে কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব আবদুর রহিম বলেন, আমরা রাত ৩টায় নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে পোনা সংগ্রহ করেছিলাম। সেখান থেকে সকাল সাড়ে ৬টার দিকে পোনা মাছের গাড়ি পৌঁছে জিয়া উদ্যান এলাকায়। প্রধানমন্ত্রী পোনা অবমুক্ত করার প্রায় পৌনে ১ ঘণ্টা আগে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা মাছের অক্সিজেন খুলে ফেলেন। তাদের বোঝানোর চেষ্টা করেছি; কিন্তু তারা প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন। এর ফলে কিছু মাছ মারা গেছে।
সংসদ লেকে একই ঘটনা যাতে আবার না ঘটে, সেজন্য চিফ হুইপ নূরুল ইসলাম মনি সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গেও তিনি কথা বলবেন বলে জানিয়েছেন। নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকারে নিয়ে মাছের অক্সিজেন লেভেল ঠিক রাখা এবং সবল পোনা অবমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।