তোফাজ্জল হোসেন কামাল
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৭ এএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪১ পিএম
বাংলাদেশ পুলিশের লোগো। লোগো: সংগৃহীত
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে আরও ৩৩৪টি সহকারী পুলিশ সুপার (এএসপি) পদ সৃষ্টি হচ্ছে। জনশৃঙ্খলা, মামলা তদন্ত ও জনবল ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পাদনে মাঠপর্যায়ে কর্মকর্তার সংখ্যা বৃদ্ধির অংশ হিসেবেই এসব পদ সৃষ্টি করা হচ্ছে। নতুন পদগুলো সৃষ্টির পর বাহিনীতে এএসপির সংখ্যা দাঁড়াবে ১৫৭৭। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে এ খবর জানা গেছে।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসের শুরুতে ৫০০টি এএসপির পদ সৃষ্টির প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় পুলিশ সদর দপ্তর। এ প্রস্তাব নিয়ে একাধিকবার বৈঠকের পর তা ফেরত পাঠানো হয়। পরবর্তীতে সরকারের নির্দেশনা মোতাবেক গত ২৫ আগস্ট পুলিশ সদর দপ্তর ৩৩৪টি এএসপির পদ সৃষ্টির প্রস্তাব পাঠায়। বর্তমানে প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যালোচনায় রয়েছে।
জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী মহাপুলিশ পরিদর্শক (এআইজি-মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পুলিশ বাহিনীতে নিয়মিত পদ শূন্য হয় অবসর ও পদোন্নতিজনিত কারণে। পদ শূন্য হলে তা পূরণের জন্যই মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানানো হয়। তিনি উল্লেখ করেন, পদগুলো প্রথম শ্রেণির হলে, তা পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ করা হয়। সেজন্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানানো হয়েছে।
সূত্রমতে, ৩৩৪টি এএসপি (গ্রেড-৯) পদ সৃজনের প্রস্তাব দিয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছেÑ পুলিশে বর্তমানে ৮টি রেঞ্জের অধীনে ৬৪টি জেলা পুলিশ, ৮টি মেট্রোপলিটন পুলিশ, সিআইডি, পিবিআইসহ বিভিন্ন বিশেষায়িত ইউনিট মামলা তদন্তসহ দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে থাকে। বাংলাদেশের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য অভ্যন্তরীণ অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং ফৌজদারি মামলা তদন্তের মূল দায়িত্ব পুলিশের ওপর ন্যস্ত। বিভিন্ন ইউনিটের অনুকূলে প্রস্তাবিত ৩৩৪টি এএসপির পদ সৃজন হলে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা সহজ হবে।
চিঠিতে বলা হয়, বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা ও পুলিশের অনুপাত এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছয়নি। জাতিসংঘ মানদণ্ড অনুযায়ী শান্তিকালীন সময়ে জনসংখ্যা ও পুলিশের আদর্শ অনুপাত ৪০০:১। উন্নত দেশে প্রতি ৪০০ জনের চেয়েও কম জনসংখ্যার বিপরীতে একজন পুলিশ সদস্য রয়েছেন। মালয়েশিয়া ও থাইল্যান্ডে জনসংখ্যা ও পুলিশের অনুপাত যথাক্রমে ৩১৩:১ এবং ২৯৭:১। ভারতে ৬৬৭:১ এবং পাকিস্তানে ৫৫২:১। অন্যদিকে বাংলাদেশে জনসংখ্যা ও পুলিশের অনুপাত ৮৬৯:১। পক্ষান্তরে ক্যাডার ও নন-ক্যাডার সদস্যের অনুপাত ১:৬৫। নাগরিক:পুলিশ অনুপাতের এ ভারসাম্য ঘাটতির পাশাপাশি তদারককারী ক্যাডার সদস্যের বিপরীতে জুনিয়র সদস্যদের এই বিপুল সংখ্যা অপারেশনাল কার্যক্রম ও যথাযথ মনিটরিংয়ের জন্য বিঘ্ন-সংকুল। একটি জনবান্ধব ও গণসংবেদনশীল পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য কর্মঘণ্টা, বিশ্রাম, ছুটি এবং নিয়মিত সুপারভিশনের সমন্বয়ে ফোর্স ও কার্যব্যবস্থাপনা অপরিহার্য। এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশের জনবল কাঠামোতে প্রস্তাবিত ৩৩৪টি এএসপি পদ বৃদ্ধি করা অতীব জরুরি।
পুলিশের বিভিন্ন ইউনিটের কাঠামোগত প্রস্তাবিত এএসপি পদ সৃষ্টি হলে দেশের ১৩টি ইউনিটে তাদের পদায়ন করা হবে বলে চিঠিতে জানানো হয়। এতে উল্লেখ করা হয়, ৬৪ জেলা পুলিশের প্রতিটিতে তিনজন করে (এএসপি প্রশাসন ও অর্থ, ডিবি ও প্রসিকিউশন) ১৯২ জন, ১২ জেলা বাদে ৫২ জেলায় এএসপি (ডিএসবি) পদে একজন করে ৫২ জন, মাগুরা জেলার শালিখা, নড়াইল জেলার কালিয়া সার্কেল, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা সার্কেল এবং ঝালকাঠি জেলার রাজাপুর সার্কেলে একজন করে চারজন, পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) টাঙ্গাইলের জন্য একজন, পিবিআইর ৬৪ জেলায় ৬৪ জন, এমআরটি পুলিশে একজন, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ৩ জন, হাইওয়ে পুলিশে ৭ জন, রেলওয়ে পুলিশে ৫ জন, নৌপুলিশে ২ জন, ট্যুরিস্ট পুলিশে ২ জন, শিল্পাঞ্চল পুলিশে ২ জন ও পিএসটিএস রাঙামাটির বেতবুনিয়ায় একজন পদায়ন করা যাবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের তথ্য অনুযায়ী, ২০০৯-২০২৩ সাল পর্যন্ত ১৫ বছরে বাংলাদেশ পুলিশে মোট ৮৩ হাজার ৭০টি নতুন পদ সৃজন করা হয়। এর মধ্যে শুধু কনস্টেবল, এসআই ও পুলিশ সার্জেন্ট পদে নিয়োগ দেওয়া হয় ১ লাখ ১৯ হাজার ৯১৯ জনকে, যা মোট পুলিশ সদস্যের প্রায় অর্ধেক।
বিশ্লেষকরা বলছেন, পুলিশের এ নিয়োগের বড় অংশই ছিল রাজনৈতিক উদ্দেশ্যে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে তাদের ব্যবহার করা হয়েছে মূলত ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে।