× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্নীতি-দমনপীড়নে জনগণের অধিকার আজ বিপন্ন: ডা. শফিকুর

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৫ পিএম

চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে শনিবার রাত নয়টার দিকে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রামমুখী লং মার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে শনিবার রাত নয়টার দিকে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রামমুখী লং মার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বর্তমান সরকারের আমলে দেশ ও জনগণ সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে এবং সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও দমনপীড়নের কারণে মানুষের মৌলিক অধিকার আজ বিপন্ন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে শনিবার রাত নয়টার দিকে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রামমুখী লং মার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম।

ডা. শফিকুর রহমান বলেন, “আগের ফ্যাসিস্ট সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকারও ঠিক একই রাস্তায় হাঁটছে।”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর আরও বলেন, “জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে এক অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে। যার বিরুদ্ধে আজ দেশের সচেতন জনসাধারণ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে এসেছে। বিগত দিনের আন্দোলনগুলো কখনোই নিছক ক্ষমতার পালাবদলের জন্য ছিল না। বরং এটি ছিল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের মুক্তি ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। বর্তমান সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষাকে পদদলিত করে নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করতে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কিন্তু দেশের দামাল ছেলেরা আর কোনো স্বৈরাচারী শাসন মেনে নেবে না এবং জনগণের অধিকার আদায়ের এই সংগ্রামকে যেকোনো মূলে সফল করা হবে।”

জনগণের অধিকার আদায়ের ডাক

দেশবাসীকে সব ধরনের ভয়ভীতি ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের এই দুর্দিনে বসে থাকার কোনো সুযোগ নেই। অবিলম্বে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে শান্তি ও সুশাসন ফিরিয়ে আনতে হবে। অন্যথায় দেশের জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই তাদের ন্যায্য অধিকার আদায় করে ছাড়বে।

চট্টগ্রামের উদাহরণ টেনে ডা. শফিকুর রহমান বলেন, সেখানে মেয়াদোত্তীর্ণ মেয়র জোর করে দায়িত্বে টিকে আছেন এবং জনগণের রায়ের তোয়াক্কা না করে ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতা আঁকড়ে রাখা হচ্ছে, যা কোনোভাবেই সুশাসন হতে পারে না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেন, “লংমার্চ চট্টগ্রামে এসে সফলভাবে পৌঁছেছে। আমি বাংলাদেশের জনগণকে কৃতজ্ঞতা জানাই, যারা এই পুরো আয়োজনটি ধরে আমাদের সাথে ছিলেন। আমরা দেখেছি রাজপথে, মানুষ আকুতি-মিনতি করেছে। তাদের সমস্যাগুলো নিয়ে মানুষ অনেক কষ্টে আছে। সেই কষ্টের কথা শুনতে এবং বলতেই আমাদের এই লং মার্চ। আমরা ছয় দফা দাবি নিয়ে এই লংমার্চ শুরু করেছি।”

তিনি আরও বলেন, “আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি কমেন্ট করেছেন; তিনি বলেছেন যে, ‘স্বৈরাচারের রেখে যাওয়া সমস্যা নিয়ে আমরা অরাজকতা করছি।’ তো স্বৈরাচারের রেখে যাওয়া সমস্যার সমাধান যদি আপনি করতে না পারেন, তাহলে সেটা প্রথমে সবার আগে জনগণের কাছে স্বীকার করুন। স্বীকার করুন এই সমস্যার সমাধান আপনার একার পক্ষে সম্ভব নয়। স্বীকার করুন আপনার কাছে কোনো সঠিক পরিকল্পনা নাই দেশকে নেতৃত্ব দেওয়ার। এবং বিরোধীদলের সাথে আলোচনায় বসুন। বিরোধীদল সমর্থন না দিলে এই দেশ আপনার পক্ষে একা চালানো সম্ভব নয় এই বাস্তবতা মেনে নিন।”

‘বিকল্প খুঁজছে জনগণ’

নাহিদ ইসলাম বলেন, “আমরা স্বৈরাচারকে, পতিত স্বৈরাচারকে আসার কোনো পথ করে দিচ্ছি না, এই পথ আপনারাই করে দিচ্ছেন। কারণ জনগণকে আপনারা সমস্যার সমাধান দিতে পারছেন না, তার হক আপনারা আদায় করতে পারছেন না, ফলে জনগণ কিন্তু বিকল্প খুঁজছে এবং সেই বিকল্প কিন্তু আজকের লং মার্চে বাংলাদেশের জনগণ দেখেছে বিকল্প শক্তি কারা। আমরা যেমন পতিত স্বৈরাচারের বিরুদ্ধেও ঐক্যবদ্ধ আছি, পতিত স্বৈরাচার কোনোভাবেই দেশে ফিরে আসতে পারবে না, একইভাবে নতুন কোনো স্বৈরাচার হওয়ার রাস্তাও আমরা এই বাংলাদেশে হতে দেবো না।”

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, লং মার্চের উদ্দেশ্য দেশের সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের বিচার এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করা। তিনি বলেন, গত ২৪ সালের গণঅভ্যুত্থানে নয় দফা এক দফায় রূপান্তরিত হয়েছিল। আগামীতে তারেক রহমানের ৬ দফা দাবি জনগণের পক্ষ থেকে আদায় করা হবে।

চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, জুলাই সনদ সংশোধন নয়, সংস্কার করতে হবে। সংশোধন হলে আবার সরকার এসে সেটি বাতিল করতে পারে।

চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জ্বালানি সংকট বহাল রেখে কোনোদিন ক্ষমতা চর্চা করা যায় না। তিনি আন্তর্জাতিক তেল রাজনীতিতে সরকারের অবস্থান ও ইস্টার্ন রিফাইনারি বন্ধ হওয়া নিয়ে প্রশ্ন তোলেন।

সমাবেশে ১১ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আবু জাফর কাশেমী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাড. আনোয়ারুল ইসলাম চান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এবং বাংলাদেশ খেলাফত পার্টির মুখপত্র মাওলানা নাজমুল ইসলাম আমিন তালুকদার।

এছাড়া উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মুঞ্জু, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, এনসিপির উত্তর অঞ্চল সমন্বয়ক সারজিস আলম, ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, মিয়া গোলাম পরওয়ার, মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী ও আল্লামা মামুনুল হক।

এর আগে মিরসরাইয়ের পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, দেশে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করে মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি বিদ্যুৎ, গ্যাস, পানি ও আইনশৃঙ্খলা নিয়ে উপস্থিত জনতার মতামত জানতে চান। পরে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ঢাকা থেকে প্রায় এক হাজার ৫০০টি গাড়িবহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে লং মার্চ শুরু হয়। বিভিন্ন পয়েন্টে পথসভা ও গণসংযোগের মাধ্যমে কর্মসূচি এগিয়ে যায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করেন।

১১ দলীয় ঐক্যের দাবিগুলো হলো- গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বগতি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা