বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে শনিবার বিকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে
দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “জ্বালানি সংকটকে পুঁজি করে যারা দেশে অরাজকতা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেশের বহু শিল্প-কারখানার মালিকসহ সাধারণ মানুষ এই জ্বালানি সমস্যায় কষ্ট পাচ্ছেন, আমি এবং আমার দলের পক্ষ থেকে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।”
ভবিষ্যতে যাতে এ ধরনের সংকটে দেশকে পড়তে না হয়, সে জন্য সরকার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এজন্য কিছুটা সময় প্রয়োজন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার ঢাকার ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, গত কিছুদিন ধরে সরকার এমন কিছু সমস্যার সমাধানের চেষ্টা করছে, যেগুলো বর্তমান সরকার ‘ইনহেরিট’ করেছে। এসব সমস্যা স্বৈরাচার আমলের হোক কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া- সবই সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।
তিনি বলেন, “গত কিছুদিন ধরে আমরা খেয়াল করছি, যেসব সমস্যা আমরা ‘ইনহেরিট’ করেছি, স্বৈরাচার আমলেই হোক অথবা অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়ার সমস্যাই হোক না কেন, সে সব সমস্যা আমরা সমাধানের চেষ্টা করছি।
“সমস্যা নেই আমরা কখনোই বলছি না। সমস্যা আছে। অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আছে। কিন্তু এসব সমস্যা পুঁজি করে খেয়াল করছি যে, কিছু রাজনৈতিক দল কিছু ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন এবং বিভ্রান্তি তৈরির মাধ্যমে দেশে একটি অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন।”
প্রধানমন্ত্রী বলেন, “পরিষ্কারভাবে বলতে চাই, অবশ্যই বাংলাদেশের জনগণ এই সরকারকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার। অবশ্যই আমরা গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখব। গণতান্ত্রিক যে নীতি-নৈতিকতা আছে, চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে সেগুলোকে আপহোল্ড করার জন্য।
“কিন্তু কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, অবশ্যই দেশের আইনে বলে দেয়া আছে কীভাবে অরাজকতাকে নিয়ন্ত্রণ করতে হয়। কাজেই সরকার হিসেবে এবং শুধু সরকার হিসেবে নয়, জনগণের দ্বারা একটি নির্বাচিত সরকার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার।’”
তিনি বলেন, দেশের যেকোনো সংকটকালে মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অতীতের বিভিন্ন সংকট মোকাবিলা করা হয়েছে। বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা জ্বালানি সংকট উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক কারণেই এ সংকট তৈরি হয়েছে। তারপরও ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যাতে পড়তে না হয়, সে জন্য সরকার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে।
স্বৈরাচার আমলে একটি রাজনৈতিক দল গুপ্তবেশ ধারণ করেছিল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পরবর্তী সময়ে তাদের নিজেদের লোকজনই বেরিয়ে এসে বিষয়টি স্বীকার করেছেন। বর্তমানেও কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এ বিভ্রান্তির মাধ্যমে স্বৈরাচারের পক্ষে অরাজকতা উসকে দেওয়ার চেষ্টা হচ্ছে কি না, সে প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, “শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এ ঐতিহাসিক সত্য যে যত চেষ্টাই করুক, মুছে ফেলা যাবে না।”
তিনি বলেন, “আপনারা জানেন, অতীতে দেশ কীভাবে চলেছে? মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। অর্থনৈতিক ভিত্তি দুর্বল করে দেওয়া হয়েছিল। তাই অতীতের মতো বিগত নির্বাচনেও জনগণ বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ আসনে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে।”
তিনি বলেন, ক্ষমতায় আসার পর একটি ভঙ্গুর অর্থনীতি পাওয়া গেছে। যুদ্ধের কারণে জ্বালানি ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। তবে অচিরেই এই সংকটের সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।”
নির্বাচনের আগে একমাত্র দল হিসেবে বিএনপি জাতির সামনে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালু এবং ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় গুরুদের আর্থিক ভাতা দেওয়ার কার্যক্রম শুরু করেছে।
নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু হয়েছে বলেও জানান তিনি।
দলীয় নেতাকর্মীদের চারটি কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, প্রত্যেক নেতাকর্মীকে একটি করে গাছ লাগাতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে নিজ নিজ এলাকায় ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হবে।
ছোট একটি দেশে ২০ কোটি মানুষকে নিয়ে সবাইকে একসঙ্গে দেশ গড়ে তুলতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বিএনপির ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার থেকে পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচি শুরু হয়। শনিবারের আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি আলোচনার প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, “বিএনপি কিভাবে বাংলাদেশের স্বাধীনতার সাথে জড়িত বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছে… সো ইট ইজ ডান। এটাকে কোনভাবে যে যতই চেষ্টা করুক, আইন আদালত যা দিয়ে চেষ্টা করুক, কোনভাবেই এটাকে মুছে ফেলা যাবে না।”
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পরে আমরা দেখেছি মানুষ স্বাধীনতা লাভ করলেও গণতন্ত্রের স্বাদ মানুষ পায়নি, উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন,“মানুষ দেখেছে কিভাবে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল।”
জিয়াউর রহমান যখন দেশের দায়িত্ব পালনের সুযোগ পেয়ে বহুদলীয় গণতন্ত্র চালু করেন উল্লেখ করে তারেকে রহমান বলেন, “এটি কি কোনভাবেই আর কেউ পাল্টে দিতে পারবে, না।”
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র, মুক্তবাজার অর্থনীতি, বিদেশে শ্রমবাজার সৃষ্টি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংসদীয় গণতন্ত্র, টেকসই গণতন্ত্র, নারী শিক্ষার উন্নয়ন, বিকাশমান অর্থনীতি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল ব্যবস্থার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “প্রত্যেকটি সংকট দেশের স্বাধীনতা, দেশের গণতন্ত্র, দেশের অর্থনৈতিক মুক্তি এই সকল কিছু যা কিছুই আমরা বলি না কেন প্রত্যেকটি সংকটকালীন ক্ষেত্রে জিয়াউর রহমান, খালেদা জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশকে সামনের দিকে নিয়ে এসেছে, দেশকে বের করে নিয়ে এসেছে।”
বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “দেশের মানুষকে সাথে নিয়ে বিএনপি এগিয়ে নিয়েছিল শত অত্যাচার নির্যাতন উপেক্ষা করে। বিগত ১৭ বছর কোন না কোনভাবে নির্যাতিত হয়েছেন স্বৈরাচারের দ্বারা। বিএনপি রাজপথে ছিল, বিএনপি অন্যকোনো ভূমিকা গ্রহণ করেনি, বিএনপি লুকিয়ে কিছু করেনি, গুপ্তভাবে কিছু করেনি। মানুষের অধিকারের জন্য যা করেছে তা রাজপথে বুক চেটিয়ে করেছে, মানুষের দাবি আদায়ে বিএনপি সোচ্চার ছিল।”
তারেক রহমান বলেন, “জনগণকে সাথে নিয়ে বরাবরই আমরা বলেছি, ২৪ এর যে আন্দোলন এর সফলতার মাস্টারমাইন্ড এ দেশের জনগণ। বিএনপি জনগণকে সাথে নিয়ে সে আন্দোলন সফল করেছিল। পরবর্তীতে আমরা কি দেখেছি? যে একটি নিরপেক্ষ নির্বাচনে প্রত্যাশা ছিল বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের মানুষের সামনে। সেই নির্বাচন যখন হাজির হয়েছিল। যেহেতু দেশের জনগণ দেখেছে যে সে জনগণই সাক্ষী। আমাদের অনেক লিমিটেশনস ছিল, আমাদের লিমিটেশন বর্তমানেও আছে। আমরা চেয়েছি অনেক কিছু। ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে হয়তো আমরা সেটি সফল হতে পারিনি ক্ষেত্রবিশেষে। তারপরেও সকল কিছুর বিচার বিশ্লেষণে বাংলাদেশের জনগণ দেখেছে দেশের জনগণের স্বার্থ যদি রক্ষা করে একটি রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলটির নাম বিএনপি।”
তিনি আরও বলেন, “দেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটিকে যদি কেউ নিশ্চিত করে থাকে কোন রাজনৈতিক দল…. যুগ যুগ ধরে মানুষ দেখেছে সেই রাজনৈতিক দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী। এবং সে কারণে সে কারণেই আপনারা খেয়াল করে দেখবেন যে কয়টি নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে, একইভাবে আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ হিসাবে বিবেচিত হয়েছে সেই প্রত্যেকটি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হয়েছে।”
তিনি বলেন, “আমরা বরাবরই চেষ্টা করেছি আমাদের প্রথম থেকে দলের সৃষ্টির প্রথম থেকে আমাদের চেষ্টা হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে দেশকে একটি গণতান্ত্রিকভাবে পরিচালিত করা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে সমুন্নত রাখা। আমি সেটি এখনো বর্তমানে দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি। কারণ এই গণতন্ত্রের জন্যই আমাদের শত হাজারো নেতাকর্মী জীবন উৎসর্গ করেছে। কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ আমরা একই সাথে বলি আমরা একটি মানবিক রাষ্ট্র তৈরি করতে চাই। আমরা একটি এমন গণতন্ত্র আমরা দেশে রাখতে চাই যেখানে প্রত্যেকটি প্রত্যেকটি মানুষ বলার জন্য কোনরকম বাধা দেওয়া হবে না।”
আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহ, জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ প্রমুখ বক্তব্য দেন। আলোচনা সভা সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।