× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারের ১৮০ দিন: পর্যালোচনায় উঠে এল প্রত্যাশা-প্রাপ্তির হিসাব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:১২ পিএম

পর্যালোচনা সভায় অংশ নেন রাজনীতিক, কূটনীতিক, শিক্ষাবিদ, নিরাপত্তা বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পর্যালোচনা সভায় অংশ নেন রাজনীতিক, কূটনীতিক, শিক্ষাবিদ, নিরাপত্তা বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ড পর্যালোচনা করে সুশাসন, জবাবদিহি, অর্থনীতি, ব্যাংকিং খাত ও উন্নয়ন নিয়ে নানা মত দিয়েছেন রাজনীতিক, কূটনীতিক, শিক্ষাবিদ, নিরাপত্তা বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

তাদের মতে, মাত্র ছয় মাসে সরকারের পূর্ণাঙ্গ মূল্যায়ন সম্ভব নয়। তবে সরকারের গতিমুখ, সংস্কারের উদ্যোগ এবং বাস্তবায়নের সক্ষমতা গুরুত্বপূর্ণ।

ঢাকার ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) মিলনায়তনে শনিবার ‘বাংলাদেশের নতুন গণতান্ত্রিক সরকারের ১৮০ দিন পর্যালোচনা: সুশাসন, জবাবদিহি ও উন্নয়নের প্রেক্ষাপট’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব মত উঠে আসে। 

সিটিজেনস’ ফোরাম, বাংলাদেশ (সিএফবি) ও বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড ইনিশিয়েটিভস (বিসিএআই) যৌথভাবে এ আয়োজন করে।

আলোচনায় বলা হয়, গত ১৮০ দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কৃষক, নারী, শিক্ষার্থী ও নিম্নআয়ের মানুষের জন্য বিভিন্ন কার্ড, ঋণ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করেছে। প্রায় ২৪ লাখ টন খাদ্যশস্য মজুত, ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে স্বাধীন পররাষ্ট্রনীতি এবং ব্যবসা শুরুর প্রক্রিয়া প্রায় এক বছর থেকে ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্যও তুলে ধরা হয়।

এ ছাড়া ১৩তম সংসদের ৫২ কার্যদিবসে ১০৫টি বিল পাস এবং প্রধানমন্ত্রীর মাসিক মূল বেতনের ১০ শতাংশ (১১,৫০০ টাকা) রাষ্ট্রীয় কোষাগারে জমার বিষয়টিও মিতব্যয়িতার উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়।

আলোচনায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও সিএফবির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মামুন আহমেদ।

তিনি বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। একই সঙ্গে দীর্ঘদিনের পদ্ধতিগত সমস্যার দায়ও মানুষ বর্তমান সরকারের ওপর দিচ্ছে।”

বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনাগত ঘাটতি জনগণকে স্পষ্টভাবে জানাতে একটি ‘শ্যাডো’ পরিকল্পনা প্রকাশের পরামর্শ দিয়ে তিনি বলেন, “সরকার আন্তরিকভাবে কাজ শুরু করেছে; এখন প্রয়োজন ফলাফল দেওয়ার জন্য সময় এবং সুশৃঙ্খল, পদ্ধতিগত বাস্তবায়ন।”

সংসদকে নীতিনির্ধারণের মূল কেন্দ্রে পরিণত করার ওপরও জোর দেন তিনি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, “নতুন সরকারের মাত্র ছয় মাসের মধ্যে রাজনৈতিক সংস্কৃতিতে একটি গুণগত পরিবর্তন দেখা যাচ্ছে।”

তিনি আরও বলেন, “মাত্র ১৮০ দিনে পূর্ণাঙ্গ মূল্যায়ন খুব তাড়াতাড়ি হবে। তবে গতিমুখ সঠিক কি না এবং সেই গতিমুখে গতি সঞ্চারিত হচ্ছে কি না এই দুটি বিষয় গুরুত্বপূর্ণ।”

অচল অর্থনীতি ও লুটপাটের উত্তরাধিকার সামলানোর কথা উল্লেখ করে তিনি বিরোধী দলকে জাতীয় উন্নয়ন-পরিকল্পনায় গঠনমূলকভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি বলেন, “১২ ফেব্রুয়ারি বাংলাদেশ একটি ‘কিছু না করার বছর’ থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে।”

আইআরআইয়ের গবেষণার বরাত দিয়ে তিনি বলেন, নাগরিকরা সরকারকে আরও কিছুটা সময় দিতে প্রস্তুত। তিনি বলেন, “সরকার ও বিরোধী দলকে ক্যামেরার বাইরে বসে সমস্যা নিয়ে আলোচনা ও সমঝোতার চেষ্টা করতে দেখা গেলে জনগণের আস্থা বাড়তে পারে।”

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বলেন, “মাত্র ১৮০ দিনে একটি সংসদীয় গণতন্ত্রের পূর্ণ মূল্যায়ন করা যায় না।”

তিনি বলেন, “সবকিছু লিখিত আইন দিয়ে পরিচালিত হয় না; অনেক কিছুই কনভেনশন ও রাজনৈতিক শিষ্টাচারের ওপর নির্ভর করে।”

দেশকে প্রকল্পনির্ভর না রেখে ‘এনেবলিং স্টেট’-এ রূপান্তর, ব্যাংকিং খাতের সংস্কার, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং জ্বালানি নিরাপত্তায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্ব দেন তিনি।

নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরীন পারভীন হক সরকারের নেওয়া পদক্ষেপগুলো জনগণকে জানানোর তাগিদ দেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গে তিনি বলেন, “বাজারে গিয়ে অনেক সময় মানুষ খালি ব্যাগ নিয়ে ফিরছে।”

আইনশৃঙ্খলা ও সরকারি দলের তৃণমূলের চাঁদাবাজি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, “দুর্নীতি এখন প্রায় সংস্কৃতিতে পরিণত হয়েছে।”

২০২৪ সালের গণঅভ্যুত্থানে নির্যাতন ও হত্যায় জড়িতদের বিচার এবং বৈষম্যবিরোধী আইনের দ্রুত বাস্তবায়নের দাবিও জানান তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আমলাতন্ত্রকে রাষ্ট্রের মেরুদণ্ড আখ্যা দিয়ে বলেন, “ক্ষমতা ও অর্থের আকর্ষণে মেধাবীদের পুলিশ-প্রশাসনমুখী প্রবণতা একটি সামাজিক ব্যাধি।”

তিনি নাগরিক ও নৈতিক শিক্ষা জোরদারের আহ্বান জানিয়ে বলেন, “সরকারের সাফল্য কোনো এক ব্যক্তির ওপর নির্ভর করে না; এটি দলগত কাজ।”

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনা এবং বিপর্যস্ত অর্থনীতি ও ব্যাংকিং খাত পুনর্গঠনকে সরকারের প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “মানবসম্পদের রূপান্তর ঘটলে ভবিষ্যতে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সম্ভব।”

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আমানুল্লাহ শিক্ষা খাতে স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠাকে বড় অর্জন উল্লেখ করে তরুণদের দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম সংসদে সুস্থ আলোচনা ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রয়োজনীয়তার কথা বলেন।

রাষ্ট্রদূত মাহবুব উজ জামান বলেন, “অর্থনৈতিক অগ্রগতি ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থবহ নয়”। তিনি দুর্নীতিতে শূন্য সহনশীলতা, ব্যাংকিং সংস্কার ও অর্থ পাচার বন্ধে গুরুত্ব দেন।

এফবিসিসিআইয়ের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাসেম হায়দার ভূ-রাজনীতিতে সরকারের ১৮০ ডিগ্রি পরিবর্তনকে প্রথম ১৮০ দিনের বড় অর্জন হিসেবে উল্লেখ করে পাবলিক সার্ভিস কমিশন ও আমলাতন্ত্র সংস্কারের আহ্বান জানান।

আইসিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবু আহমেদ থার্ড টার্মিনাল ও চট্টগ্রাম বন্দরের মতো ক্ষেত্রে বড় ও স্পষ্ট সিদ্ধান্ত নিয়ে অর্থনীতিকে আরও উন্মুক্ত করার তাগিদ দেন।

সাবেক সচিব আবদুর রশীদ সরকার বলেন, পূর্ণাঙ্গ মূল্যায়নে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি প্রয়োজন।

আলোচনা সঞ্চালনা করেন প্রথিতযশা চিকিৎসক প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সায়ন্থ।

তিনি ১৩ লাখ কৃষকের কৃষিঋণের সুদ মওকুফ, স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ, দুই লাখ শিশুকে বিনামূল্যে স্কুল পোশাক এবং ২২ লাখ শিশুকে ফুটবল কর্মসূচির আওতায় আনার মতো উদ্যোগ তুলে ধরে বিদ্যুৎ, গ্যাস ও পানির মতো জরুরি সেবায় জনভোগান্তি নিরসনে সরকারের বাড়তি মনোযোগ প্রত্যাশা করেন।

আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বিলিয়ার চেয়ারম্যান ড. বোরহান উদ্দিন খানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সুশাসন ও সংস্কার নিয়ে অবহিত জনআলোচনা এগিয়ে নেওয়ার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ গোলটেবিল আলোচনা আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা