প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২০ পিএম
ছবি: এআই দিয়ে তৈরি
সর্বজনীন পেনশন স্কিমে ফের গতি আনতে নতুন লক্ষ্যে এগোচ্ছে সরকার। ২০৩০ সালের মধ্যে দেশের ৪ কোটি পরিবারের অন্তত একজন সদস্যকে এ স্কিমের আওতায় আনার পরিকল্পনা করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। ইতোমধ্যে লেনদেন ও হিসাব ব্যবস্থাপনার জন্য ৪৫টি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে কর্তৃপক্ষ।
বিজিএমইএ ভবনে শনিবার দুপুরে পোশাক কারখানার শ্রমিক-কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য জানান জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. সুরাতুজ্জামান।
তিনি জানান, ১৮ থেকে ৬০ বছর বয়সী নাগরিকরা চারটি স্কিমের আওতায় বিভিন্ন মেয়াদে নির্ধারিত অর্থ জমা রাখতে পারবেন। ৬০ বছর বয়স থেকে আমৃত্যু মিলবে পেনশন। বর্তমানে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ৮ শতাংশ। পেনশনভোগীর বয়স ৭৫ বছর পূর্ণ হওয়ার আগে মৃত্যু হলে নমিনি ওই সময় পর্যন্ত অর্থ পাবেন। প্রয়োজনে পেনশনের ৩০ শতাংশ এককালীন উত্তোলনের সুযোগও রয়েছে।
এ পর্যন্ত প্রায় ৩ লাখ ৮০ হাজার মানুষ বিভিন্ন স্কিমে যুক্ত হয়েছেন। জমা পড়েছে প্রায় ৩০০ কোটি টাকা। প্রকল্প উন্নয়নে এডিবি থেকে ১০০ বিলিয়ন ডলার ঋণের সম্মতিও মিলেছে বলে জানান তিনি।
আলোচনায় বিজিএমইএ সভাপতি শ্রমিকদের কথা বিবেচনায় নিয়ে ৬০ বছরের পরিবর্তে ৫৫ বছর বয়স থেকেই পেনশন দেওয়ার সুপারিশ করেন। পাশাপাশি সরকারি প্রণোদনা দেওয়া হলে স্কিমের কার্যক্রম আরও গতি পাবে বলে মত দেন তিনি।