ইউএনবি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৫ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩৪ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। ছবি: ভিডিও থেকে
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে শনিবার সকালে তিনি এ কথা বলেন।
এর আগে, শুক্রবার প্রতিমন্ত্রীর অনুষ্ঠান কাভার করতে গিয়ে হেনস্তার শিকার হন সাংবাদিকরা। এরই পরিপ্রেক্ষিতে আজ সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসেন তিনি।
সাক্ষাত শেষে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনও চূড়ান্ত না হলেও এ বিষয়ে দ্বিপাক্ষিক কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই”।
তিনি আরও জানান, মক্কা চুক্তি নিয়ে আলাপ-আলোচনা চলছে। এই চুক্তিতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অস্বাভাবিক নয়। বর্তমান বিশ্বে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটে থাকছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া প্রয়োজন, বাংলাদেশ সেখানেই যাবে।