বিআরটিএ এর লোগো। সংগৃহীত
যোগাযোগ ও পরিবহন খাতের বিশিষ্ট গবেষক, বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক। তিনি ঢাকার কুড়িল ইন্টারচেঞ্জ, মেট্রোরেল ও হাতিরঝিলের মতো গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের পরামর্শক ছিলেন। নিরাপদ যোগাযোগব্যবস্থা গড়তে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তার মতে, দেশের গণপরিবহনে কাঠামোগত দুর্বলতা ও নৈরাজ্যের অন্যতম প্রধান কারণ অপেশাদারে ভরা বিআরটিএ। পরিবহন খাতের সংকট নিয়ে প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন প্রতিবেদক মাসুদুল হাসান
প্রতিদিনের বাংলাদেশ: দেশের পরিবহন খাতের মূল সংকট কোথায়?
অধ্যাপক এম শামসুল হক: যে প্রতিষ্ঠানগুলোর ওপর এই খাত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে বিআরটিএ গোড়া থেকেই একটি অপেশাদারি প্রতিষ্ঠান। এখানে যে জনবল কাঠামো রয়েছে, তাদের কারোরই কোনো কারিগরি অভিজ্ঞতা নেই। তারা শুধু সমস্যা তৈরি করতে পারেন, কিন্তু কীভাবে সমাধানযোগ্য নীতি প্রণয়ন করতে হবে, কীভাবে যান নিবন্ধন ও ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হবেÑ এসব বিষয়ে তাদের বিশেষায়িত জ্ঞান বা জবাবদিহিতা নেই। অন্যান্য দেশে পরিবহন ব্যবস্থাপনা দেখার জন্য কারিগরি জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়।
কেউ যদি বলেন চালকের দোষ, মালিক কাজ করেন না, পুলিশও কাজ করে নাÑ এগুলো উপসর্গ মাত্র। বিআরটিএতে রুট পারমিট দেওয়ার মতো অভিজ্ঞ কোনো লোক নেই। আরটিসি বা রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটিতে কারা আছেন? এখানে গণপরিবহন বোঝেন বা বাস রুট ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে অবগতÑ এমন কোনো টেকনিক্যাল লোক নেই। সংশ্লিষ্ট বিষয়ে অনভিজ্ঞ লোকজনই এতদিন ধরে রুট পারমিট দিয়ে আসছেন এবং বিশৃঙ্খলা তৈরি করেছেন। এটি একটি প্রাতিষ্ঠানিকভাবে দুর্বল প্রতিষ্ঠান; তারা নিজেরাও সক্ষম নয়, আবার অন্যের ভালো কাজ দেখেও শিখতে পারে না।
প্রবা : গুলশানের ‘ঢাকার চাকা’ ও হাতিরঝিলের চক্রাকার বাস সার্ভিস কীভাবে সফল হলো?
শামসুল হক: ২০১৩ ও ২০১৪ সালে গুলশানে ঢাকার চাকা ও হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিস চালু করা হয়। সেখানে একটি নির্দিষ্ট কোম্পানি বাসসেবা দিচ্ছে। এতে কোনো পাল্টাপাল্টি প্রতিযোগিতা বা বিশৃঙ্খলা নেই, যাত্রীরা নির্দিষ্ট স্টপেজে লাইনে দাঁড়িয়ে বাসে ওঠেন। বাসগুলোর চেহারা ভালো, চালক নির্দিষ্ট বেতনে কাজ করেন। আমরা তাদের একটি মডেল করে দিলাম, কিন্তু সেটি দেখে যে পুরো ঢাকা শহরে এমন ব্যবস্থা বাস্তবায়ন করবে, সেই যোগ্যতা বা সদিচ্ছা বিআরটিএর নেই।
প্রবা: পরিবহন খাতে বর্তমান নৈরাজ্যের কারণ কী বলে মনে করেন?
শামসুল হক: বর্তমানে বাস রুটে যে নৈরাজ্য দেখা যাচ্ছে এবং রুটগুলো র্যাশনালাইজেশন করে ফ্র্যাঞ্চাইজির আওতায় আনার কথা বলা হচ্ছে, সেখানে অভিজ্ঞ লোক থাকলে বিষয়গুলো অনেক আগেই আমলে নেওয়া হতো। এক রুটে তো ‘মাল্টিপল অপারেটর’ বা একাধিক কোম্পানিকে বাস চালানোর অনুমতি দেওয়া যায় না। যারা এই সমস্যাগুলো তৈরি করেছে, তারাই এখনও রুট পারমিট দেওয়ার দায়িত্বে বহাল আছে। তাই প্রয়োগ বা এনফোর্সমেন্ট যা-ই করা হোক না কেন, তা টেকসই হবে না।
তারা গোড়া থেকেই ভুল করে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে পরিবহন বিষয়ে অভিজ্ঞ লোক নিয়োগ দিতে হবে। পরিবহন ব্যবস্থাপনা একটি বিজ্ঞান। অযোগ্য লোক দিয়ে রাখলে নৈরাজ্য তো বাড়বে। ঢাকা শহরে একটি সিএনজি অটোরিকশা মিটারে যায় না কেন? কারণ বিআরটিএ জানেই না যে, সিএনজির লাইসেন্স আলাদা আলাদা ব্যক্তিকে দিতে হয় না। ঢাকা শহরে যদি ৫ হাজার সিএনজি চলে, তবে তা সর্বোচ্চ দুটি বা তিনটি কোম্পানিকে দিতে হবে। তখন মালিককে নিয়ন্ত্রণ করা সহজ হবে; মিটারে না গেলে ওই কোম্পানির সব সিএনজির রুট পারমিট একসঙ্গে বাতিল করা যাবে। কিন্তু প্রতিটি সিএনজির আলাদা মালিক থাকলে চালককে নিয়ন্ত্রণ করা অসম্ভব। এর মধ্যে আবার ব্যক্তিগত সিএনজির অনুমোদনও দেওয়া হয়েছে। এই অনভিজ্ঞ লোকদের হাতে পড়েই আমাদের পরিবহন খাতের এই করুণ দশা। বাস, সিএনজি, লেগুনা থেকে শুরু করে ব্যাটারিচালিত রিকশার যত বিশৃঙ্খলা, তার মূল কারণ বিআরটিএর অপেশাদারত্ব।
প্রবা: এসবের সমাধান কী বলে মনে করেন?
শামসুল হক: এই নৈরাজ্যের সমাধান করতে হলে কাঠামোগত সংস্কার করতে হবে, যাতে অনভিজ্ঞদের বদলে পরিবহন বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা দায়িত্ব পান। এটি না করা হলে পরিবহন খাত থেকে বিশৃঙ্খলা দূর হবে না। বর্তমানে বিআরটিএ ‘ব্যানার বাণিজ্য’ করছে; যে-ই আসছে, অনৈতিক উপায়ে তাকেই যানবাহনের নিবন্ধন দিয়ে দিচ্ছে। এটি পুরোপুরি একটি বাণিজ্যিক প্রক্রিয়ায় পরিণত হয়েছে।
প্রবা: সরকারকে তো মতামত দিয়েছিলেন? কেন অবস্থার পরিবর্তন হচ্ছে না?
শামসুল হক: ২০০৫ সালে যখন স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান (এসটিপি) হয়, তখন থেকেই ‘মেগাফোন’ দিয়ে চিৎকার করে পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু আমলারা যেভাবে জেঁকে বসে আছেন, তাতে বিগত সরকারগুলো, এমনকি গত অন্তর্বর্তীকালীন সরকারও তাদের সঙ্গে পেরে ওঠেনি। আমার ধারণা ছিল, বিগত সরকার যেহেতু বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল, তারা হয়তো আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে আসবে। কিন্তু তারা মেগা প্রজেক্টের মাধ্যমে যানজট কমানোর ওপর জোর দেয়, কাঠামোগত কোনো সংস্কারে হাত দেয়নি। বর্তমান সরকারের কাছেও আমার অনেক প্রত্যাশা ছিল, কিন্তু তারাও একই পথে হেঁটে মেগা প্রজেক্টের দিকে পা বাড়িয়েছে। তার মানে সমস্যাগুলো আগের মতোই রয়ে গেল।
আমরা যেসব সমাধানের কথা বলি, সেগুলো বাস্তবায়নে বিলিয়ন ডলারের প্রয়োজন নেই, এগুলো মূলত নীতিগত বা ‘নো কস্ট’ পলিসি। সারা বিশ্বে বিআরটিএর মতো প্রতিষ্ঠানগুলোর অর্গানোগ্রামে ট্রাফিক প্রকৌশলী, পরিবহন প্রকৌশলী ও সিগন্যাল প্রকৌশলীদের রাখা হয়। অর্থাৎ এটি একটি বিশেষায়িত বিষয়। শরীরের সুস্থতার জন্য যেমন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন, একটি শহরের সুস্থতার জন্যও বিশেষায়িত পেশাদার মানুষের দরকার। সরকার যদি পরে বলে ‘আমরা তো চেষ্টা করেছি’, তাতে কাজ হবে না। কাঠামোগত সংস্কারে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না, দরকার শুধু রাজনৈতিক সদিচ্ছা ও দৃঢ়প্রত্যয়। পার্শ্ববর্তী দেশগুলো তাদের প্রতিষ্ঠানগুলোর সংস্কারের মাধ্যমে দ্রুত এগিয়ে যাচ্ছে। পেশাদার প্রতিষ্ঠান থাকলে সমস্যা তৈরি হওয়ার আগেই তারা সমাধান দিয়ে দেবে।
প্রবা: পরিবহন বিশেষজ্ঞদের কেন নীতিনির্ধারণ ও বাস্তবায়নের পদে নিয়োগ দেওয়া হচ্ছে না?
শামসুল হক: ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-তে নেতৃত্ব দিচ্ছেন আমলারা। ম্যাস র্যাপিড ট্রানজিটের (মেট্রোরেল) মতো উচ্চ কারিগরি প্রজেক্টেও আমলাদের বসিয়ে দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন বাইরে থেকে কারিগরি জ্ঞানসম্পন্ন লোক আনা হয়েছিল, তখন জাপানি পরামর্শকদেরও হাঁটু কাঁপত। কারণ অনভিজ্ঞদের সামনে তারা নিজেদের ইচ্ছামতো কাজ করত, কিন্তু অভিজ্ঞরা আসায় সেই সুযোগ কমে যায়।
সরকারের প্রধান দায়িত্ব হলো প্রতিষ্ঠানগুলোকে সক্ষম করা। বুয়েট থেকে পাস করলেই কেউ রাতারাতি ‘প্রফেশনাল’ হয়ে যায় না, অভিজ্ঞতার মাধ্যমে প্রফেশনাল তৈরি করতে হয়। যেমনÑ ইন্দোনেশিয়ায় প্রথম যখন মেট্রোরেল তৈরি করা হয়, তখন তাদের দেশেও অভিজ্ঞ প্রফেশনাল ছিল না। কিন্তু তারা আমলাদের দিয়ে প্রকল্পটি চালায়নি; পৃথিবীর বিভিন্ন প্রান্তে মেট্রোরেলে কাজ করা অভিজ্ঞ ইন্দোনেশীয়দের খুঁজে এনে দায়িত্ব দিয়েছিল। অভিজ্ঞতা অর্জনের জন্য মাঠে কাজ করতে হয়।
প্রবা: সরকারের উদ্দেশে আপনার পরামর্শ কী?
শামসুল হক: বাংলাদেশের প্রেক্ষাপটে আমলারা সরকারের ওপর প্রভাব খাটিয়ে নিয়োগ নীতিমালা পরিবর্তন করে নিজেরাই টেকনিক্যাল পদে বসে যাচ্ছেন। এভাবে তো ভালো কাজ হবে না। ২০ বছরের কারিগরি অভিজ্ঞতাসম্পন্ন রেলের লোক লাগবেÑ জাপানিদের দেওয়া এই শর্ত গত সরকারের আমলে আমলারা নিজেদের সুবিধার্থে সংশোধন করেছেন। বর্তমান সরকারের কি এগুলো খতিয়ে দেখা উচিত ছিল না? এসব সংস্কার না হলে পরিবহন খাত একই দুষ্টচক্রের মধ্যে ঘুরপাক খাবে। আমলারা ব্যক্তিগত লাভের আশায় দেশের ক্ষতি করছেন। সরকারকে অবশ্যই এসব বিষয় নিয়ে গভীরভাবে ভাবার পাশাপাশি দ্রুত কাঠামোগত সংস্কারের পথেও হাঁটতে হবে।