কোলাজ: চ্যাটজিপিটি
সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) দেখা দিয়েছে দীর্ঘস্থায়ী শূন্যতা। প্রায় ছয় মাস ধরে কার্যালয়টির সচিব পদে কোনো পূর্ণকালীন কর্মকর্তা নেই। সরকার দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই তৎকালীন সচিবকে জনপ্রশাসনে সংযুক্ত করা হয়। এরপর থেকে পদটি শূন্য। বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার অতিরিক্ত দায়িত্বের চাপ সামলে কার্যক্রম পরিচালনা করছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেউ প্রকাশ্যে প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের বিঘ্নের কথা না বললেও ভেতরে ভেতরে এই শূন্যতা নিয়ে আলোচনা বাড়ছে। প্রশ্ন উঠেছে, এত গুরুত্বপূর্ণ একটি পদে ছয় মাসেও কেন নিয়োগ দেওয়া সম্ভব হলো না?
প্রধানমন্ত্রীর কার্যালয় সরকারের নীতি সমন্বয়, উন্নয়ন প্রকল্পের তদারকি, আন্তঃমন্ত্রণালয় যোগাযোগ ও প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। ফলে এ কার্যালয়ের প্রশাসনিক কাঠামোয় সচিবের পদটি গুরুত্বপূর্ণ।
প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সচিব না থাকায় কিছু প্রশাসনিক ফাইল নিষ্পত্তি, আন্তঃপ্রাতিষ্ঠানিক যোগাযোগ ও সমন্বয়মূলক কাজে অতিরিক্ত সময় লাগছে। যদিও এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে বলে স্বীকার করতে চাননি।
নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, মুখ্য সচিব ও সচিবের দায়িত্বের মধ্যে পার্থক্য রয়েছে। একটি পদ দীর্ঘ সময় শূন্য থাকলে অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তার ওপর চাপ বাড়ে। একই সঙ্গে কিছু কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও জটিল হতে পারে।
অবশ্য প্রশাসনের কেউ কেউ বলছেন, বর্তমান ব্যবস্থায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের দৈনন্দিন কার্যক্রম পুরোপুরি থেমে নেই। দীর্ঘ মেয়াদে একজন কর্মকর্তার ওপর অতিরিক্ত দায়িত্ব রেখে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাঠামো পরিচালনা করা কার্যকর পদ্ধতি নয়।
নিয়োগে এত দেরি কেন
সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, মূলত উপযুক্ত কর্মকর্তা বাছাইয়ের কারণেই নিয়োগে সময় লাগছে। সরকার এমন একজন কর্মকর্তাকে এই পদে আনতে চাইছে, যিনি দক্ষতার পাশাপাশি প্রশাসনিকভাবে গ্রহণযোগ্য ও সরকারের আস্থাভাজন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তাদের পদায়নের পর তাদের অতীত ভূমিকা, রাজনৈতিক সংশ্লিষ্টতা, প্রশাসনিক কর্মকাণ্ড ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে সরকার গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে আগের তুলনায় বেশি যাচাই-বাছাই করছে।
প্রশাসনের কয়েকজন কর্মকর্তা জানান, আগে সচিব পদে নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা ছিল প্রধান বিবেচনা। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে নিরপেক্ষতা, গ্রহণযোগ্যতা ও অতীত ভূমিকার বিষয়টি। বিশেষ করে রাজনৈতিক পরিবর্তনের পর গুরুত্বপূর্ণ পদে এমন কাউকে বসানো নিয়ে সরকার সতর্ক, যার নিয়োগ ভবিষ্যতে বিতর্ক তৈরি করতে পারে। ফলে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম আলোচনায় থাকলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আস্থার রাজনীতিতে আমলাতন্ত্র
বর্তমানে প্রশাসনে ‘আস্থা’ শব্দটি বিশেষ গুরুত্ব পেয়েছে। গত সরকারের আমলে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের একটি অংশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ বা রাজনৈতিক ঘনিষ্ঠতার অভিযোগ ছিলÑ এমন আলোচনা প্রশাসনে রয়েছে। নতুন সরকার এ ধরনের কর্মকর্তাদের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। তবে এখানেই তৈরি হয়েছে আরেক ধরনের জটিলতা। প্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মকর্তাদের মধ্য থেকে একই সঙ্গে দক্ষ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও সরকারের আস্থাভাজন কর্মকর্তা খুঁজে বের করা সহজ নয়।
প্রশাসনের ভেতরের আরেকটি আলোচনার বিষয় হলো, গুরুত্বপূর্ণ পদায়ন ঘিরে প্রভাবশালী আমলা গোষ্ঠীর তৎপরতা। অভিযোগ রয়েছে, অতীতে যেসব কর্মকর্তা-গোষ্ঠী গুরুত্বপূর্ণ পদায়নে প্রভাব বিস্তার করত, তাদের কেউ কেউ নতুন পরিস্থিতিতেও নিজেদের পছন্দের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে বসাতে চেষ্টা করছেন।
বাড়তি দায়িত্বে মুখ্য সচিব
বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারকে সচিবের দায়িত্বের একটি অংশও সামলাতে হচ্ছে। মুখ্য সচিবের দায়িত্ব এমনিতেই ব্যাপক। এর সঙ্গে অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব যুক্ত হওয়ায় তার ওপর চাপ বাড়ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
সাবেক একজন মন্ত্রিপরিষদ সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো প্রতিষ্ঠানে দায়িত্বের বিভাজন গুরুত্বপূর্ণ। মুখ্য সচিব ও সচিবের ভূমিকা এক নয়। কোনো একটি পদ দীর্ঘদিন শূন্য থাকলে প্রতিষ্ঠানগত দক্ষতার ওপর প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক সচিব আনোয়ার ফারুক বলেন, গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ দীর্ঘদিন শূন্য থাকা কাম্য নয়। এ ধরনের পদে শুধু জ্যেষ্ঠতা নয়, পেশাগত দক্ষতা, সততা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতাও বিবেচনা করা প্রয়োজন।
তবে তিনি এটিও মনে করেন, উপযুক্ত কর্মকর্তা বাছাই করতে সরকার কিছুটা সময় নিলে সেটিকে অস্বাভাবিক বলা যায় না। কিন্তু প্রশাসনের ধারাবাহিকতা নিশ্চিত করতে শেষ পর্যন্ত দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি।
সূত্র মতে, ছয় মাস ধরে শূন্য থাকা পদটি তাই এখন প্রশাসনের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সরকারের সামনে একদিকে রয়েছে আস্থাশীল ও গ্রহণযোগ্য কর্মকর্তা বাছাইয়ের চ্যালেঞ্জ, অন্যদিকে রয়েছে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদটি দ্রুত পূরণের প্রয়োজনীয়তা।
শেষ পর্যন্ত কে হচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবÑ সেই সিদ্ধান্তই এখন শুধু একটি পদায়নের খবর নয়; বরং নতুন সরকারের প্রশাসনিক অগ্রাধিকার, ক্ষমতার ভেতরের ভারসাম্য এবং আমলাতন্ত্র পরিচালনার ধরন সম্পর্কেও একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে।