× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপালের ভয় বাংলাদেশে নয়, আছে অন্য অনেক শঙ্কা

ফারুক আহমাদ আরিফ

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪০ পিএম

নেপাল-তিব্বত সীমান্তবর্তী রসুয়া এলাকায় হিমবাহ ধসে সৃষ্ট এই আকস্মিক বন্যায় নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একের পর এক জনপদ। ছবি: কাঠমান্ডু পোস্ট

নেপাল-তিব্বত সীমান্তবর্তী রসুয়া এলাকায় হিমবাহ ধসে সৃষ্ট এই আকস্মিক বন্যায় নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একের পর এক জনপদ। ছবি: কাঠমান্ডু পোস্ট

নেপালের ভয়াবহ হিমবাহধস-বন্যা ও মহাদুর্যোগের পর থেকেই সামাজিক মাধ্যমে জোর প্রচারণা চলছে অদূর ভবিষ্যতে বাংলাদেশেও এমনটি ঘটতে পারে। ২৬ আগস্ট চীন- নেপাল সীমান্তে একটি বড় হিমবাহ ও পাহাড়ধসে সৃষ্ট প্রবল কম্পন ও কাদা-পানির স্রোতে নিমেষে ডুবে যায় বিস্তীর্ণ জনপদ। এ ঘটনায় প্রাণহানির সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছে ৫ হাজারের বেশি মানুষ।

নেপাল ট্র্যাজেডির পর দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে যে, এসব দেশেও এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে? বিশেষত বাংলাদেশ ভাটি অঞ্চলে হওয়ায় আতঙ্ক ও আশঙ্কা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। বলা হচ্ছে, হিমবাহধসের কাদা-বন্যার স্রোত আঘাত হানবে বাংলাদেশেও।

তবে আবহাওয়াবিদ, বন্যা ও দুর্যোগব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, ৮০০ থেকে ৯০০ কিলোমিটার দূরের সেই স্রোতধারা বাংলাদেশে আসার কোনো আশঙ্কা নেই। যদিও কয়েক বছর পরপরই দেশের কোথাও-না কোথাও আকস্মিক বন্যা হয়। 

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। এদেশে প্রায় সারা বছরই কোনো-না কোনো ধরনের দুর্যোগ লেগেই থাকে। প্রাক-বর্ষা মৌসুমে সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের হাওরাঞ্চলে আগাম বন্যা আঘাত হানে। অতি ভারি বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগে পাহাড় ও ভূমি ধসে ক্ষতি হয় জান-মালের। নেপালে হিমবাহ ধসে যে প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়েছে, বাংলাদেশে সেই ধরনের পরিস্থিতি হওয়ার সুযোগ নেই। তবে ভিন্ন ধরনের দুর্যোগের আশঙ্কা রয়েছে। 

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের সাবেক ডিন ও ডিপার্টমেন্ট অব ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলেন্সের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “নেপালের পরিস্থিতি আমাদের এখানে হবে না। কেননা উজানে প্রচুর বৃষ্টি হলে বা পানি যদি প্রচুর পরিমাণে চারদিক থেকে আসে, তখন আমাদের আগাম বন্যা হয়। পদ্মা, মেঘনা ও যমুনা পাড় হয়ে নেপালের সেই পানি আসার সুযোগ নেই। তবে যদি প্রচুর বৃষ্টিপাত হয় ও সেই স্রোত যুক্ত হলে একটা আশঙ্কা থাকে। এবার সেই পরিমাণ বৃষ্টি হয়নি। 

“মেঘালয় ও ব্রহ্মপুত্রের উজানে প্রচুর বৃষ্টিপাত হলে আমাদের এখানে বন্যা হওয়ার ভয় থাকে। আর এখন যদি দেশে প্রচুর পানি থাকত ও নেপালের পানি তাতে যুক্ত হতো, তখন ভয়ের একটা কারণ হতে পারত। বর্তমানে নেপালের ভয় বাংলাদেশের জন্য নয়।”

জলবায়ু পরিবর্তনের কারণে কিছু এক্সট্রিম ইভেন্ট বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নেপালে যেভাবে দুর্যোগ হয়েছে, এটি বাংলাদেশে হবে না। প্রাকৃতিক বিপর্যয় অন্য শেপে আসতে পারে। যেমন ২০২৪ সালে ফেনীতে আগাম বন্যা হলো, সেখানে এর আগে এমনটি হয়নি, অন্য জায়গায় হয়েছে। গত জুলাই মাসে চট্টগ্রাম বিভাগের বান্দরবান-রাঙামাটিসহ বিভিন্ন স্থানে সাত দিনে টানা বৃষ্টি হয়েছে ১৪০০ মিলিমিটার। তাতে পাহাড় ও ভূমি ধসে মারা গেছে ৩৫ জন । যদি দুই-তিন দিন বৃষ্টি হতো, তাহলে কিছু হতো না। সব পানি সরে যেত কিন্তু টানা পাঁচ-সাত দিন বৃষ্টি হয়েছে, এটাই সমস্যা। এ রকম নতুন নতুন বিভিন্ন ধরনের দুর্যোগ আসবে, যা মানুষ কল্পনাও করতে পারে না।

তিনি বলেন, নেপালে কী কারণে বিপর্যয় ঘটল তা এখনও উদঘাটন করা সম্ভব হয়নি। এখন বৈশ্বিকভাবেই নতুন নতুন দুর্যোগ আসছে, তা চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে। সামনে হয়তো আরও এমনটি হবে। 

এ অবস্থায় করণীয় কী জানতে চাইলে এ আবহাওয়াবিদ বলেন, “দুর্যোগগুলোর মডেলিং আরও ভালোভাবে কীভাবে চিহ্নিত করা যায়, সে ব্যাপারে গুরুত্ব দিতে হবে। আমরা যদি চট্টগ্রাম বিভাগের জুলাই মাসের বৃষ্টিপাতের মডেল দেখি, সেখানে দেখানো হয়েছিল ১০০-১৫০ মিলিমিটার বৃষ্টি হবে কিন্তু হয়েছে ৩০০-৩৫০ মিমি।

“আমরা তিন দিন আগেই অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছিলাম। সেখানে মডেল দেখিয়েছে ১০০ থেকে ১৫০ মিমি বৃষ্টি হবে কিন্তু হয়েছে ৩০০ থেকে ৪০০ মিমি। এখানে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে মডেলে বিশাল ঘাটতি। ৯০০ মিমি বৃষ্টি হলেও সে দেখাচ্ছে ২০০ থেকে ৩০০ মিমি। বিশ্বে এখনও আবহাওয়ার এমন মডেল আবিষ্কার হয়নি, যা প্রকৃত বিষয়কে তুলে ধরবে। তবে আগামীতে হয়তো এর পরিবর্তন ঘটবে।”

নেপালের দুর্যোগের মতো পরিস্থিতির আশঙ্কা বাংলাদেশে নেই বলে জানিয়েছেন জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত আন্তঃসরকার প্যানেলের (আইপিসিসি) সদস্য এবং বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ড. একেএম সাইফুল ইসলাম। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “নেপালে প্রথমে ওপরের পাহাড়ের গ্লেসিয়ার (বরফ) ভেঙে পড়ে এই ঘটনা ঘটেছে। আমাদের দেশের আশপাশে কোনো পাহাড়ে গ্লেসিয়ার নেই। তো ওই ধরনের ঘটনা ঘটার কোনো আশঙ্কা দেখতেছি না। তবে এই ধরনের ঘটনার কাছাকাছি কিছু ঘটনা আছে; যেমনÑ পাহাড়ধস, ভূমিধস ইত্যাদি। অনেক বেশি বৃষ্টি হলে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজারসহ চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ভূমি ও পাহাড়ধস হয়। সেখানে অনেক মানুষ মারাও যায়।” 

নেপালের ঘটনার বিস্তৃতি সম্পর্কে এ বিশেষজ্ঞ বলেন, ভূমিধস হয়ে, আগাম বন্যা হয়ে, হিমবাহ ভেঙে ৮০০ থেকে ৯০০ কিলোমিটার দূরে আসে না। কিন্তু লং টার্মে যেটা এফেক্ট হয়, তা হচ্ছে নেপালের প্রায় ২০০ এ রকম গ্লেসিয়ার লেক (হিমবাহ হৃদ) আছে। এই লেকগুলো শীতকালে পাহাড়ে বরফ হয়ে যায়। বাকি সময়ে তাপমাত্রা বাড়লে আস্তে আস্তে ও মার্চ-এপ্রিলে দ্রুত গলতে থাকে। এই বরফগলা পানি নিচের লেকে আসে ও নদী দিয়ে সমুদ্রে চলে যায়। বর্তমানে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে সেখানে ২০০ লেক ভালনারেবল হয়ে গেছে। যাকে বলে গ্লোভ। গ্লোভ বা গ্লেসিয়ার লেক আউটব্লাস্ট ফ্লাডের আশঙ্কা তৈরি করেছে। কিন্তু সেখানকার ধস-বন্যা প্রায় হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ পর্যন্ত ধেয়ে আসতে পারবে না। 

তিনি আরও বলেন, “আমাদের দেশে শীত মৌসুমে বড় বড় নদীগুলোতে যে পানি আসে তা ওই বরফের পানিই। শীতে তো বৃষ্টি হয় না, তাই শীতের শেষে ফেব্রুয়ারিতে পানি ধীরে ধীরে আসে। এখন বরফ যদি পর্যাপ্ত না হয়, বরফ যদি কমে যায় ও গলে গলে যায় তাহলে শীতকালে নদীতে পানির প্রবাহ কমে যাবে। আর এটি জলজপ্রাণীর জন্য হুমকি।”

অধ্যাপক সাইফুল ইসলাম আরও বলেন, সিকিমের পানি এসে তিস্তার ওপরে কিছু ফ্লাশ ফ্লাড হয়। সেখানে অতিবৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কা আছে। আবার বরফগলা পানি সমুদ্রে গিয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায়। 

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন দুর্যোগে প্রভাব ফেলছে উল্লেখ করে তিনি বলেন, “এ ধরনের দুর্যোগে আমাদের বিভিন্ন দেশের সাথে আর্লি ওয়ার্নিং ও ফোরকাস্টিং মেসেজ আদান-প্রদান করা জরুরি। যেমন—নেপালে চীন থেকে অফিসিয়াল ওয়ার্নিং ৫ ঘণ্টা পরে এসেছে। আমাদের ৫৭টি আন্তঃদেশীয় নদী রয়েছে। 

“এগুলোর তথ্য-উপাত্ত যাচাই করার তেমন কোনো প্রটোকল নেই। আমরা ৯টা স্টেশনের তথ্য পাই, ফোরকাস্ট পাই না। তাই বেসিনভিত্তিক আর্লি ওয়ার্নিং সিস্টেম ডেভেলপ করা দরকার। কেননা বৈশ্বিক দুর্যোগ যেভাবে বাড়ছে, তাতে পারিপার্শ্বিক দেশগুলো থেকে তথ্য-উপাত্ত আদান-প্রদান সময়ের দাবি।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা