মালয়েশিয়া ও বাংলাদেশের পতাকা। ছবি: এন্ডি হল
একসময় পাসপোর্টে একটি ভিসা মানেই ছিল বারবার মালয়েশিয়া যাতায়াতের সুযোগ। পর্যটন, স্বজনদের সঙ্গে দেখা কিংবা অবকাশযাপনে মালয়েশিয়ামুখী ভ্রমণকারীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা ছিল সেই সুবিধারই প্রতীক। তবে সময়ের সঙ্গে বদলে গেল মালয়েশিয়াতে প্রবেশের নিয়ম।
গত ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে মালয়েশিয়া মাল্টিপল এন্ট্রি ভিসার (এমইভি) সুযোগে বড় ধরনের পরিবর্তন এনেছে। এখন আর সব দেশের নাগরিক সাধারণভাবে এই ভিসা পাবেন না; বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। নতুন নীতির আওতায় মাল্টিপল এন্ট্রি ভিসা মূলত চার ধরনের ভ্রমণের ক্ষেত্রে দেওয়া হবে।
এগুলো হলো- ফ্লাই অ্যান্ড ক্রুজ, ব্যবসায়িক কার্যক্রম, চিকিৎসা এবং ওয়েডিং ট্যুরিজম। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ পরিবর্তনের কথা জানানো হয়েছে।
নতুন ব্যবস্থায় সাধারণ পর্যটন বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসাই সাধারণ নিয়ম হবে। এর আগে মালয়েশিয়ার ই-ভিসা ব্যবস্থায় ভিসার প্রয়োজন হয় এমন দেশগুলোর নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসার সুযোগ ছিল।
মালয়েশিয়ার ই-ভিসা-সংক্রান্ত পুরনো নির্দেশনায় একাধিকবার প্রবেশের ক্ষেত্রে ছয় মাসের মধ্যে একাধিকবার যাতায়াত এবং প্রতিবার সর্বোচ্চ ৩০ দিন অবস্থানের সুযোগের কথা বলা হয়েছিল। নতুন নিয়মে অবশ্য ব্যবসায়িক কাজে মালয়েশিয়ায় যাতায়াতকারী, চিকিৎসা নিতে যাওয়া ব্যক্তি, ফ্লাই অ্যান্ড ক্রুজ ভ্রমণকারী এবং ওয়েডিং ট্যুরিজমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসার সুযোগ রাখা হয়েছে। এসব ক্ষেত্রে ভ্রমণের উদ্দেশ্যের সমর্থনে প্রয়োজনীয় নথিপত্র দিতে হবে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণার শিরোনামেও বলা হয়েছে, এখন থেকে সব দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা আর উন্মুক্ত থাকছে না। তবে নতুন বিধিনিষেধটি বাংলাদেশি নাগরিকদের কর্মসংস্থান বা ওয়ার্ক পারমিটের ওপর সরাসরি প্রভাব ফেলছে না। পরিবর্তনটি মূলত ভিজিট বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা ঘিরে।