প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২২:০২ পিএম
চিকেনস নেক। ফাইল ছবি
কৌশলগতভাবে অত্যন্ত স্পর্শকাতর শিলিগুড়ি করিডোর বা তথাকথিত ‘চিকেনস নেক’ ঘিরে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তুলছে ভারত। মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সেতুবন্ধ এই সরু করিডোরের নিরাপত্তা নিশ্চিত এবং নেপাল সীমান্তের পাশ দিয়ে বিকল্প পথ তৈরির লক্ষ্যে ২ হাজার ৭৭ কোটি রুপির বেশি বরাদ্দে একটি চার লেনের মহাসড়ক প্রকল্প অনুমোদন করেছে ভারত সরকার।
এনডিটিভির এক প্রতিবেদেন বলা হয়েছে, এই প্রকল্প ভারতের উত্তরবঙ্গের অভ্যন্তরীণ যোগাযোগের পাশাপাশি নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে।
ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি সম্প্রতি এই গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা দেন।
তিনি জানান, পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় অবস্থিত জাতীয় মহাসড়ক ৩২৭-এর (এনএইচ-৩২৭) অন্তর্গত বাগডোগরা-পানিতাঙ্কি-খড়িবাড়ি-গলগলিয়া অংশের ৩১ দশমিক শূন্য ২ কিলোমিটার পথ চার লেনে উন্নীত করতে ২ হাজার ৭৭ কোটি ১৮ লাখ রুপি অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পে তিনটি বড় সেতু, একটি ওভারব্রিজ, বন্য প্রাণী সুরক্ষায় পাঁচটি বিশেষ ‘এলিফ্যান্ট আন্ডারপাস’ এবং উভয় পাশে সার্ভিস রোড নির্মাণ করা হবে। এর ফলে স্থানীয় মানুষের পাশাপাশি বন্য প্রাণীর নিরাপদ চলাচলও নিশ্চিত হবে।
প্রকল্পটির সূচনা বিন্দু গলগলিয়া মূলত নেপাল সীমান্তবর্তী একটি শহর, যার অপর পাশে রয়েছে ভদ্রপুর। সেখান থেকে রাজধানী কাঠমান্ডুর সঙ্গে সড়ক ও বিমান যোগাযোগ রয়েছে। অন্যদিকে মহাসড়কটি বাগডোগরায় গিয়ে জাতীয় মহাসড়ক ২৭-এর (এনএইচ-২৭) সঙ্গে যুক্ত হবে। আপগ্রেড করা এই এনএইচ-৩২৭ মূলত এনএইচ-২৭-এর একটি কার্যকর বিকল্প হিসেবে কাজ করবে এবং শিলিগুড়ির এশিয়ান হাইওয়ে ২-এর (এএইচ-২) অংশ হয়ে উঠবে। এর ফলে ভারতের পানিট্যাঙ্কি (নেপাল সীমান্ত) থেকে ফুলবাড়ী (বাংলাদেশ সীমান্ত) পর্যন্ত বিস্তৃত ৩৮ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক অর্থনৈতিক করিডোর আরও গতিশীল হবে।
দার্জিলিংয়ের সংসদ সদস্য রাজু বিস্তা এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, প্রকল্পটি স্রেফ আঞ্চলিক যোগাযোগের চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। এটি দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স অঞ্চলের সড়ক অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সরাসরি প্রবেশগম্যতা বাড়াবে। এ ছাড়া চা, শাকসবজিসহ স্থানীয় কৃষিপণ্য দ্রুততম সময়ে বড় বাজারে পৌঁছে দিতে ভূমিকা রাখবে।
এই সড়ক মহাপরিকল্পনার পাশাপাশি গুরুত্বপূর্ণ বাগডোগরা বিমানবন্দরকেও নতুন রূপ দেওয়া হচ্ছে। সেখানে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি-নির্ভর অত্যাধুনিক নতুন প্যাসেঞ্জার টার্মিনাল, যা ব্যস্ততম সময়ে প্রতি ঘণ্টায় অন্তত ৩ হাজার যাত্রী ব্যবস্থাপনা করতে সক্ষম হবে। নতুন টার্মিনালে এ৩২১ ও বি৭৩৭ মডেলের মধ্যম সারির উড়োজাহাজের জন্য ১০টি পার্কিং বে এবং একটি বহুতল গাড়ি পার্কিংয়ের সুবিধাও যুক্ত থাকছে।
ভারতের ভৌগোলিক নিরাপত্তার ক্ষেত্রে শিলিগুড়ি করিডোর অত্যন্ত সংবেদনশীল এক ‘লাইফলাইন’। যেকোনো সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে বা জরুরি অবস্থায় উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ যাতে বিচ্ছিন্ন না হয়, সেজন্য ভারত সেখানে বাধাহীন ও টেকসই যোগাযোগ নিশ্চিত করতে চাইছে। এর অংশ হিসেবে ওই এলাকায় প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ কৌশলগত ভূগর্ভস্থ রেল করিডোর ও মহাসড়ক নির্মাণের দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বিদ্যমান রেলপথকে চার লেনে উন্নীত করার পাশাপাশি শিলিগুড়ি থেকে বারানসি পর্যন্ত বুলেট ট্রেন নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনাও ভারতীয় নীতিনির্ধারকদের টেবিলে রয়েছে।