প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩১ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫০ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ড ক্রুড তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে এই দাম আরও বাড়তে পারে। জ্বালানি তেলের এই ঊর্ধ্বগতি বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশগুলোর জন্য বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে।
তেলের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের অন্যতম প্রধান উপাদান কয়লার দামও বেড়েছে। বাংলাদেশ বিদ্যুৎ খাতের জন্য প্রতিবছর ইন্দোনেশিয়া থেকে প্রায় দেড় কোটি টন কয়লা আমদানি করে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, গত বছর ইন্দোনেশিয়া কয়লা উত্তোলন ২৫ শতাংশ কমিয়েছে। এর ওপর মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জাহাজ ভাড়াসহ আনুষঙ্গিক খরচ বৃদ্ধি পাওয়ায় প্রতি টন কয়লার দাম ১১০ ডলার থেকে বেড়ে ১৪০ ডলারে ঠেকেছে। এর ফলে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন খরচ আগের চেয়ে অনেক বেড়ে যাবে।
পিডিবি সূত্র জানায়, লোকসান কমাতে গত জুনে বিদ্যুতের দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল। তখন ধারণা করা হয়েছিল এতে লোকসান কমবে, কিন্তু বিশ্ববাজারের বর্তমান পরিস্থিতিতে সেই লোকসান আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দেশে তীব্র গ্যাস সংকটের কারণে সরকার সম্প্রতি ফার্নেস অয়েল দিয়ে চার হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। ফার্নেস অয়েলের উচ্চমূল্যের কারণে এতে বিদ্যুৎ উৎপাদন খরচ আরও বাড়বে।
বিদ্যমান পরিস্থিতিতে জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেন বলেন, বিশ্ব পরিস্থিতির কারণে দেশের জনগণ ও সরকার—উভয়কেই সাশ্রয়ী হতে হবে। বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়লেও শিল্পকারখানা সচল রাখতে আগামী কয়েক মাস বেশি দামে তেল ও এলএনজি কেনা অব্যাহত রাখতে হবে। তবে অর্থের সাশ্রয় করতে সরকার শীতকালে কিছুটা লোডশেডিং দেওয়ার কথা ভাবতে পারে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন বলে তিনি মনে করেন।
তথ্যসূত্র: যুগান্তর