× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনের জে-১০সি যুদ্ধবিমান কিনলে কী কী সুবিধা পাচ্ছে বাংলাদেশ

বিবিসি বাংলা

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২২ পিএম

চীনের তৈরি জে-১০ সি ই যুদ্ধবিমান। ছবি: বিবিসি বাংলা

চীনের তৈরি জে-১০ সি ই যুদ্ধবিমান। ছবি: বিবিসি বাংলা

বাংলাদেশ ১৯৭৭ সালে চীন থেকে প্রথম যুদ্ধবিমান এফ-৬ কিনেছিল। তবে দেশের প্রথম যুদ্ধবিমান এসেছিল আরও আগে- ১৯৭৩-৭৪ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে মিগ-২১ যুদ্ধবিমান উপহার দেয়।

বর্তমানে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বহর বেশ পুরোনো। বিভিন্ন সামরিক তথ্য অনুযায়ী, বহরে রয়েছে ৮টি মিগ-২৯ ও ৩৬টি চীনা এফ-৭ যুদ্ধবিমান। এর পাশাপাশি প্রশিক্ষণ ও হালকা আক্রমণের জন্য ইয়াক-১৩০ও রয়েছে।

বিমানবাহিনী আধুনিকায়নের অংশ হিসেবে বাংলাদেশ চীন থেকে ২০টি জে-১০সি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। আধুনিক ৪.৫ প্রজন্মের এই বিমান আকাশ প্রতিরক্ষা, স্থল ও নৌ লক্ষ্যবস্তুতে হামলা এবং সেনাদের আকাশ সহায়তায় ব্যবহার করা যায়। ভারত-পাকিস্তান সংঘাতের সময় পাকিস্তানের জে-১০সি দিয়ে ভারতীয় রাফাল ভূপাতিত করার দাবি আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে।

তবে শুধু যুদ্ধবিমান কেনাই যথেষ্ট নয়। আধুনিক যুদ্ধের জন্য প্রয়োজন উন্নত রাডার, জ্যামিং ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং তিন বাহিনীর মধ্যে রিয়েল-টাইম সমন্বয়।

সামরিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের বিমানঘাঁটি ও যুদ্ধবিমান সংরক্ষণের অবকাঠামো এখনও পুরোপুরি প্রস্তুত নয়। প্রয়োজন শক্তিশালী এয়ারক্রাফট শেল্টার, একাধিক রানওয়ে এবং উন্নত আগাম সতর্কতা ব্যবস্থা।

বাংলাদেশ বিমানবাহিনীর বহরে ৭৩টি হেলিকপ্টার রয়েছে বলে ওয়ারপাওয়ার বাংলাদেশে তথ্য দেওয়া আছে। এর মধ্যে রাশিয়ার এমআই সিরিজের ৩৬টি হেলিকপ্টার আছে।

আর যুক্তরাষ্ট্রে নির্মিত সেসনা, বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে ২৪টি।


এর পাশাপাশি ফ্রান্স, ইতালি, চেকোস্লোভাকিয়া (চেক রিপাবলিক) থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টারও ব্যবহার করে বাংলাদেশ।

এ ছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে ৪৪টি ড্রোন রয়েছে বলে জানাচ্ছে ওয়েবসাইটটি। এর মধ্যে ৩৬ টিই স্লোভেনিয়ায় নির্মিত ব্রামর সি ফোর আই। তুরস্কের তৈরি বায়রাক্তার টিবি টু আছে ছয়টি। গত বছরই এগুলো যুক্ত হয়।

বিমান বাহিনীর সাবেক এয়ার ভাইস মার্শাল এম আবুল বাশার বিবিসি বাংলাকে বলেন, “বাংলাদেশের মিগ-২৯ একটু আধুনিক। কিন্তু সেটাও এখনকার যুগে পুরনো। এর বাইরে আমাদের বাকি যা আছে সবগুলো আরো পুরনো থ্রি-জি প্রযুক্তির। অথচ এখন যে যুদ্ধ হচ্ছে, সেখানে ফোর পয়েন্ট ফাইভ-জি এমনকি ফাইভ-জি প্রযুক্তির স্টেলথ বিমানও ব্যবহার হচ্ছে। সুতরাং বাংলাদেশের বিমানবহর আধুনিকায়ন করার বিকল্প ছিল না। এখন চীন থেকে যে বিমানগুলো আনা হচ্ছে সেগুলো আধুনিক ফোর পয়েন্ট ফাইভ জি প্রযুক্তির। সুতরাং এটা একটা ভালো সিদ্ধান্ত।

বাংলাদেশের সামরিক সরঞ্জামের বড় অংশই চীন থেকে আসে। তুলনামূলক কম দাম, প্রযুক্তি, দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পশ্চিমা অস্ত্রের তুলনায় কম ব্যবহারের শর্ত—এসব কারণে চীনের ওপর নির্ভরতা বেড়েছে।

কিন্তু বিমান পরিচালনা বা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অবকাঠামোর ক্ষেত্রে বাংলাদেশের এখনো দুর্বলতা আছে বলে জানিয়েছেন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী।

তিনি বলেন, “আমাদের বিমানবাহিনীর সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে যে, এর নিজস্ব কোনো এয়ারফিল্ড নেই। আমাদের প্রত্যেকটি এয়ারফিল্ড যেগুলো আমরা এখনো ব্যবহার করছি যেমন-ঢাকা, চট্টগ্রাম, যশোর -এগুলো বেসামরিক যানবাহনের সঙ্গে মিলে ব্যবহার করছি। যশোরে বেসামরিক ব্যবহার কম। কিন্তু সেটা আবার ভারতীয় সীমান্তের খুব কাছে। আর ঢাকার আন্তর্জাতিক বিমান বন্দরে তো সামরিক-বেসামরিক বিমান, হেলিকপ্টার সবই চলাচল করে”।

জে-১০সি বাংলাদেশ বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এর পূর্ণ সুবিধা পেতে যুদ্ধবিমানের পাশাপাশি আকাশ প্রতিরক্ষা, অবকাঠামো, প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থারও সমান আধুনিকায়ন প্রয়োজন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা