হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এদিন মথুরায় অত্যাচারী রাজা কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। ছবি: এআই
সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা, অশুভ শক্তির বিনাশ এবং মানবকল্যাণের বার্তা নিয়ে আজ শুক্রবার সারা দেশে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী।
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এদিন মথুরায় অত্যাচারী রাজা কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। তার জন্মতিথি স্মরণেই জন্মাষ্টমী পালিত হয়। শ্রীকৃষ্ণের জীবন ও দর্শনকে সত্য, ন্যায়, মানবতা ও শান্তির প্রতীক হিসেবে বিবেচনা করেন ভক্তরা।
উৎসবকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মন্দিরে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে পূজা-অর্চনা, গীতাযজ্ঞ, হরিনাম সংকীর্তন, ভজন-কীর্তন, নামযজ্ঞ, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণ। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে গীতাযজ্ঞের আয়োজন করা হয়েছে। বিকেলে পলাশী মোড় থেকে বের হবে ঐতিহাসিক জন্মাষ্টমী শোভাযাত্রা, যা বিভিন্ন সড়ক ঘুরে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।
জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রপতি শ্রীকৃষ্ণের দর্শন থেকে শিক্ষা নিয়ে অসাম্প্রদায়িক ও ঐক্যবদ্ধ সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ধর্মীয় কারণে বিশ্বের বিভিন্ন স্থানে সংঘাত ও বিভেদ বাড়ছে। এ পরিস্থিতিতে ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে সম্প্রীতি ধরে রাখতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষা মানবতাবাদ, ন্যায়, সাম্য ও শান্তির বার্তা বহন করে। তিনি সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। ঢাকায় শোভাযাত্রা ঘিরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েছে। দেশের বিভিন্ন স্থানে মন্দির ও ধর্মীয় সংগঠনগুলোও আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান।
শ্রীকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত হয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হোক- এ প্রত্যাশাতেই উদ্যাপিত হচ্ছে এবারের জন্মাষ্টমী।