বাংলাদেশসহ বিশ্বের ৩১টি দেশের নাগরিকদের জন্য মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করা হয়েছে। ছবি: এআই
বাংলাদেশসহ বিশ্বের ৩১টি দেশের নাগরিকদের জন্য মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করা হয়েছে।
দেশটির অভিবাসন বিভাগের নতুন নীতিমালা অনুযায়ী, ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে সব দেশের নাগরিকদের জন্য আর ঢালাওভাবে এমইভি দেওয়া হবে না।
ফলে বাংলাদেশি পর্যটকদের ক্ষেত্রে এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগও কমে যাবে।
নতুন ব্যবস্থায় এমইভি কেবল নির্দিষ্ট ভ্রমণ উদ্দেশ্যে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ব্যবসা, চিকিৎসা, ফ্লাই অ্যান্ড ক্রুজ এবং ওয়েডিং ট্যুরিজম। সাধারণ পর্যটন বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে যোগ্যতা না থাকলে আবেদনকারীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা (এসইভি) নিতে হবে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, সিঙ্গেল এন্ট্রি ভিসা সাধারণত একবার প্রবেশের জন্য কার্যকর এবং ইস্যুর তারিখ থেকে তিন মাস বৈধ থাকে। অন্যদিকে এমইভির মাধ্যমে একাধিকবার মালয়েশিয়ায় প্রবেশ করা যায় এবং প্রতিবার সর্বোচ্চ ৩০ দিন অবস্থান করা যায়।
তবে নতুন নীতির আওতায় কোন ৩১টি দেশের নাগরিক এমইভি পাওয়ার যোগ্য থাকবেন, সেই পূর্ণাঙ্গ তালিকা মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এখনো প্রকাশ করেনি।
তাই বাংলাদেশি ভ্রমণকারীদের আবেদন করার আগে সংশ্লিষ্ট মালয়েশিয়ান মিশন বা সরকারি ভিসা পোর্টাল থেকে সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এ পরিবর্তনটি মূলত ভিজিট বা সামাজিক ভ্রমণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য।
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট বা কর্মসংস্থান-সংক্রান্ত ভিসার সঙ্গে এর সরাসরি সম্পর্ক নেই।