সংসদ অধিবেশন শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: ভিডিও থেকে
ট্রাফিক আইন লঙ্ঘন করে উল্টো পথে যাওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সংসদ অধিবেশন শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। একজন মন্ত্রীর গাড়ি এবং গাড়ির চালক মন্ত্রীকে নিয়ে অন্যদিকে ট্রাফিক আইন লঙ্ঘন করবে সেটা কোনোভাবেই এই সরকার বরদাস করবে না”।
বিমানমন্ত্রী বলেন, “স্পষ্টতই আমি মনে করি যে এটা ট্রাফিক আইনের লঙ্ঘন এবং সুস্পষ্টভাবে সে লঙ্ঘন করেছে। এজন্য যে মামলা হয়েছে, জরিমানা হয়েছে আমি খুশি। যেহেতু আমার নিজের গাড়ি এজন্য আমি দুঃখ প্রকাশ করছি”।
এর আগে, বৃহস্পতিবার সকালে রাজধানীর সার্কিট হাউজ সড়কে উল্টো পথে আসায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এসময় গাড়িতে বসা ছিলেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
এ ছাড়া গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়। দুটি মামলায় তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।