আন্তর্জাতিক সিডও দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: ফেসবুক থেকে
সম্পদ ও সম্পত্তিতে নারীর সমঅধিকার নিশ্চিত না করে কেবল নীতিকথা কিংবা সামাজিক সচেতনতার মাধ্যমে নারীর পূর্ণ সমানাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সংগঠনটির মতে, সম্পত্তি ও অর্থনৈতিক সম্পদের নিয়ন্ত্রণ ব্যক্তির সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক ক্ষমতার অন্যতম প্রধান উৎস। তাই নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামগ্রিক সমতা নিশ্চিত করতে উত্তরাধিকারসহ সব ধরনের সম্পদ-সম্পত্তিতে নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা জরুরি।
আন্তর্জাতিক সিডও দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় উপস্থাপিত মূল প্রবন্ধে এসব কথা বলা হয়।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে মহিলা পরিষদের আন্তর্জাতিক উপপরিষদের সদস্য লুনা নূর বলেন, “বাংলাদেশের অর্থনীতিতে নারীর অবদান ক্রমেই বাড়লেও উত্তরাধিকার ও পরিবারকেন্দ্রিক সম্পত্তি বণ্টন ব্যবস্থায় তারা এখনো বৈষম্যের শিকার। বৈষম্যমূলক পারিবারিক আইনের কারণে অনেক নারী নিজের অর্জিত কিংবা পারিবারিক সম্পদ থেকেও বঞ্চিত হন। একটি আধুনিক ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অন্যতম প্রধান শর্ত নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা”।
প্রবন্ধে আরও বলা হয়, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হলে সমাজ নারীকে পূর্ণাঙ্গ নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে দ্বিধা করে। সম্পদে সমান অধিকার নারীর সামাজিক মর্যাদা ও ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাকে নিজের পায়ে দাঁড়াতে সহায়তা করে। কৃষি ও শিল্পসহ অর্থনীতির বিভিন্ন খাতে নারীর অংশগ্রহণ বাড়লেও কৃষিতে নারী শ্রমিকদের ভূমিকার তুলনায় জমির ওপর তাদের মালিকানা প্রায় নেই বললেই চলে। সরকারের নীতি অনুযায়ী ভূমিহীন ও ক্ষেত মজুরদের খাসজমি দেওয়ার কথা রয়েছে। খাসজমি বিতরণ নীতিমালায় স্বামী-স্ত্রী উভয়ের নামে জমি দেওয়ার বিধান থাকলেও বাস্তব চিত্র ভিন্ন।
কাগজে-কলমে নারীর একক বা যৌথ নামে জমি থাকলেও অনেক ক্ষেত্রে এর নিয়ন্ত্রণ থাকে পুরুষের হাতে। ফলে সমাজ, আইন, বিধি ও পারিবারিক পরিবেশ নারীকে তার প্রাপ্য অধিকার বুঝিয়ে দিচ্ছে কি না, এ প্রশ্ন থেকেই যাচ্ছে।
কর্মসংস্থানের ক্ষেত্রেও নারীর মৌলিক অধিকার ও সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সিডও সনদের ১১ নম্বর ধারায় সমান পারিশ্রমিক, একই মানের কাজের ক্ষেত্রে সমান আচরণ এবং কাজের মান মূল্যায়নে সমতার অধিকার স্বীকৃত হয়েছে। কর্মজীবী নারীর মাতৃত্বকালীন সুবিধা, স্বাস্থ্যসেবা, শিশু পরিচর্যা, নিরাপদ কর্মপরিবেশ ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের সক্রিয় পদক্ষেপের কথাও সনদে বলা হয়েছে।
বৈষম্য দূর করতে পাঁচ দফা সুপারিশ
নারীর সম্পত্তির অধিকার নিশ্চিত করতে মহিলা পরিষদ পাঁচ দফা সুপারিশ দিয়েছে। এর মধ্যে রয়েছে, বৈষম্যমূলক প্রথাগত ও ব্যক্তিগত আইন সংশোধন করে সমান উত্তরাধিকার নিশ্চিত করা; বিবাহিত জীবনে অর্জিত সম্পত্তি ও খাসজমিতে স্বামী-স্ত্রীর যৌথ মালিকানা বাধ্যতামূলক করা; পিতৃতান্ত্রিক মানসিকতা পরিবর্তনে ব্যাপক সচেতনতা তৈরি; জামানত ছাড়াই বা বিকল্প জামানতের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ঋণ সুবিধা সহজ করা এবং সম্পত্তি থেকে বঞ্চিত বা নির্যাতনের শিকার নারীদের জন্য দ্রুত ও বিনামূল্যে আইনি সহায়তা জোরদার করা।
মতবিনিময় সভায় উইমেন ফর উইমেনের সভাপতি ও দীপ্ত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাকিয়া কে হাসান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট সালমা আলী, বাংলাদেশ নারী প্রগতি সংঘের পরিচালক শাহনাজ সুমী, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর চন্দন লাহিড়ী এবং উইমেন উইথ ডিজঅ্যাবিলিটিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফুন নাহার মিষ্টি বক্তব্য দেন।
মুক্ত আলোচনায় বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি, ইউএন উইমেন বাংলাদেশের প্রোগ্রাম অ্যানালিস্ট ও ইউনিট ম্যানেজার (জেন্ডার রেসপনসিভ গভর্ন্যান্স) তপতী সাহা, এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এবং মহিলা পরিষদের আন্তর্জাতিক উপপরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যাপক ড. সিউতি সবুর।