বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৯ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: ফেসবুক থেকে
অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনকালে বিভিন্ন নিয়োগ, পদোন্নতি ও বদলির যাবতীয় তথ্য ও নথিপত্র চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের পক্ষ থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের কাছে বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
দুদকের উপপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান মো. জাহিদ কালামের সই করা ওই চিঠিতে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় রেকর্ডপত্র কমিশনে পাঠাতে বলা হয়েছে। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ, সাবেক সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে চার সদস্যের একটি দল গঠন করা হয়েছে। অনুসন্ধানের স্বার্থে আসিফ মাহমুদের মেয়াদে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলিসংক্রান্ত তথ্য এবং সংশ্লিষ্ট নথির সত্যায়িত অনুলিপি চাওয়া হয়েছে।
এছাড়া চিঠিতে ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব প্রদান ও বাতিল সংক্রান্ত নথি এবং কয়েকজন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার ব্যক্তিগত নথির অনুলিপিও চাওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৫ ও ২০২৬ সালের কয়েকটি নির্দিষ্ট স্মারকের ভিত্তিতে বদলিসংক্রান্ত নথিপত্রও তলব করা হয়েছে।
এর আগে বুধবার দুদকের পক্ষ থেকে জানানো হয়, আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে পদোন্নতি ও বদলির ক্ষেত্রে ঘুষ গ্রহণ এবং সিন্ডিকেটের মাধ্যমে কেনাকাটায় অনিয়মের অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছে। দুদকের দাবি অনুযায়ী, ৩৮ জন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল ও পদায়নের জন্য ৭৬ লাখ টাকা এবং ১৫০ জন সহকারী কর্মকর্তার পদোন্নতির জন্য ১ কোটি ৫ লাখ টাকা ঘুষ নেওয়া হয়েছে। এ ছাড়া পছন্দের জায়গায় পদায়নের জন্য আরও প্রায় ২ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।
তবে বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়ে দুদক যে বক্তব্য দিয়েছে তা প্রত্যাহার করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।