মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে বুধবার বাংলাদেশিদের পাসপোর্ট ও শ্রমিক সমস্যা নিয়ে আলোচনা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট জটিলতা, শ্রমিক নিয়োগ, অবৈধ অভিবাসন ও দক্ষ জনশক্তির চাহিদাসহ বিভিন্ন সমস্যা নিয়ে দেশটির রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি।
বাংলাদেশ হাইকমিশনে বুধবার অনুষ্ঠিত এ আলোচনায় অধ্যাপক মুজিবুর রহমান প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট-সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
একই সঙ্গে হাইকমিশনের কার্যক্রম ও প্রবাসীদের সেবা প্রদানের ক্ষেত্রে কোনো সমস্যা বা প্রতিবন্ধকতা রয়েছে কি না, তা জানতে চান তিনি।
এ সময় হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী মালয়েশিয়ায় অবস্থানরত অভিবাসীদের পরিস্থিতি তুলে ধরেন।
তিনি জানান, বর্তমানে দেশটিতে আনুমানিক ৮ থেকে ১৫ লাখ অভিবাসী রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়ায় ৩৭টি কারাগার রয়েছে এবং বিভিন্ন দেশের আটক ব্যক্তিদের সেখানে রাখা হয়। এ ছাড়া অবৈধ অভিবাসীদের জন্য রয়েছে ১৭টি ডিটেনশন ক্যাম্প। এসব ক্যাম্পে প্রায় এক হাজার ৯০০ বাংলাদেশি বন্দি রয়েছেন।
তাদের আইনি সহযোগিতা দেওয়ার কথাও জানান তিনি।
হাইকমিশনার জানান, মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ১১ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত। প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও হাইকমিশন কাজ করছে।
আলোচনায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফ্রি ট্রেড নিয়েও কথা হয়। হাইকমিশনারের উদ্যোগে আগামী ডিসেম্বরের মধ্যে ফ্রি ট্রেড-সংক্রান্ত একটি চুক্তি বা সমঝোতা কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। এটিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ভালো উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়।
শ্রমবাজার প্রসঙ্গে হাইকমিশনার বলেন, বাংলাদেশি শ্রমিক নিয়োগের বিষয়টি সরাসরি আলোচনা না হয়ে রিক্রুটমেন্ট এজেন্সি-সংক্রান্ত বিষয়েই বেশি আলোচনা হয়।
তিনি জানান, মালয়েশিয়ায় বর্তমানে দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে এবং বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার সুযোগ রয়েছে। দেশটিতে প্রায় আড়াই হাজার রিক্রুটমেন্ট এজেন্সি রয়েছে।
বাংলাদেশি নারী শ্রমিকদের কর্মসংস্থান ও আত্মসম্মানের বিষয়ে জানতে চাইলে হাইকমিশনার জানান, নারীদের জন্য দক্ষ ও অদক্ষ- উভয় ধরনের কর্মসংস্থানের ভিসা বর্তমানে সীমিত বা অনুপস্থিত রয়েছে।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, হাইকমিশন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। তাই মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের ভালো-মন্দ দেখার দায়িত্ব হাইকমিশনের। প্রয়োজনীয় সহযোগিতায় তারা পাশে থাকবেন।
মালয়েশিয়া-সংক্রান্ত নির্ভুল তথ্য বাংলাদেশ সরকার ও বিরোধী দলকে সরবরাহ, দালালদের দৌরাত্ম্য কমানো, আর্থিক হয়রানি বন্ধ এবং শ্রমিকদের জন্য আরও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে হাইকমিশনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী, ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা, প্রধান চ্যান্সারি প্রণব কুমার ভট্টাচার্য, মালয়েশিয়া শাখার সেক্রেটারি জেনারেল ড. খাইরুল ইসলাম, ড. ইউসুফ আলী ও সাইফুদ্দিন ইয়াহহিয়া উপস্থিত ছিলেন।