× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাপলা চত্বর গণহত্যা: ইনুসহ ১১ আসামি ট্রাইব্যুনালে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:১১ এএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৪ এএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাইল ছবি

ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

কারাগার থেকে প্রিজনভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

হাজির করা ১১ আসামির মধ্যে রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা। এর সঙ্গে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে হাজির করার বিষয়টি গত শুনানিতে প্রোডাকশন ওয়ারেন্টের সঙ্গে যুক্ত ছিল।

এর আগে ১৬ আগস্ট এ মামলায় গ্রেপ্তার নয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সেদিন ইনু ও আব্দুর রাজ্জাককে হাজির করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু না হওয়া এবং পলাতক আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের বিষয়ে নন এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) না পাওয়ায় প্রসিকিউশন সময় চায়। পরে ট্রাইব্যুনাল ৩ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। গত ২৭ জুলাই ট্রাইব্যুনাল-২ তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন।

একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি এবং গ্রেপ্তার আসামিদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। ৪১ আসামির মধ্যে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক কর্মকর্তা, রাজনৈতিক সংগঠক এবং দুই সাংবাদিক রয়েছেন।

মামলার অভিযোগে দুটি ঘটনাকে বিশেষভাবে সামনে আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান ও সংঘর্ষের সময় ঢাকায় ৩২ জন নিহত হওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, তদন্তে মোট ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে পাঁচ এবং কুমিল্লায় একজন।

২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম ‘ঢাকা অবরোধ’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় সমাবেশ করে। এর অংশ হিসেবে রাতে শাপলা চত্বরে বিপুলসংখ্যক মানুষ অবস্থান নেন। 

হিউম্যান রাইটস ওয়াচ-এর প্রতিবেদনে বলা হয়, ৬ মে ভোরে পুলিশ, র‍্যাব ও বিজিবির সমন্বিত বাহিনী তাদের সরিয়ে দিতে অভিযান চালায়।

সংস্থাটির অনুসন্ধানে টিয়ার গ্যাস, রাবার বুলেট ও শব্দবোমা ব্যবহারের কথা উঠে আসে। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগের স্বাধীন তদন্তের আহ্বান জানানো হয়।

শাপলা চত্বরের ঘটনাটি নিয়ে ২০১৩ সাল থেকেই নিহতের সংখ্যা ও ঘটনার প্রকৃতি নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। সরকারি হিসাব, হেফাজতের দাবি এবং মানবাধিকার সংগঠনগুলোর তথ্যের মধ্যে তখন বড় ধরনের পার্থক্য দেখা যায়

হিউম্যান রাইটস ওয়াচ হাসপাতালের নথি, প্রত্যক্ষদর্শীর বক্তব্য ও সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে ৫ ও ৬ মে মিলিয়ে অন্তত ৫৮ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল।

বর্তমান মামলায় প্রসিকিউশন ঘটনাগুলোকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচারযোগ্য বলে অভিযোগ করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা