× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাবদাহের আঁচ এসির বাজারে

সৌরভ হোসেন

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪২ পিএম

প্রতীকী ছবি/এআই

প্রতীকী ছবি/এআই

তীব্র দাবদাহে দেশে বাড়ছে এয়ার কন্ডিশনারের (এসি) চাহিদা। কয়েক বছর আগেও উচ্চবিত্তের বিলাসপণ্য হিসেবে বিবেচিত হলেও তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে এসি এখন মধ্যবিত্ত পরিবারেরও প্রয়োজনীয় পণ্যে পরিণত হচ্ছে। রাজধানী থেকে জেলা ও আধা-শহরাঞ্চলÑ সবখানেই বাড়ছে এর বিক্রি। এতে একদিকে যেমন এসির বাজার সম্প্রসারিত হচ্ছে, অন্যদিকে বাড়ছে বিদ্যুতের ব্যবহার ও জাতীয় গ্রিডের ওপর চাপ।

রাজধানীর মালিবাগের চাকরিজীবী কামরুজ্জামান দীর্ঘদিনের সঞ্চয় থেকে এবার এক টনের একটি এসি কিনেছেন। মঙ্গলবার মালিবাগের একটি ইলেকট্রনিকসের দোকানে এসি কিনতে এসে প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে কথা বলেন তিনি। কামরুজ্জামান বলেন, “গরমে বাসায় থাকা কঠিন হয়ে পড়েছে। তাই জমানো টাকা দিয়ে এসি কিনলাম। আগে মনে হতো এসি বিলাসিতা, এখন মনে হচ্ছে প্রয়োজন।”

রাজধানীর মালিবাগ, রামপুরা ও মধ্য বাড্ডার বিভিন্ন ইলেকট্রনিকসের শোরুম ঘুরে দেখা গেছে, তীব্র গরমের প্রভাব পড়েছে এসির বাজারে। বিক্রেতারা বলছেন, চলমান তাপপ্রবাহে এসির বিক্রি কয়েক গুণ পর্যন্ত বেড়েছে। বিশেষ করে ১ টন ও ১ দশমিক ৫ টন ক্ষমতার এসির চাহিদা বেশি।

মালিবাগের ওয়ালটনের ডেপুটি ম্যানেজার মো. নূর আলম সিদ্দিকি বলেন, গত বছরের তুলনায় চলতি বছরে এসির বিক্রি প্রায় ২৫ শতাংশ বেড়েছে। ১ টন ও ১ দশমিক ৫ টন ক্ষমতার এসির চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে সাম্প্রতিক লোডশেডিংয়ের কারণে বিক্রি কিছুটা কমলেও সামগ্রিকভাবে বিক্রি ভালো রয়েছে।

বিলাসপণ্য থেকে প্রয়োজনীয় পণ্য  

একসময় দেশে এসি ব্যবহার করতেন মূলত উচ্চবিত্ত ও করপোরেট শ্রেণির মানুষ। স্থানীয় উৎপাদন বৃদ্ধি, বিভিন্ন দামের মডেল বাজারে আসা এবং মানুষের ক্রয়ক্ষমতা বাড়ায় সেই চিত্র বদলেছে। এখন শহরের মধ্যবিত্ত পরিবারের পাশাপাশি জেলা ও আধা-শহরাঞ্চলের পরিবারেও এসি ব্যবহারের প্রবণতা বাড়ছে।

বাজার-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, কয়েক বছরের ব্যবধানে বাংলাদেশে এসির বার্ষিক বিক্রি প্রায় তিন গুণ হয়েছে। ২০২৩ সালে এসি বিক্রি প্রায় ৫ লাখ ৩০ হাজার ইউনিটে পৌঁছায়। ২০২৪-২৫ সময়ে তা ৬ থেকে ৭ লাখ ইউনিটের কাছাকাছি ছিল। তবে শিল্প-সংশ্লিষ্টদের ধারণা, ২০২৬ সালে বিক্রি কিছুটা কমে ৬ থেকে সাড়ে ৬ লাখ ইউনিটের মধ্যে থাকতে পারে। বাজারের এই প্রবৃদ্ধির পেছনে শুধু গরম নয়, স্থানীয় উৎপাদন বৃদ্ধি, তুলনামূলক কম দামে এসি পাওয়া, কিস্তিতে কেনার সুযোগ এবং জীবনযাত্রার পরিবর্তনও ভূমিকা রাখছে।

বদলাচ্ছে ক্রেতার পছন্দ  

আগে তীব্র গরম শুরু হওয়ার পর মানুষ এসি কেনার কথা ভাবতেন। এখন সেই প্রবণতাও বদলাচ্ছে। অনেক ক্রেতা গরমের মৌসুম শুরুর আগেই এসি কেনার পরিকল্পনা করছেন। ফলে উৎপাদকদের উৎপাদন পরিকল্পনা ও সরবরাহ ব্যবস্থাতেও পরিবর্তন আনতে হচ্ছে। ২০২৬ সালের বাজার নিয়ে শিল্প-সংশ্লিষ্ট একটি পূর্বাভাসে সামগ্রিক এসির চাহিদা ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা দেওয়া হয়েছিল। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, নতুন বিক্রি হওয়া এসির ৮০ শতাংশের বেশি ইনভার্টার প্রযুক্তির মডেল। এতে বোঝা যায়, ক্রেতারা এখন শুধু শীতলীকরণ নয়, বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টিও গুরুত্ব দিচ্ছেন।

বর্তমানে বাজারে ১ টন এসির দাম প্রায় ৩৫ হাজার থেকে ৯০ হাজার টাকা এবং ১ দশমিক ৫ টন এসির দাম প্রায় ৬০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকা পর্যন্ত। ব্র্যান্ড, মডেল ও প্রযুক্তিভেদে দামের পার্থক্য রয়েছে। ফলে এসি মধ্যবিত্তের নাগালের মধ্যে এলেও এটি পরিবারের জন্য নতুন ধরনের ব্যয় তৈরি করছে। এসি কেনার পর বাড়তি বিদ্যুৎ বিলও পরিবারের বাজেটে চাপ সৃষ্টি করছে।

এসির সঙ্গে বাড়ছে বিদ্যুতের চাপ  

এসি বিক্রি বাড়াকে শুধু ভোক্তা বাজারের সম্প্রসারণ হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে সরাসরি জড়িয়ে আছে বিদ্যুতের চাহিদা। প্রচণ্ড গরমে লাখ লাখ পরিবার একই সময়ে এসি, ফ্যান ও অন্যান্য শীতলীকরণ যন্ত্র ব্যবহার করলে সন্ধ্যা ও রাতের ব্যস্ত সময়ে বিদ্যুতের চাহিদা দ্রুত বেড়ে যেতে পারে। এখানে একটি বৈপরীত্য তৈরি হচ্ছে। মানুষ গরম থেকে বাঁচতে যত বেশি এসি ব্যবহার করছে, বিদ্যুতের প্রয়োজনও তত বাড়ছে। বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা থাকলে কার্বন নিঃসরণও বাড়তে পারে। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বাড়ছে, গরম থেকে বাঁচতে বাড়ছে এসির ব্যবহার এবং এর ফলে বিদ্যুতের চাহিদা ও নিঃসরণ বাড়ার আশঙ্কাও তৈরি হচ্ছে।

ঢাকার গণ্ডি পেরিয়ে জেলা শহরে  

এসির বাজার এখন শুধু ঢাকা কিংবা অভিজাত আবাসিক এলাকায় সীমাবদ্ধ নেই। জেলা ও আধা-শহরাঞ্চলেও বাড়ছে বিক্রি। শিল্প-সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ওয়ালটন ও গ্রির মতো বড় ব্র্যান্ডের মোট এসি বিক্রির প্রায় ৬০ শতাংশই এখন জেলা ও আধা-শহরাঞ্চল থেকে আসছে। তীব্র গরম, আয় বৃদ্ধি ও সহজলভ্যতার কারণে এসি ধীরে ধীরে দেশব্যাপী ভোক্তা পণ্যে পরিণত হচ্ছে। ভবিষ্যতে তাপমাত্রা আরও বাড়লে এই বাজার আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সমাধান শুধু এসি নয়  

পরিবেশবিদদের মতে, এসির ব্যবহার বন্ধ করা বাস্তবসম্মত সমাধান নয়। বরং কম বিদ্যুৎ খরচে কার্যকর শীতলীকরণ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। এর জন্য ইনভার্টার প্রযুক্তির প্রসার, শক্তি-সাশ্রয়ী যন্ত্রের ব্যবহার, ভবনের নকশায় তাপ নিয়ন্ত্রণ, ছাদে সবুজায়ন, পর্যাপ্ত গাছপালা এবং প্রাকৃতিক বায়ু চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।

শিল্প-সংশ্লিষ্টদের একাংশ ঘরের এসি প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসে সেট করে সঙ্গে ফ্যান ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তাদের দাবি, এতে তুলনামূলক কম বিদ্যুৎ খরচে আরামদায়ক পরিবেশ তৈরি করা সম্ভব।

তবে বড় প্রশ্ন হলোÑ জলবায়ু পরিবর্তনের কারণে গরম বাড়বে, গরম থেকে বাঁচতে এসির ব্যবহার বাড়বে এবং এসির ব্যবহার বাড়লে বিদ্যুতের চাহিদাও বাড়বে। এই চক্র ভাঙতে না পারলে শীতলীকরণের এই জনপ্রিয় ব্যবস্থা ভবিষ্যতে বিদ্যুৎ ও জলবায়ুÑ দুই ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা