× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

কাঠমান্ডু পোস্ট

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৬ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫০ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

নেপালে গত ২৬ আগস্টের ভয়াবহ বন্যায় দেশটির জলবিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে বাংলাদেশে নেপাল থেকে বিদ্যুৎ রপ্তানি কার্যত বন্ধ হয়ে গেছে। নেপাল ইলেকট্রিসিটি অথরিটি (এনইএ) জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়া এবং সঞ্চালন লাইনে বিপর্যয়ের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সাধারণত বর্ষা মৌসুমে নেপাল তার চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি করে। তবে এবারের বন্যা সেই ধারায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য নির্ধারিত চিলিম জলবিদ্যুৎ কেন্দ্র (২২.১ মেগাওয়াট) এবং ত্রিশূলি জলবিদ্যুৎ কেন্দ্র (২৪ মেগাওয়াট)—উভয়ই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সপ্তাহ থেকে এই কেন্দ্রগুলোতে উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।

চিলিম প্রকল্পের ২১.৪ মেগাওয়াট এবং ত্রিশূলি প্রকল্পের ১৮.৬ মেগাওয়াট বিদ্যুৎ ভারতের গ্রিড হয়ে বাংলাদেশে পাঠানোর অনুমোদন ছিল। এনইএ-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ বলেন, “বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী প্রকল্প দুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে রপ্তানি শূন্যের কোঠায় নেমেছে। আমরা বিকল্প কোনো প্রকল্প থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর অনুমতির জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছি।”

বন্যার আগে নেপাল বর্ষা মৌসুমে গড়ে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করছিল, যা বর্তমানে কমে ৬৫০ মেগাওয়াটে দাঁড়িয়েছে। বন্যার কারণে দেশটিতে মোট ১২টি জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর মধ্যে সানজেন, আপার সানজেন এবং সালাসুঙ্গি প্রকল্পগুলোকে ‘আইসোলেটেড মোড’-এ রাখা হয়েছে, অর্থাৎ এগুলো জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে কেবল স্থানীয়ভাবে বিদ্যুৎ সরবরাহ করছে।

বিদ্যুৎ রপ্তানি কমার পেছনে কেবল প্রাকৃতিক দুর্যোগই একমাত্র কারণ নয়; ভারতের পক্ষ থেকে রপ্তানি অনুমোদন নবায়ন না হওয়াকেও দায়ী করা হচ্ছে। তিনটি জলবিদ্যুৎ প্রকল্পের (আপার চামেলিয়া, সেতি রিভার এবং আপার তাদি খোলা) মোট ৭৩.৭৫ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির মেয়াদ গত জুন ও জুলাই মাসে শেষ হলেও ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি তা এখনো নবায়ন করেনি। ফলে এই বিদ্যুৎ ভারতের বাজারে বিক্রি করতে পারছে না নেপাল।

নেপাল তার বিদ্যুৎ রপ্তানি বাজার সম্প্রসারণ করতে চাইলেও ভারতের কড়া নীতিমালা বাধার সৃষ্টি করছে। বিশেষ করে যেসব প্রকল্পে চীনা বিনিয়োগ, চীনা ঠিকাদার বা চীনা যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে, সেসব প্রকল্পের বিদ্যুৎ নিতে ভারত অনাগ্রহ দেখাচ্ছে। ৪৫৬ মেগাওয়াটের আপার তামাকোশি প্রকল্প এর অন্যতম উদাহরণ। প্রকল্পটির সিভিল কাজ একটি চীনা কোম্পানি করায় ভারত এখনো এর বিদ্যুৎ আমদানির অনুমতি দেয়নি।

এছাড়া, ২০২৫ সালের নভেম্বরে ঢাকা ও কাঠমান্ডুর মধ্যে আরও ২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের বিষয়ে সমঝোতা হলেও সঞ্চালন সক্ষমতার অজুহাতে ভারত তাতে সায় দেয়নি।

নেপাল একসময় বিদ্যুৎ আমদানির ওপর নির্ভরশীল থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তারা নিট রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশটি ভারত ও বাংলাদেশে মোট ২৯.৩২ বিলিয়ন রুপির বিদ্যুৎ রপ্তানি করেছে, বিপরীতে আমদানি করেছে ১০.২৩ বিলিয়ন রুপির বিদ্যুৎ। অর্থাৎ, বিদ্যুৎ বাণিজ্য থেকে নেপালের নিট আয় ছিল ১৯.০৯ বিলিয়ন রুপি।

বর্তমানে এনইএ দ্রুত ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত এবং বিকল্প উৎস থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে রপ্তানি সচল রাখা অনেকটা ভারতের প্রশাসনিক অনুমোদনের ওপর নির্ভর করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা