বাসস
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ২১:২২ পিএম
জাতীয় সংসদে কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। ছবি: বাসস
সরকার গণমাধ্যমকে কোনো ধরনের নিয়ন্ত্রণ করছে না এবং সংবাদ প্রকাশ বা প্রচারের ক্ষেত্রে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।
তিনি বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে গণমাধ্যম ও বাকস্বাধীনতা সবচেয়ে বেশি।
জাতীয় সংসদে এনসিপি দলীয় সদস্য আবদুল হান্নান মাসউদের এক সম্পূরক প্রশ্নের জবাবে বুধবার প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সরকার গণমাধ্যমকে কোনো রকম নিয়ন্ত্রণ করতে চাচ্ছে না এবং করছেও না। সংবাদমাধ্যম স্বাধীন। তারা কোন সংবাদ আপলোড করবেন, কোন সংবাদ ডাউনলোড করবেন, কোন সংবাদ ছাপবেন বা ছাপবেন না-এটি সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয়।
তিনি বলেন, কোনো সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট সংবাদমাধ্যম যদি মনে করে সংবাদটি সঠিক নয় অথবা সংবাদটি প্রকাশ করা উচিত হয়নি, তাহলে তারা নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী সেটি সরিয়ে নিতে পারে। এ বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করে না।
ইয়াসির খান চৌধুরী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে বলেই সংবাদমাধ্যমের সম্পাদকীয় সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না।