প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩০ পিএম
জাতীয় মানবাধিকার কমিশন লোগো। ফাইল ছবি
জাতীয় মানবাধিকার কমিশনকে আরও কার্যকর ও স্বাধীন করতে নতুন আইনি কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬-এর খসড়ায় পাঁচ জায়গায় সংশোধন করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। যাচাই-বাছাই শেষে সংশোধিত আকারে বিলটি সংসদে পাসের সুপারিশ করেছে কমিটি।
জাতীয় সংসদে বুধবার এ-সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপনের কথা রয়েছে। প্রতিবেদন উপস্থাপনের পর সংশোধনীগুলো নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হবে। এরপর বিলটি পাসের জন্য বিবেচনায় আসবে।
সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী, জাতীয় মানবাধিকার কমিশনকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে। কমিশনের তদন্তকালে কোনো আমলযোগ্য অপরাধের ঘটনা ধরা পড়লে এবং ওই ঘটনায় থানায় মামলা থাকলে কমিশন আসামিকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করতে পারবে। পাশাপাশি কমিশন চাইলে যেকোনো ঘটনার তদন্ত করতে পারবে। সেই তদন্ত প্রতিবেদন আদালতে সাক্ষ্য হিসেবেও বিবেচিত হবে।
বিলের আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো জাতিসংঘের নির্যাতনবিরোধী প্রটোকলের আলোকে জাতীয় প্রতিরোধমূলক ব্যবস্থাপনা ইউনিট (এনপিএম) প্রতিষ্ঠা। এনপিএম পূর্বানুমতি ছাড়াই যেকোনো স্থানে, বিশেষ করে আটককেন্দ্র, হাজতখানা ও সেইফ হোম পরিদর্শন করতে পারবে। খসড়া বিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতির বিধান থাকায় এ নিয়ে সমালোচনা হয়েছিল।
এ ছাড়া কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় একজন নারী ও একজন নৃগোষ্ঠীর প্রতিনিধিকে রাখা বাধ্যতামূলক করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
এর আগে গত ২৭ আগস্ট আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি সংসদে উত্থাপন করেন। পরীক্ষা-নিরীক্ষার জন্য তা সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। ডেপুটি স্পিকার কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। পরে গত ৩০ আগস্ট কমিটির বৈঠকে বিলটি বিস্তারিত যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় সংশোধনসহ পাসের সুপারিশ করা হয়।
জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ রহিত করে নতুন আইনি কাঠামো প্রণয়নের লক্ষ্যেই বিলটি আনা হয়েছে। সরকারের দাবি, নতুন আইনের মাধ্যমে কমিশনকে আরও কার্যকর ও স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও প্রতিকারের কাঠামো আরও শক্তিশালী করা হবে।