প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫২ পিএম
মো. কামরুজ্জামান চৌধুরী। ছবি: জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বর্তমান সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, চুক্তিভিত্তিক নিয়োগে থাকা স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে এখন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
আলাদা এক প্রজ্ঞাপনে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে। উল্লেখ্য, মো. এহছানুল হক ও মো. কামরুজ্জামান চৌধুরী—উভয় কর্মকর্তাই বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত আছেন।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রশাসনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত জনপ্রশাসন মন্ত্রণালয়ে এই রদবদলকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।