দুর্নীতি দমন কমিশনের (দুদক) লোগো। ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক শক্তির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি জানিয়েছে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো কেবল অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক ক্ষুদে বার্তায় (এসএমএস) বুধবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে আকতারুল ইসলাম জানিয়েছিলেন, আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে বিকেলে সেই বক্তব্য সংশোধন করে তিনি বলেন, “কথা বলতে গিয়ে সম্ভবত ‘প্রাথমিক সত্যতা’ শব্দ বলে ফেলেছি। মূলত পদোন্নতি, বদলি বাণিজ্য ও পদায়নসহ বিভিন্ন অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।”
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ছাড়া অন্য যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হচ্ছে, তারা হলেন— যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।
দুদক সূত্র জানায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, সরকারি কেনাকাটা এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে চার সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন।
অভিযোগে যা আছে
অনুসন্ধানী টিমের প্রাথমিক তথ্যানুযায়ী, অভিযুক্তরা ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল ও পদায়ন করিয়ে ৭৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ছাড়া ১৫০ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতির জন্য ১ কোটি ৫০ লাখ টাকা এবং পদোন্নতিপূর্বক পছন্দমতো জায়গায় পদায়নের জন্য ২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলমসহ একটি সিন্ডিকেট চক্র টেন্ডারবাজি ও কেনাকাটা নিয়ন্ত্রণ করে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। এ ছাড়া আসিফ মাহমুদের বিরুদ্ধে ক্রিকেট বোর্ডের কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ, বিদেশে অর্থপাচার, বিটকয়েন লেনদেন এবং চাঁদাবাজির মতো অভিযোগও অনুসন্ধানের আওতায় আনা হয়েছে।
দুদক জানিয়েছে, বিশেষ কমিটি এই অভিযোগগুলোর বিভিন্ন দিক, আর্থিক লেনদেন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া খতিয়ে দেখবে।