প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫১ পিএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। ফাইল ছবি
প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে এবং চুক্তিভিত্তিক এক সচিবসহ মোট পাঁচজন সচিবের দপ্তর পরিবর্তন বা নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধাবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন উপসচিব জেতী প্রু।
প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে পদোন্নতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের চুক্তিভিত্তিক সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিস মাওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অর্থাৎ তাকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে আনা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।