প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১২ পিএম
ফাইল ছবি
এ, বি ও সি শ্রেণির সরকারি বাসা বা বাড়ি এখন থেকে আর সরাসরি বরাদ্দ দেবে না সরকারি আবাসন পরিদপ্তর। এর পরিবর্তে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের নির্ধারিত কোটা অনুযায়ী এসব বাসা বরাদ্দ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ‘বাংলাদেশ অ্যালোকেশন রুলস, ১৯৮২’-এর বিধি-৬ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার এ নির্দেশনা জারি করা হয়। চিঠিটি সব সিনিয়র সচিব, সচিব এবং বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বিদ্যমান বিধি অনুযায়ী এ, বি ও সি শ্রেণির সরকারি বাসা বরাদ্দের কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ কর্তৃক সম্পন্ন হওয়ার কথা। সরকারি আবাসন পরিদপ্তর মূলত এসব আবাসনের কোটা বিন্যাস ও সমন্বয়ের দায়িত্ব পালন করবে।
আবাসন পরিদপ্তর জানায়, আগে সরকারি রাজস্ব আদায় ও সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে তিন মাসের বেশি খালি থাকা বাসাগুলো পরিদপ্তরের পুলে এনে প্রাধিকারভুক্ত কর্মচারীদের অনুকূলে সরাসরি বরাদ্দ দেওয়ার একটি নীতিগত সিদ্ধান্ত ছিল। সেই অনুযায়ী কিছু বাসাও বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে গত ৩০ জুন অনুষ্ঠিত আবাসন পরিদপ্তরের ‘বাসা বরাদ্দ কমিটি-১’-এর সভায় এই নিয়ম পরিবর্তন করে ১৯৮২ সালের বিধিমালা পুরোপুরি অনুসরণের সুপারিশ করা হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, এ, বি ও সি শ্রেণির বাসা এখন থেকে সরকারি আবাসন পরিদপ্তর সরাসরি বরাদ্দ না করে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের জন্য নির্দিষ্ট কোটা সমন্বয় করবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো তাদের নির্ধারিত কোটা অনুযায়ী বিধি মেনে কর্মকর্তা-কর্মচারীদের বাসা বরাদ্দের ব্যবস্থা নেবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের বিধিমালা অনুযায়ী আবাসন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে। কোন মন্ত্রণালয় বা বিভাগের কতটি বাসা প্রয়োজন, তা কোটা সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত হবে এবং খালি পড়ে থাকা বাসাগুলো দ্রুত ব্যবহারের সুযোগ তৈরি হবে।
এখন থেকে এ ধরনের সরকারি বাসা বরাদ্দের ক্ষেত্রে আবাসন পরিদপ্তর সরাসরি বরাদ্দদাতা হিসেবে নয়, বরং সমন্বয়কারী হিসেবে কাজ করবে।