প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৩ পিএম
বঙ্গভবনে বুধবার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের তৈরি পোশাক রপ্তানি খাতের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বঙ্গভবনে বুধবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির কাছে তৈরি পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এবং তা সমাধানে তার সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি পোশাক খাতের ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, “দীর্ঘদিন ধরে তৈরী পোশাক শিল্পে যে অব্যবস্থাপনা ও অনিয়ম চলে আসছে তা সমাধানে সরকার কাজ করছে। বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।”
এ সময় বিজিএমইএ প্রতিনিধিদল আগামী ১৯ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া ‘২৫তম বাটেক্সপো ২০২৬’ (BATEXPO 2026)-এর সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানায়। রাষ্ট্রপতি এই আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেন।