× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে আগ্রহী বাংলাদেশ ও ভারত

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৮ পিএম

জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে বুধবার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে বুধবার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ-ভারতের জনগণের মধ্যকার সম্পর্ককে দুই দেশের সম্পর্কের ভিত্তি করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

অন্যদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে বুধবার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার। সাক্ষাতকালে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী।

পৃথক দুই বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় কূটনীতি, রোহিঙ্গা সংকট ও পুনর্বাসন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় এবং সংসদীয় কার্যক্রমের আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সব সময় নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়েছে। ঐতিহাসিক এই সম্পর্ক বিভিন্ন সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তিত হয়েছে। দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ককে বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি করা উচিত।

স্পিকার বলেন, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে।

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে আবার গণতন্ত্রের পথ সুগম হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তার মতে, শেখ হাসিনার শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যে মূলত সরকারকেন্দ্রিক সম্পর্ক ছিল।

ভবিষ্যতে পারস্পরিক শ্রদ্ধা এবং দুই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর জোর দেন স্পিকার।

হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী।

জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদার করার মাধ্যমে দুই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করার কথা জানান তিনি।

বৈঠকে দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের বিষয়টি গুরুত্ব পায়। ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশের স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানান দীনেশ ত্রিবেদী। তিনি দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

রোহিঙ্গা সংকট ও পুনর্বাসন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক আদান-প্রদান নিয়েও স্পিকারের সঙ্গে আলোচনা করেন ভারতের হাইকমিশনার।

ই-পার্লামেন্টে ভারতের সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার

এর আগে জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি সংসদীয় কূটনীতি, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং সংসদীয় কার্যক্রম আধুনিকায়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলীর প্রশংসা করেন ভারতের হাইকমিশনার। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত অভিন্ন ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক স্বার্থের বন্ধনে আবদ্ধ। বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নিতে সংসদীয় যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো প্রয়োজন।

ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ভারতের পার্লামেন্ট একটি আধুনিক পার্লামেন্ট। বাংলাদেশ ইতিমধ্যে ই-পার্লামেন্ট ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। এর সফল বাস্তবায়নে তিনি ভারতের সহযোগিতা প্রত্যাশা করেন।

দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, নিয়মিত মতবিনিময় এবং পার্লামেন্টের পারস্পরিক সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন ডেপুটি স্পিকার। বাংলাদেশ ও ভারতের মধ্যে সংসদীয় কূটনীতির ক্ষেত্র তৈরি হলে তা অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

দুই বৈঠকে জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং পারস্পরিক আস্থা ও স্থিতিশীলতা সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করা হয়।

সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা