× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তথ্য কমিশনের জন্য প্রতীক্ষা

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৬ এএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৮ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় চাহিদা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে গঠিত তথ্য কমিশন স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারেনি সরকারি স্তাবক ও অযোগ্যদের পদায়নের কারণে। তারপরেও নাগরিকদের সাধারণ কিছু তথ্যের চাহিদা পূরণে কমিশন যেটুকু ভূমিকা পালন করত এখন সেটুকু সেবা থেকেও বঞ্চিত নাগরিকরা। নির্বাচিত সরকার গঠনের ছয় মাসেও পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়নি তথ্য কমিশন। শূন্য রয়েছে প্রধান তথ্য কমিশনার ও দুই তথ্য কমিশনারের পদ। আটকে আছে তথ্য অধিকার আইনের আওতায় করা শত শত অভিযোগের শুনানি ও নিষ্পত্তি। ফলে অবাধ তথ্যপ্রবাহ থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ নাগরিকরা। দেশে গণতন্ত্র ফিরলেও নিশ্চিত হচ্ছে না সরকারের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা।

তথ্য অধিকার আইনে নাগরিকের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে এবং সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে তথ্য কমিশন কিছুটা হলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু কমিশন দীর্ঘ সময় কার্যকর না থাকায় তথ্য না পাওয়া নাগরিকদের প্রতিকার পাওয়ার পথ পুরোপুরি রুদ্ধ হয়ে আছে। সরকার অবশ্য সম্প্রতি কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর সেপ্টেম্বর মাসে প্রধান তথ্য কমিশনারের পদ থেকে সাবেক সচিব আবদুল মালেক ও তথ্য কমিশনারের পদ থেকে শহীদুল আলম পদত্যাগ করেন। দীর্ঘদিন অনুপস্থিত থাকায় আরেক তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে ২০২৫ সালের জানুয়ারিতে অপসারণ করা হয়েছে। এরপর থেকে তথ্য কমিশন কার্যত অচল হয়ে আছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একজন সিনিয়র সাংবাদিককে প্রধান তথ্য কমিশনারের দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেওয়া হয়। তিনি অপারগতা প্রকাশ করার পর কমিশনে নিয়োগ দেওয়ার আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি চলতি বছর বিএনপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসার পরও তথ্য কমিশন গঠনের উদ্যোগ থমকে আছে। 

ভোগান্তিতে নাগরিকরা

তথ্য কমিশন অকার্যকর থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন তথ্য চাওয়া নাগরিকরা। গত জুলাইয়ের হিসাবে কমিশনে ৭৮০টি অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় ছিল। তবে গত বৃহস্পতিবার পর্যন্ত এই অভিযোগের সংখ্যা আটশ’রও বেশি। তথ্য কমিশন নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় সাধারণ জনগণের কাছ থেকে এ সম্পর্কিত অভিযোগ নিষ্পত্তির আবেদন বাড়ছে। তথ্য অধিকার আইনে কোনো নাগরিক চাহিদামতো তথ্য না পেলে তথ্য কমিশনে অভিযোগ করতে পারেন। কমিশন অভিযোগ গ্রহণ, অনুসন্ধান ও নিষ্পত্তির পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে জরিমানা আরোপ করতে পারে। প্রয়োজন হলে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করার ক্ষমতাও রয়েছে।

আইন অনুযায়ী, সাধারণ ক্ষেত্রে তথ্য চাওয়ার পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ২০ দিনের মধ্যে তথ্য দিতে হয়। একাধিক তথ্য প্রদান ইউনিটের সংশ্লিষ্টতা থাকলে সময়সীমা ৩০ দিন। আর জীবন-মৃত্যু, গ্রেপ্তার বা কারাগার থেকে মুক্তির মতো জরুরি বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে তথ্য দেওয়ার বিধান রয়েছে। তথ্য প্রদানকারী কর্মকর্তা তথ্য না দিলে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করার সুযোগ রয়েছে। সেখানেও তথ্য পাওয়া না গেলে তথ্য কমিশনে অভিযোগ করা যায়। কমিশন প্রাপ্ত অভিযোগের বিষয়ে শুনানি গ্রহণ করে নিষ্পত্তি করে থাকে। কিন্তু কমিশন কার্যকর না থাকায় এই শেষ ধাপেই আটকে যাচ্ছে অনেক নাগরিকের প্রতিকার পাওয়ার প্রক্রিয়া।

যেভাবে শুরু

২০০৯ সালের তথ্য অধিকার আইনের মাধ্যমে তথ্য কমিশন প্রতিষ্ঠিত হয়। আইন অনুযায়ী কমিশনে একজন প্রধান তথ্য কমিশনার এবং দুজন তথ্য কমিশনার থাকার কথা। তাদের মধ্যে অন্তত একজন নারী হওয়ার বিধান রয়েছে। কমিশন একটি স্বাধীন সংস্থা হিসেবে দায়িত্ব পালন করার কথা। তবে কমিশনের দীর্ঘ অচলাবস্থাকে কেবল তিনটি পদ শূন্য থাকার বিষয় হিসেবে দেখছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর সঙ্গে নাগরিকের তথ্য পাওয়ার অধিকার, সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডের স্বচ্ছতার বিষয়টি সরাসরি যুক্ত।

বাছাই কমিটি গঠন

গত ১১ জুলাই সরকার আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন নতুন বাছাই কমিটি গঠন করে। কমিটির অপর সদস্যরা হলেন মন্ত্রিপরিষদ সচিব, বিজেপির সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ, জামায়াতের সংসদ সদস্য মাসুদ সাঈদী এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। এর মধ্যে আন্দালিভ রহমান পার্থ গত ২১ আগস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী নিযুক্ত হয়েছেন। নিয়মানুযায়ী, এই কমিটি প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে দুজন করে প্রার্থীর নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। এরপর রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেবেন। বাছাই কমিটি গঠনের পর গত ১২ আগস্ট নিয়োগের জন্য পুনঃবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 

কঠোর হয়েছে আইন

তথ্য অধিকার ব্যবস্থায় এ বছর একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনও এসেছে। ফেব্রুয়ারিতে তথ্যের অবাধ প্রবাহ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে তথ্য অধিকার আইন, ২০০৯ সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়। সংশোধিত ব্যবস্থায় তথ্য না দেওয়ার ক্ষেত্রে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে। তথ্য কমিশনে করা অভিযোগ সাধারণত ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করার কথা। বিশেষ পরিস্থিতিতে এই সময় সর্বোচ্চ ৭৫ দিন পর্যন্ত বাড়ানো যায়। কমিশনের কার্যক্রম দীর্ঘ সময় বন্ধ থাকায় এই সময়সীমাও বাস্তবে মানা সম্ভব হচ্ছে না। তথ্য কমিশন গঠনে সরকার শেষ পর্যন্ত উদ্যোগ নেওয়ায় অচলাবস্থা কাটার সম্ভাবনা তৈরি হয়েছে। নিয়োগপ্রক্রিয়ায় যোগ্যতা, অভিজ্ঞতা, নিরপেক্ষতা ও জনস্বার্থের বিষয়টি গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছে তথ্য অধিকার ফোরাম। 

যা জানালেন নিয়োগ কমিটির সদস্য

তথ্য কমিশনার বাছাই কমিটির সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন, গত ২৬ আগস্ট এ সম্পর্কিত কমিটির বৈঠক ছিল। কমিটির সদস্য আন্দালিভ রহমান পার্থ সরকারের মন্ত্রী নিযুক্ত হওয়ায় তিনি এই বৈঠকে যোগদান করতে পারছেন না। নিয়ম অনুযায়ী নতুন সদস্য চেয়ে স্পিকারের কাছে চিঠি দেওয়া হয়েছে। নতুন সংসদ সদস্য মনোনয়ন দেওয়ার পর কমিটির কার্যক্রম শুরু হবে।

কেমন চলছে কমিশন 

প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনার না থাকায় গত ২৩ মাসেরও বেশি সময় ধরে এই কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের কোনো কাজ নেই। গত বৃহস্পতিবার আগারগাঁওয়ে অবস্থিত তথ্য কমিশন ভবনে গিয়ে দেখা যায়, সেখানে ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। নেই কাজের তেমন তৎপরতা। নিয়মিত কিছু কর্মকর্তা-কর্মচারী অফিস করলেও তাদের মধ্যে কোনো কর্মচাঞ্চল্য নেই। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও এ নিয়ে কথা বলতে চান না। কমিশনের মূল দায়িত্ব হলো অভিযোগের শুনানি, তথ্য অধিকার বিষয়ে প্রশিক্ষণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা। কিন্তু এই তিন মৌলিক কাজই বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্ধ করেছে প্রকাশনার কাজও। আইন অনুযায়ী প্রতিবছরের ৩১ মার্চের মধ্যে রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও ২০২৪ ও ২০২৫ সালের প্রতিবেদন দেওয়া সম্ভব হয়নি। কমিশন না থাকায় একই সঙ্গে কমিশনের সচিব পদেও নিয়মিত কোনো কর্মকর্তা দায়িত্বে নেই। গত ১২ আগস্ট পুনঃনিয়োগ বিজ্ঞপ্তিতে কমিশনের সচিব হিসেবে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম। সেখানে তাকে অতিরিক্ত দায়িত্বে দেখানো হয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা