বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করেন।
হাসপাতালের অ্যাকাউন্টস কর্মকর্তা তানভীর হোসেন গণমাধ্যমকে মন্ত্রীকে সিসিইউতে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার সুনির্দিষ্ট বিবরণ কিংবা ঠিক কী কারণে তার অবস্থার অবনতি হয়েছে, তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ বা পরিবারের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছেন।
পারিবারিক একটি সূত্র জানায়, গত চার-পাঁচ দিন ধরে জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন টুকু। এর মধ্যে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।