প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫১ পিএম
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ফাইল ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বিদেশি নাগরিকত্ব, বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য এবং তাদের নিয়োগ ও শপথগ্রহণের সাংবিধানিক বৈধতা যাচাইয়ের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আসলাম মিয়া।
মঙ্গলবার নোটিশটি পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।
নোটিশটি প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে পাঠানো হয়েছে।
নোটিশে বাংলাদেশের সংবিধানের ৫৬, ৬৬ ও ১৪৮ অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের আলোকে দুই মন্ত্রীর নাগরিকত্ব, বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য, সংসদ সদস্য হিসেবে যোগ্যতা এবং মন্ত্রী হিসেবে শপথগ্রহণের বিষয়গুলো যাচাই করার দাবি জানানো হয়েছে।
আইনজীবী আসলাম মিয়া নোটিশে সংবিধানের ৬৬ অনুচ্ছেদের বিধান উল্লেখ করে বলেন, বাংলাদেশের নাগরিক এবং ২৫ বছর বয়স পূর্ণ করেছেন— এমন ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য। তবে সংবিধানের ৬৬(২)(গ) অনুযায়ী, কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে কিংবা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার বা স্বীকৃতি দিলে সংসদ সদস্য নির্বাচিত হওয়া অথবা সংসদ সদস্য পদে বহাল থাকার ক্ষেত্রে সাংবিধানিক অযোগ্যতার প্রশ্ন দেখা দিতে পারে। এ কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাগরিকত্বের ইতিহাস, বিদেশি নাগরিকত্ব গ্রহণের কোনো ঘটনা রয়েছে কি না, বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্যের কোনো ঘোষণা বা শপথ দিয়েছেন কি না এবং বর্তমানে তাদের আইনগত নাগরিকত্বের অবস্থান কী— এসব বিষয় সরকারি নথিপত্রের মাধ্যমে যাচাই করার দাবি জানানো হয়েছে।
নোটিশে সংবিধানের ৬৬(২এ) অনুচ্ছেদের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। সেখানে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক কোনো ব্যক্তি পরবর্তী সময়ে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলে এবং পরে তা ত্যাগ করলে তার সাংবিধানিক অবস্থান সম্পর্কে বিশেষ বিধানের কথা বলা হয়েছে। এ কারণে দুই মন্ত্রীর ক্ষেত্রে বিদেশি নাগরিকত্বের কোনো অতীত ইতিহাস থাকলে, তা কখন গ্রহণ করা হয়েছিল, কখন ত্যাগ করা হয়েছে এবং বর্তমানে তাদের সাংবিধানিক ও আইনগত অবস্থান কী, তা যাচাই করার দাবি জানানো হয়েছে।