বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৬ পিএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। ফাইল ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবং তার পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৬ কোটি ২৯ লাখ ৩৯ হাজার ৪৯৫ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানান দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।
আকতারুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে এর আগেই সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়। সম্পদ বিবরণীটি অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বা তার পক্ষে কেউ গ্রহণ না করায় আদেশসহ নোটিসটি টানিয়ে দেওয়া হয়। দুদকের অভিযোগে বলা হয়, শেখ ফজলুল করিম সেলিমের নিজের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকার সম্পদের তথ্য পাওয়া যাওয়ার ঘটনায় গত ৪ মার্চ মামলা করে দুদক। একইভাবে তার স্ত্রী ফাতেমা সেলিমের নামে ১ কোটি ৭০ লাখ ৬১ হাজার ৩৫৫ টাকা, ছেলে শেখ ফজলে নাঈমের নামে ১১ কোটি ৭০ লাখ ৬১ হাজার ৪৪ টাকা, মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়ার নামে ৬ কোটি ৭৮ লাখ ৫৫ হাজার টাকা এবং আরেক ছেলে শেখ ফজলে ফাহিমের নামে ২ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৩৬ টাকার অসঙ্গতিপূর্ণ সম্পদের তথ্য পেয়েছে অনুসন্ধান টিম।
দুদক জানায়, শেখ সেলিম ছাড়া তার স্ত্রী ও তিন সন্তানের নামে-বেনামে দেশে বা বিদেশে আরও বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসব সম্পদের তথ্য যাচাই এবং অর্জিত সম্পদের প্রকৃত উৎস অনুসন্ধানে তাদের চারজনকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের নোটিস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।