বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৪ পিএম
প্রতীকী ছবি
সরকারি চাকুরেদের জন্য নতুন যে পে-স্কেল অনুমোদন করেছে সরকার, তাতে দেশের আপামর ১৮ কোটি মানুষের ওপর প্রত্যক্ষ-পরোক্ষ প্রভাব পড়বে। কারণ ‘বাড়তি’ বেতন চাকরিজীবীদের হাতে আসার পর বাজারে বাড়বে নগদ অর্থের সরবরাহ; যা মূল্যস্ফীতিকে উস্কে দেবে আরেক দফা। এতে করে নিত্যপণ্যসহ প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়ে যাবে, যা প্রকারান্তে সাধারণ মানুষের দুঃখ-কষ্ট আরও বাড়াবে বলে মনে করেন অর্থনীতিবিদসহ ব্যবসায়ীরা। যদিও সরকার দাবি করেছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে কমবে মূল্যস্ফীতির চাপ। কারণ হিসেবে বলা হয়েছে, এটা তিন ধাপে বাস্তবায়ন করা হবে, যাতে বাজারে অর্থের সরবরাহ নিয়ন্ত্রিত থাকবে।
সরকার আরও বলেছে, নতুন বেতন কাঠামোয় ২৪ লাখ অসামরিক-সামরিক ও ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারীসহ প্রত্যক্ষভাবে উপকৃত হবেন ৩৩ লাখ চাকরিজীবী। অর্থ মন্ত্রণালয় সূত্র বলেছে, সাত লাখ এমপিওভুক্ত শিক্ষকও নতুন পে-স্কেলের আওতায় আসবেন। ফলে উপকারভোগীর সংখ্যা আরও বাড়বে। এখন সরকারি চাকরিজীবীদের পেছনে বছরে বেতন-ভাতা বাবদ খরচ হয় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। এর সঙ্গে ‘বাড়তি’ যোগ হবে ১ লাখ ৬ হাজার কোটি টাকা। বেতনের বিশাল এই অঙ্ক বাজারে লেনদেন হলে জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে।
সব মিলিয়ে নতুন পে-স্কেলের প্রত্যক্ষ সুবিধাভোগী ৪০ লাখ চাকরিজীবীর পরিবারে গড়ে পাঁচজন সদস্য ধরলেও মোট সুবিধাভোগীর সংখ্যা দাঁড়ায় ২ কোটি। দেশের বাকি ১৬ কোটি মানুষের ওপরই পে-স্কেলের নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে খুচরা পর্যায়ের দোকানিরা প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, পে-স্কেলের তাৎক্ষণিক কোনো প্রভাব বাজারে পড়েনি। তবে ভবিষ্যতে পণ্যের দাম বাড়বে। উল্লেখ্য, সোমবার মন্ত্রিসভায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল অুনমোদন দিয়েছে সরকার। এতে গ্রেডভেদে বেতন ১০০-১৪২ শতাংশ বাড়ানো হয়। নতুন পে-স্কেলের ফলে মূল্যস্ফীতির পারদ কিছুটা হলেও চড়া হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সচিবালয়ে মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
অর্থনীতিবিদরা বলেছেন, নতুন পে-স্কেলে সাধারণ মানুষের ওপর চাপ তৈরি হবে। কেননা সমাজের বড় একটি অংশ সাধারণ মানুষ। সরকারি চাকরিজীবীদের মতো তাদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধার নির্দিষ্ট কোনো কাঠামো নেই।
ব্যবসায়ীরা বলেছেন, নবম জাতীয় বেতন কাঠামো চাপ তৈরি করবে বেসরকারি খাতে। অর্থনীতির যে দুরবস্থা, তাতে এ মুহূর্তে বেতন বাড়ানোর সক্ষমতা বেসরকারি খাতের নেই। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেছেন, বাজারে নিত্যপণ্যের দাম এমনিতেই মানুষের নাগালের বাইরে। বেতন বৃদ্ধির সুযোগে বাড়তি মুনাফা করলে সাধারণ মানুষের চাপ বাড়বে। কৃত্রিমভাবে দাম বাড়ানো কিংবা সিন্ডিকেট না করার আহ্বান জানান তিনি। মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত মতবিনিময় সভায়ও আহ্বান জানানো হয়। ফজলুল হক আরও বলেন, সাধারণ মানুষ বর্তমানে পণ্যের মূল্যবৃদ্ধির কারণে কষ্টে রয়েছে। তাই বেতন বাড়ার সুযোগে চাল, ডাল ও তেলের দাম বাড়ানো উচিত নয়। তিনি আরও বলেন, সরকারি চাকরিজীবীরা বাড়তি দাম কিছুটা দিতে পারবেন। তবে সরকারি চাকরির বাইরে থাকা বেসরকারি খাতের মানুষের সংখ্যাই বেশি। ব্যবসায়ীদের সামাজিক ও নৈতিক দায়িত্ব পালনের কথা উল্লেখ করে এফবিসিসিআই প্রশাসক বলেন, বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে বাড়তি মুনাফা করা উচিত নয়।
বাংলাদেশ নিটপণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এই বেতন কাঠামো বেসরকারি খাতে বেতন বাড়ানোর চাপ তৈরি করবে। কিন্তু সামগ্রিকভাবে বেতন বাড়ানোর সক্ষমতা বেসরকারি খাতের নেই। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির প্রয়োজন আছে। তবে বর্তমান প্রেক্ষাপটে এটি মূল্যস্ফীতি আরও বাড়াবে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ও বিআইডিএসের সাবেক মহাপরিচালক ড. মোস্তফা কে মুজেরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ভালো নয়। জ্বালানি সংকটে অনেক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে যারা বেসরকারি খাতে আছেন, তাদের বেতন বাড়ানোর সুযোগ সীমিত।
বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন মনে করেন, মূল্যস্ফীতি বাড়বে কি না, সেটি নির্ভর করছে পে-স্কেলের জন্য যে টাকা লাগবে তার অর্থায়ন পদ্ধতির ওপর। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, বেতন বাড়াতে গিয়ে যে টাকা লাগবে, সেটির জোগান যদি অন্যান্য খাতের খরচ কমিয়ে দেওয়া হয়, তাহলে মূল্যস্ফীতির চাপ কমবে। আবার যদি বাড়তি বেতনের কারণে সরকারি ব্যয় বেড়ে যায়, তাহলে মূল্যস্ফীতি বাড়বে। আর যদি রাজস্ব আয় বাড়িয়ে অতিরিক্ত অর্থের জোগান দেওয়া হয়, তাহলেও মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা থাকবে না। কিন্তু টাকা ছাপিয়ে অর্থের জোগান কিংবা ঋণ করে অর্থায়ন করা হলে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে।
তথ্য উপদেষ্টা যা বললেন
সরকারি চাকুরেদের জন্য সরকার যে বেতন কাঠামো অনুমোদন করেছে, তাতে মূল্যস্ফীতির পারদ কিছুটা চড়তে পারে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, মূল্যস্ফীতি অনেক বেশি এখন। বাংলাদেশে দীর্ঘদিন থেকে মূল্যস্ফীতি হাই। এটা ৫ থেকে ৬ শতাংশ হলে ভালো বলা যায়। কিন্তু আমাদের এটা ডাবল ডিজিটে পৌঁছে গেছে। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন কাজের অগ্রগতি সম্পর্কিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জাহেদ উর রহমান আরও বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিতে কিছুটা মূল্যস্ফীতির ঝুঁকি আছে। নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন নিয়ে উপদেষ্টা জাহেদ বলেন, নতুন পে-স্কেল অনুমোদন করা হয়েছে এবং সেটা কীভাবে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, সেটার একটা রোডম্যাপ জানানো হয়েছে।
বাজার পরিস্থিতি
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়লে মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাজারে চাহিদা বাড়ার আশঙ্কায় দ্রব্যমূল্য বৃদ্ধির যে আলোচনা তৈরি হয়েছিল, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে তার তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। যাত্রাবাড়ী, শান্তিনগর, রামপুরা, মৌচাক, মালিবাগ ও কারওয়ান বাজারের ব্যবসায়ী এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পে-স্কেল অনুমোদনের পর চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, আলু, সবজি ও অন্যান্য নিত্যপণ্যের দামে বড় ধরনের কোনো পরিবর্তন আসেনি। ব্যবসায়ীরা বলছেন, সিদ্ধান্ত বাস্তবায়নের প্রভাব বাজারে পড়বে, তবে কিছুটা সময় লাগবে। শান্তিনগর বাজারের ব্যবসায়ী তরিকুল বলেন, ‘পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে সোমবার। এক দিনের মধ্যে এর প্রভাব বাজারে পড়বে—এমনটা হওয়ার কথা নয়। আরও কিছুদিন গেলে বোঝা যাবে, চাহিদা বা পণ্যের দামে কোনো পরিবর্তন হয় কি না। রামপুরা বাজারের ব্যবসায়ী মো. আজিজুল ইসলাম বলেন, ‘আমাদের বাজারে পে-স্কেলের কোনো প্রভাব এখন পর্যন্ত কোনো পণ্যের ওপর পড়েনি। তবে ভবিষ্যতে এর প্রভাব পড়তে পারে। মানুষের হাতে টাকা বাড়লে চাহিদাও বাড়বে।