প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৩ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ফাইল ছবি
‘উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই ভারত সফর করবেন। তবে সফরের কোনো তারিখ এখনও নির্ধারিত হয়নি।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর সম্পর্কে এ মন্তব্য করেন।
তিনি বলেন, “অবশ্যই প্রধানমন্ত্রী ভারত যাবেন। তবে, পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করে এবং উভয় দেশের প্রধানমন্ত্রীর সময় ও উপস্থিতির ওপর নির্ভর করে এই সফরের তারিখ ঠিক করা হবে।”
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এই সফরের কোনো সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “আমরা এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঠিক করিনি। আলাপ-আলোচনা হচ্ছে।’ দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপড়েন প্রসঙ্গে তিনি বলেন, ‘৫ আগস্টের মতো একটি ঘটনা ঘটেছিল যা বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছিল। আমরা সেই বিষয়টি ভারতের কাছে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছি। এখন আবারও আমাদের মধ্যে আলোচনা সচল হয়েছে।”
সেমিনারের অনুমতি না দেওয়া ‘ইতিবাচক’
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লিতে আয়োজিত একটি সেমিনারের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে দেখা হচ্ছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রসঙ্গত, গত ২৯ আগস্ট দিল্লিতে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বক্তাদের নিয়ে একটি আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। তবে দিল্লি পুলিশ ফরেন করেসপনডেন্টস ক্লাবকে (এফসিসি) এই সভার অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “ভারত সরকারের এই সিদ্ধান্ত দুই দেশের বিদ্যমান সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ।”
নিরাপত্তা ইস্যুতে প্রতিমন্ত্রী কড়া বার্তা দিয়ে বলেন, ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে যেমন ঢাকায় আশ্রয় দেওয়া হবে না, তেমনি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী যেন ভারত বা দেশটির কোনো সার্বভৌম ভূখণ্ডে আশ্রয় না পায়; বাংলাদেশ সেই প্রত্যাশা করে।
উড়োজাহাজ চাপের মুখে কেনা হচ্ছে না
যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কেনা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, কোনো চাপের মুখে নয়, বরং এভিয়েশন খাতের চাহিদা মেটাতেই উড়োজাহাজ কেনা হচ্ছে।
তিনি বলেন, “বিমানের বহর বা ফ্লিট সক্ষমতা না বাড়ালে নতুন রুট চালু করা সম্ভব হবে না এবং দেশ ব্যবসা হারাবে। এভিয়েশন হাব হিসেবে রাজস্ব ও যাত্রী সংখ্যা বাড়াতে দীর্ঘ মেয়াদে এয়ারক্রাফট কেনা জরুরি।”
প্রতিমন্ত্রী জানান, আগামী ১০ থেকে ১৫ বছরে বাংলাদেশের ৭০ থেকে ৮০টি বা তারও বেশি উড়োজাহাজের চাহিদা রয়েছে। সেই অনুযায়ী নীতিগতভাবে বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত হয়েছে।
পররাষ্ট্র নীতিতে ভারসাম্যের কথা উল্লেখ করে তিনি বলেন, “ওয়াশিংটন এবং বেইজিং—উভয় দেশের সঙ্গেই আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক। সরকার একটি চমৎকার ভারসাম্য বজায় রেখে চলছে। যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী এবং তাদের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানো হবে।”
অতীত ভোলা যায় না, তবে আটকে থাকাও যায় না
একই দিন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। অতীত নিয়ে আটকে থাকলে উন্নয়নকাজ হবে না মন্তব্য করে তিনি বলেছেন, “দুই দেশের মধ্যে চ্যালেঞ্জ থাকবে, তবে সেসব চ্যালেঞ্জ মাথায় রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। অতীতকে ভুলে যাওয়া সম্ভব নয়, কিন্তু অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে না। কীভাবে আমরা দুই দেশে মুক্ত বাণিজ্য করতে পারি—এ নিয়েও কথা বলেছি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে ভালো সম্পর্ক কেবল সরকারকেন্দ্রিক নয়, এটা দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক। এই সম্পর্ক অতীতে আটকে থাকার কোনো সুযোগ নেই।”
মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের দীনেশ ত্রিবেদী এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে ভারতের হাইকমিশনার বলেন, অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তিনি কথা বলতে চান না। এ বিষয়ে কথা বলা উচিত নয়। বাংলাদেশের মানুষ যা ভালো বুঝবে, তা-ই হবে। দুই-তৃতীয়াংশ আসনে জয়ী দল ক্ষমতায়, দেশের অবস্থা তারা ভালো বুঝবে।
দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দিয়ে ভারতের হাইকমিশনার বলেন, “আমরা চাই দুই দেশের জনগণের মধ্যে ভালো সম্পর্ক। আমার জায়গায় যে থাকবে, সে একই জিনিস চাইবে। কারণ আমরা যে সিদ্ধান্ত নিই, তার প্রভাব পড়ে জনগণের ওপর।’ তিনি বলেন, ‘আমরা সীমান্তের সঙ্গে স্বপ্নও শেয়ার করি। সেজন্য প্রতিবেশী হিসেবে দায়িত্ব বেড়ে যায়। আমরা সমান। কেউ বড় কিংবা ছোট নই।”
দীনেশ ত্রিবেদী বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছি। আজকের সাক্ষাতে মিলেমিশে কাজ করার বিষয়ে কথা হয়েছে।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো আলোচনা হয়েছে কি নাÑ এমন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী কোনো কথা বলেননি। এ সময় তিনি দুই দেশ মিলেমিশে কাজ করার কথা বলেন।