প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৩ পিএম
কৃষিবিজ্ঞানী ড. মো. গোলাম মাহবুব। ফাইল ছবি
সার্ক কৃষি কেন্দ্রের (এসএসি) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কৃষিবিজ্ঞানী ড. মো. গোলাম মাহবুব।
ঢাকায় অবস্থিত দক্ষিণ এশীয় আঞ্চলিক এই প্রতিষ্ঠানটির শীর্ষ পদে মঙ্গলবার তিনি যোগদান করেন।
ড. মাহবুব কৃষি গবেষণা ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্ন একজন বিশেষজ্ঞ। সার্ক কৃষি কেন্দ্রের দায়িত্ব নেওয়ার আগে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (বনবিদ্যা) হিসেবে কর্মরত ছিলেন।
ড. গোলাম মাহবুব ২০০৬ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বারি ও বিএআরসির বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে কৃষি-পরিবেশ বিষয়ক ‘রিমোট সেন্সিং ও মডেলিং গবেষণাগার’ প্রতিষ্ঠা করেন, যা কৃষি ও পরিবেশ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শিক্ষাজীবনে ড. মাহবুব জাপানের গিফু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং থেকে রিমোট সেন্সিং ও জিআইএস বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্জন করেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক এবং অ্যাগ্রোফরেস্ট্রি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
জলবায়ু পরিবর্তন মোকাবিলা, ডিজিটাল কৃষি এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ ড. মাহবুবের বেশ কিছু গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক হিসেবে তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কৃষি সহযোগিতা জোরদার, জলবায়ু সহনশীল কৃষি গবেষণা এবং টেকসই খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করবেন বলে আশা করা হচ্ছে।