পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মন্ত্রী ড. মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, “ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছুই বলতে চাইনা। বলা উচিতও না।”
তিনি বলেন, “দেশের মানুষ যা ভালো বুঝবে, দেশের নির্বাচিত সরকার যা ভালো বুঝবে, সেটিই সত্যি কথা।”
সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মন্ত্রী ড. মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার এসব কথা বলেন দীনেশ ত্রিবেদী।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েনের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন কি না এমন প্রশ্নের জবাবে ভারতের হাইকমিশনার এসব কথা বলেন।
দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, “আমরা পিপল-টু-পিপল সম্পর্ক চাই। সাধারণ মানুষের জন্য যা কিছু ভালো, সেটা করার দায়িত্ব আমাদের আছে।”
তিনি আরও বলেন, “আমরা একটা স্বপ্নের কথা বলি, সেটা বাস্তবায়নে আমাদের দায়িত্ব বেড়ে যায়। আমরা প্রতিবেশী দেশ, আমাদের দায়িত্ব তো বেশি।”
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে সমতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আমরা সবসময় বলি, আমরা ইক্যুয়াল। নোবডি বিগ, নোবডি স্মল।”
দুই দেশের নিজস্ব চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, “আমাদের ভাবতে হবে বাংলাদেশের কী ডেমোক্র্যাটিক চ্যালেঞ্জ, তেমনি বাংলাদেশকে ভাবতে হবে ভারতের কী চ্যালেঞ্জ। সেটা মাথায় রেখে এগিয়ে যেতে হবে।”