× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘এশিয়ার নোবেল’ ম্যাগসাইসাই পুরস্কার পেলেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ২০:২২ পিএম

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা রুনা খান। ছবি: প্রেস রিলিজ

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা রুনা খান। ছবি: প্রেস রিলিজ

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা রুনা খান ২০২৬ সালের রামোন ম্যাগসাইসাই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। দুই দশকেরও বেশি সময় ধরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং মানবিক সেবায় অনন্য নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে।

রামোন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন সোমবার এই ঘোষণা দেয়। ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট রামোন ম্যাগসাইসাইয়ের স্মৃতিতে ১৯৫৮ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে, যা বিশ্বজুড়ে ‘এশিয়ার নোবেল’ হিসেবে পরিচিত। 

এশিয়ার মানুষের জন্য নিঃস্বার্থ সেবা এবং রূপান্তরমূলক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এটি দেওয়া হয়।

রুনা খান বাংলাদেশের ১৪তম ব্যক্তি হিসেবে এই গৌরব অর্জন করলেন। এর আগে ড. মুহাম্মদ ইউনূস ও স্যার ফজলে হাসান আবেদের মতো ব্যক্তিত্বরা এই পুরস্কার পেয়েছেন। আগামী ১৫ নভেম্বর ফিলিপাইনের ম্যানিলায় আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

রুনা খান ২০০২ সালে ‘ফ্রেন্ডশিপ’ প্রতিষ্ঠা করেন। ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চলে একটি ভাসমান হাসপাতালের মাধ্যমে এই সংস্থার যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে স্বাস্থ্যসেবা, শিক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং সাংস্কৃতিক সংরক্ষণের মাধ্যমে বছরে প্রায় ৭৫ লাখ মানুষকে সেবা দিচ্ছে সংস্থাটি।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় রুনা খান বলেন, “অত্যন্ত আনন্দ ও বিনয়ের সাথে আমি এই পুরস্কার গ্রহণ করছি। কোনো নেতাই একা চলতে পারেন না। আমি এই সম্মাননা উৎসর্গ করছি সেই সব অবহেলিত জনগোষ্ঠীকে, যারা আমাদের পাশে থাকার সুযোগ করে দিয়েছেন এবং আমার ফ্রেন্ডশিপ পরিবারকে, যাদের অক্লান্ত পরিশ্রমে এই কাজ সম্ভব হচ্ছে।”

বাংলাদেশে ফ্রেন্ডশিপের কার্যক্রম সফল হওয়ার পর রুনা খান ইউরোপের বিভিন্ন দেশে (লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়াম) এর শাখা বিস্তৃত করেন। আন্তর্জাতিক দাতা ও অংশীদারদের সাথে সরাসরি সমন্বয় করে স্থানীয় পর্যায়ে উন্নয়ন নিশ্চিত করাই তার লক্ষ্য।

ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া সম্মাননাপত্রে বলা হয়েছে, রুনা খান তার দেশের দরিদ্রতম মানুষের প্রতি গভীর সহানুভূতি এবং সাহসিকতার পরিচয় দিয়েছেন। তার হাতে ‘সুযোগ’ কেবল নিজের জন্য সীমাবদ্ধ থাকেনি, বরং তা দায়িত্ব হিসেবে রূপান্তরিত হয়েছে, যাতে অন্যরা আশা ও মর্যাদার সাথে বাঁচার স্বপ্ন দেখতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা