× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারের ই-সেবা পেতে সশরীরে অফিসে যেতে হয় ৬৮% নারীকে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১৯:৩৩ পিএম

৬৮.১ শতাংশ নারীকে কোনো না কোনো প্রয়োজনে সরকারি অফিসে কিংবা ঘরের বাইরে যেতে হয়। ছবি: দ্য এশিয়ান এজ

৬৮.১ শতাংশ নারীকে কোনো না কোনো প্রয়োজনে সরকারি অফিসে কিংবা ঘরের বাইরে যেতে হয়। ছবি: দ্য এশিয়ান এজ

সরকারি বিভিন্ন সেবা অনলাইনে পাওয়ার সুযোগ থাকলেও বাস্তবে ৬৮ দশমিক ১ শতাংশ নারীকে কোনো না কোনো প্রয়োজনে সরকারি অফিসে কিংবা ঘরের বাইরে যেতে হয়। একই সঙ্গে এসব সেবা নিতে গিয়ে ঘুষ লেনদেনের ঘটনাও ঘটছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

ঢাকার একটি হোটেলে সোমবার গবেষণার ফলাফল তুলে ধরেন সিপিডির গবেষক তামিম আহমেদ।

গবেষণায় দেখা যায়, সরকারি ই-সেবা পুরোপুরি অনলাইনে সম্পন্ন করতে পেরেছেন মাত্র ৩১ দশমিক ৯ শতাংশ নারী। ২০ দশমিক ৮ শতাংশ নারী জানিয়েছেন, তারা বেশির ভাগ কাজ অনলাইনে করলেও কিছু ‘পেপারওয়ার্ক’ সম্পন্ন করতে হয়েছে।

অন্যদিকে ৩৮ শতাংশ নারী শুধু অনলাইনে ফরম জমা দিয়েছেন; পরবর্তী কাজ করতে হয়েছে অফলাইনে। ১ দশমিক ৮ শতাংশ প্রথমে অনলাইনে ফরম জমা দিয়ে পরে তাগাদা দিতে সশরীরে গেছেন। আর ৭ দশমিক ৫ শতাংশ নারী জানিয়েছেন, অনলাইনে সেবা পাওয়ার কথা থাকলেও পুরো প্রক্রিয়াই তাঁদের অফলাইনে সম্পন্ন করতে হয়েছে।

তামিম আহমেদ বলেন, “সরকারি অনেক সেবাকে ই-সেবা হিসেবে তালিকাভুক্ত করা হলেও বাস্তবে এর ‘ব্যাকএন্ডে’ এমন অনেক কাজ রয়েছে, যার জন্য সেবাগ্রহীতাকে অফিসে যেতে হয়। ফলে কাগজে-কলমে ই-সেবা থাকলেও বাস্তবে তা পুরোপুরি অনলাইন সেবা হয়ে উঠছে না”।

অফিসে যাওয়ার কারণ হিসেবে ৫৪ দশমিক ৩ শতাংশ নারী নথিপত্র সরাসরি জমা দেওয়া এবং ৫১ দশমিক ৮ শতাংশ নথিপত্র গ্রহণের কথা জানিয়েছেন। ২৮ দশমিক ৯ শতাংশকে স্বাক্ষরের জন্য এবং ২২ দশমিক ৩ শতাংশকে অর্থ জমা দিতে যেতে হয়েছে।

এ ছাড়া ৬ দশমিক ৬ শতাংশ নারী স্থানীয় অফিসের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার জন্য, ৬ দশমিক ১ শতাংশ প্রয়োজনীয় নথি প্রস্তুত করতে এবং আরও ৬ দশমিক ১ শতাংশ কর্মকর্তাদের তাগাদা দিতে অফিসে যাওয়ার কথা জানিয়েছেন। অন্যান্য কারণে যেতে হয়েছে ১ শতাংশ নারীকে।

গবেষণায় দেশের সব বিভাগ থেকে ২ হাজার ৬১১ জন নারী, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের ওপর জরিপ করা হয়। তাঁদের মধ্যে নারী ছিলেন ৯৫৭ জন। গত দুই বছরে কোনো না কোনো সময়ে সরকারি ই-সেবা গ্রহণ করেছেন- এমন ব্যক্তিদের জরিপে অন্তর্ভুক্ত করা হয়।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, “অনেক মানুষ কী কী ই-সেবা পাওয়া যায়, সে সম্পর্কে জানেন না। আবার অনলাইনে সেবা গ্রহণের ক্ষেত্রেও তাঁদের অনীহা রয়েছে। এ অবস্থায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি সেবার ওপর মানুষের আস্থা তৈরি করা জরুরি। সহজ ও ঝামেলামুক্তভাবে সেবা নিশ্চিত করা গেলে সেই আস্থা বাড়বে এবং অন্যরাও ই-সেবায় যুক্ত হবেন”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা