সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী সোমবার ঢাকার বাহাদুর শাহ্ পার্কে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ছবি: পিআইডি
অপসংস্কৃতি, উগ্রবাদ ও সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে দেশব্যাপী সাংস্কৃতিক লড়াই গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
তিনি বলেছেন, দেশের যুবসমাজ ও সার্বভৌমত্ব রক্ষা করতে নজরুলের চেতনায় নতুন করে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে।
ঢাকার ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার সকালে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৩ মে ত্রিশালে নজরুল জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে রাষ্ট্রীয়ভাবে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন।
এ ঘোষণাকে সর্বস্তরের মানুষ ও সংস্কৃতিপ্রেমীরা গর্বের সঙ্গে গ্রহণ করেছেন। দেশব্যাপী এই সাংস্কৃতিক কার্যক্রমে ব্যাপকভাবে অংশগ্রহণেরও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে নজরুলের কালজয়ী ‘বিদ্রোহী’ কবিতার কয়েকটি চরণ আবৃত্তি করে কবিকে বিস্ময়কর প্রতিভা হিসেবে উল্লেখ করেন নিতাই রায় চৌধুরী।
তিনি বলেন, শিক্ষার্থী ও তরুণ সমাজের মনস্তত্ত্বে নজরুলের অসাম্প্রদায়িক ও সাম্যবাদী চেতনা ছড়িয়ে দেওয়া জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে সংস্কৃতি মন্ত্রণালয়ের পাশাপাশি প্রশাসন, পুলিশ, শিক্ষা মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
জাতীয় কবির সৃষ্টি ও কর্মকে প্রাতিষ্ঠানিকভাবে সংরক্ষণের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ত্রিশালে কবির স্মৃতিবিজড়িত এলাকায় তার নামে ‘নজরুল বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার মাধ্যমে নজরুলচর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন।
অন্যদিকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজী নজরুল ইসলামকে স্বাধীন বাংলাদেশে এনে ‘জাতীয় কবি’র মর্যাদা দেন এবং তার গবেষণা ও সৃষ্টিকে সংরক্ষণের জন্য ‘নজরুল ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করেন বলেও উল্লেখ করেন তিনি।
বিগত সরকারের সমালোচনা করে সংস্কৃতি মন্ত্রী বলেন, দীর্ঘ ২২ থেকে ২৩ বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয় পর্যায় থেকে আড়াল করার পরিকল্পিত অপচেষ্টা চালানো হয়েছিল। এর ফলে তরুণদের সৃজনশীলতার বিকাশ বাধাগ্রস্ত হয়েছে এবং জাতীয় ঐক্য ও সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, তরুণ সমাজকে মাদকের মতো ধ্বংসাত্মক উপাদানের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, “লোকালয়ে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না।”
জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাত ধরে দেশে নতুন সম্ভাবনার সূচনা হয়েছে। পাহাড় ও সমতলের মানুষের মধ্যে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে সাম্প্রদায়িকতা, অপসংস্কৃতি ও উগ্রবাদ প্রতিহত করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বলেন, জাতীয় কবির সৃষ্টি, দর্শন ও সাহিত্যকর্ম যথাযথভাবে সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই সরকারের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে তরুণদের সুপ্ত সৃজনশীলতার বিকাশ ঘটবে এবং দেশজুড়ে নতুন প্রতিভার সন্ধান মিলবে।
ঢাকার জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এবং জাসাসের জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক হেলাল খান। বক্তারা দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সফল করতে তৃণমূল পর্যায়ে সবার সহযোগিতা কামনা করেন।