নির্বাচন কমিশন (ইসি)। ফাইল ছবি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
হালনাগাদ তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৬ হাজার ৯৭৮ জন। আগের তালিকার তুলনায় ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার।
নির্বাচন ভবনে সাংবাদিকদের সোমবার এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
আখতার আহমেদ বলেন, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদেরও হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণের পর ২৭ আগস্টের মধ্যে সেগুলো নিষ্পত্তি করা হয়। আবেদনগুলোর সিদ্ধান্ত ২৮ আগস্টের মধ্যে তালিকায় সংযোজনের পর সোমবার হালনাগাদ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো।
ইসি আগামী সেপ্টেম্বর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে ভোট শুরু করতে চায়। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।