ঢাকার পল্টন থানায় বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় সোলায়মান সেলিম ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার পল্টন থানায় বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে সোলায়মান সেলিম ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।f
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তদন্ত কর্মকর্তাদের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন।
এদিন সোলায়মান সেলিম ও মোস্তফা জালাল মহিউদ্দিনকে আদালতে হাজির করা হয়।
পরে তাদের পক্ষে আইনজীবী শ্রী প্রাণ নাথ গ্রেপ্তার দেখানোর আবেদন না মঞ্জুরের জন্য আদালতের কাছে আবেদন করেন।
এর বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই আসামিকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, সোলায়মান সেলিম (৩৫) ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিন (৭৬) নিজ নিজ পদে দায়িত্ব পালনকালে রাজনৈতিকভাবে বিরোধী দল দমনে অর্থের সংস্থান, নির্দেশনা প্রদানসহ ঘটনার নেপথ্যে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বর্তমানে তারা দুজনই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের তৎকালীন কর্মকর্তারা হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমারের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালান।
এ সময় কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি সেখানে অবস্থান নেওয়া দলটির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়।
এজাহারে আরও বলা হয়, হামলার একপর্যায়ে বিএনপি কর্মী মকবুল হোসেন গুলিবিদ্ধ হন। পরে তিনি মারা যান।
এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন থানায় হত্যা মামলা করেন।