× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমান টিকিটে অনিয়ম বন্ধে জিরো টলারেন্স

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১০:৫৬ এএম

গ্রাফিক্স: এআই

গ্রাফিক্স: এআই

বিমান টিকিটের অনিয়ম, কৃত্রিম সংকট ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে সরকার। প্রবাসী কর্মীদের জন্য বিমানভাড়া সহনীয় রাখতে ট্রাভেল এজেন্সি আইন ও বেসামরিক বিমান চলাচল আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল রবিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এসব তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী জানান, যাত্রীদের স্বার্থ রক্ষা ও টিকিট বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে ১০ দফাসংবলিত একটি পরিপত্র জারি করেছে। এর নির্দেশনা অনুযায়ী, সব ট্রাভেল এজেন্সিকে বিমান টিকিটে তাদের নাম, লাইসেন্স নম্বর ও টিকিটের বিক্রয়মূল্য স্পষ্টাক্ষরে লিখতে হবে।

প্রবাসী কর্মীদের জন্য বিশেষ সুবিধার কথাও সংসদে তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

১,৪৯৮টি স্পট নিয়ে পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে 

দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ এবং সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রগুলোকে সুপরিকল্পিত ও পরিবেশবান্ধবভাবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’ প্রণয়নের আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে। একই সঙ্গে সারা দেশের সম্ভাব্য প্রায় ১,৪৯৮টি পর্যটন স্থান চিহ্নিত করে যুগোপযোগী ও সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তারের এক লিখিত প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আরও জানান, পর্যটন খাতের সঠিক তথ্যের ঘাটতি দূর করা এবং সুনির্দিষ্ট পরিসংখ্যানের ভিত্তিতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ‘ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট’ প্রণয়নের কার্যক্রমও চলছে।

থার্ড টার্মিনালে অতিরিক্ত ৯০২ কোটি টাকার প্রয়োজন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণে অতিরিক্ত ৯০০ কোটি টাকার বেশি বরাদ্দের প্রয়োজনীয়তার ব্যাখ্যা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। 

বিরোধী দলের নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসুদ বলেন, আন্তর্জাতিক টার্মিনালের প্রাক্কলিত ব্যয় ১৩ হাজার কোটি টাকা থেকে কয়েক দফা বেড়ে ২১ হাজার ৩০০ কোটি টাকায় পৌঁছেছে। সেখানে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) দপ্তর তদন্ত করে প্রায় ৪ হাজার ৪৬৯ কোটি টাকার অনিয়ম শনাক্ত ও ঠিকাদারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের সুপারিশ করেছে। এরপরও কাজের প্রায় ৯৯.৯১ শতাংশ শেষ হওয়ার পর শেষ মুহূর্তে আরও ৯০২ কোটি টাকা বৃদ্ধি ঠিকাদারকে দুর্নীতির সুযোগ করে দেওয়ার শামিল কি না, তা জানতে চান তিনি।

জবাবে বিমানমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শুধু ভবন উদ্বোধন করেই কাজ শেষ বলে চালিয়ে দেওয়ার প্রবণতা ছিল। বাস্তবে থার্ড টার্মিনালের মেশিনারিজ ও প্রয়োজনীয় বিভিন্ন সংকেত বা সংযোজন-সম্পর্কিত গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছিল। প্রায় ২.১ বিলিয়ন ডলার মূল্যের রাষ্ট্রীয় সম্পদ পড়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। 

মন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সার্বিক হিসাব-নিকাশ পর্যালোচনা করে দেখেছে; কাজ চূড়ান্তভাবে সম্পন্ন করা, ঠিকাদারের পূর্বের কিছু বকেয়া পরিশোধ এবং অন্যান্য সংস্থার বকেয়া মিটিয়ে অবকাঠামো চালুর জন্য স্বচ্ছতার ভিত্তিতে ৯০২ কোটি টাকা প্রয়োজন। এই অর্থ অনুমোদন না হলে টার্মিনালটি অকার্যকর হয়ে পড়ে থাকত। অতিরিক্ত বরাদ্দ অনুমোদন হলে দ্রুত টার্মিনালটি চালু করা সম্ভব হবে এবং বর্তমান ১.২ মিলিয়নের পরিবর্তে দ্বিগুণ যাত্রীকে সেবা দেওয়ার সুযোগ সৃষ্টি হবে। এ লক্ষ্যেই পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ে বরাদ্দের আবেদন করা হয়েছে।

বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির উদ্যোগ

রাজনৈতিক কারণে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মো. নাজমুল হুদার সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফ্যাসিবাদের ১৮ বছরে বিরোধী দলের রাজনীতি করার কারণে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আবার বিভিন্ন কারণে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। তাদের তালিকাভুক্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংরক্ষিত নারী আসনের সদস্য রোকেয়া বেগমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জুলাই গণঅভ্যুত্থানে এ পর্যন্ত ৮৪৩ জনকে শহীদ হিসেবে সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। আরও দুজনের বিষয়ে যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে তাদের গেজেটভুক্ত করার পদক্ষেপ নেওয়া হবে। সরকারি তালিকা চূড়ান্ত করার আগে যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

চাহিদা অনুযায়ী সারের ঘাটতি নেই

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশে চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই। কৃষকদের সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিত করতে নীতিমালা অনুযায়ী সরবরাহ ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে। কৃষকদের কাছে সঠিক সময়ে, সঠিক পরিমাণে ও নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে মাঠপর্যায়ে সার বিতরণ কার্যক্রমের নিবিড় মনিটরিং অব্যাহত রয়েছে। কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার পৌঁছে দিতে সংশ্লিষ্ট পর্যায়ে নজরদারিও চলছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা