গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
নতুন পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আজ সোমবার মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উঠতে পারে। বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক হচ্ছে। মন্ত্রিসভার অনুমোদন মিললে আগামী বৃহস্পতিবারের মধ্যেই প্রজ্ঞাপন জারির মাধ্যমে এটি কার্যকর হতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বেতন কাঠামো চূড়ান্ত করা হয়েছে। মন্ত্রিসভা অনুমোদন দেওয়ার পর প্রজ্ঞাপন জারি করে তা বাস্তবায়ন করা হবে। আজকের বৈঠকের আলোচ্যসূচিতে কেবল নতুন পে-স্কেলকেই রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর জন্য এ বিষয়ে একটি সার-সংক্ষেপ তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। বৈঠকে তা উপস্থাপন করবেন অর্থ সচিব ড. খায়রুজ্জামান মজুমদার। এর পর মন্ত্রিসভার সদস্যরা আলোচনা করবেন।
চলমান অর্থনৈতিক সংকটে নতুন পে-স্কেল বাস্তবায়ন করতে বাড়তি টাকার জোগান নিশ্চিত করা সরকারের জন্য কঠিন হয়ে পড়বে। এমন প্রেক্ষাপটে এ বছরই নতুন পে-স্কেল কার্যকর হবে, তা নিশ্চিত হলেও দুই ধাপে নাকি এর চেয়ে বেশি সময় ধরে বাস্তবায়ন করা হবে, সে সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এটি কয় বছরে বাস্তবায়ন করা হবে, সে সম্পর্কে আজকের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হবে।’ এটিও মোটামুটি নিশ্চিত যে, নতুন পে-স্কেলে ‘মূল বেতন’ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ছে এবং ২০টি গ্রেডই বহাল থাকছে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানাচ্ছে, পুরো বেতন কাঠামো বাস্তবায়ন করতে ‘বাড়তি’ ১ লাখ ৬ হাজার কোটি টাকা দরকার হবে।
এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় তা ঘোষণা হতে পারে। এ ছাড়া গত ২৯ জুলাই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন ঘোষণা নিয়ে কাজ চলছে।
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। সচিব কমিটি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির হার নির্ধারণের সুপারিশ করেছে। ‘মূল বেতন’ সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে সচিব কমিটি। পে-কমিশন যে প্রস্তাব করেছিল সেখানে ১০০ থেকে ১৪০% পর্যন্ত বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। অর্থ মন্ত্রণালয় সূত্র বলেছে, বেতন কাঠামো নিয়ে সচিব কমিটির সুপারিশ মন্ত্রিসভা গ্রহণ করতেও পারে, না-ও পারে। তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, সচিব কমিটির দেওয়া সুপারিশই মন্ত্রিসভা অনুমোদন করে।
উল্লেখ্য, সরকারের ১৮০ দিন উপলক্ষে গৃহীত কার্যক্রম নিয়ে সম্প্রতি বই প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সেখানে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি তুলে ধরে বলা হয়েছে, প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে এবং তা কার্যকর হবে দুই ধাপে। চলতি অর্থবছর দেওয়া হবে বেসিক বা মূলবেতন এবং আগামী বছর দেওয়া হবে অর্থবছর ভাতাসহ অন্যান্য সুবিধা।
অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকারের সাবেক সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যবিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন দেয়। বিদ্যমান গ্রেড ২০টি বহাল রেখে কমিশন বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করে কমিশন। পরে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।