স্পিকারকে স্মারকলিপি
বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ২১:৩৫ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৬ ২১:৪০ পিএম
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি। ছবি: ফেসবুক থেকে
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি।
বাংলামোটর থেকে রবিবার বিকালে পদযাত্রা শুরু হয়ে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।
সেখানে সমাবেশ শেষে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। পদযাত্রায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের শীর্ষ পর্যায়ের নেতারাও অংশ নেন। বেলা ৩টা ৪০ মিনিটে বাংলামোটর মোড় থেকে পদযাত্রাটি শুরু হয়। বিকাল সাড়ে ৪টার দিকে তা সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছায়।
পদযাত্রায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ, জামায়াতে যোগ দেওয়া সাবেক বিএনপি নেতা মেজর (অব.) আখতারুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ও জাগপার সহসভাপতি রাশেদ প্রধান অংশ নেন। আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের শিকার ব্যক্তিদের অনেকে এতে অংশ নেন।
পদযাত্রার আগে বেলা ৩টার দিকে বাংলামোটর ট্রেড সেন্টারের সামনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ আমলে গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান।
সমাবেশে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কড়া সমালোচনা করেন এবং সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত গুম প্রতিরোধ অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি জানান। সেখানে মেজর (অব.) আখতারুজ্জামানসহ আরও কয়েকজন বক্তব্য দেন। সমাপনী বক্তব্যে কর্মসূচির প্রতি সংহতি জানান ১১–দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ।
এরপর পদযাত্রা শুরু হয়। এতে ‘বাংলাদেশে আয়নাঘর, থাকবে না রে থাকবে না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে’, ‘ঘেরাও ঘেরাও হবে, সংসদ ভবন ঘেরাও হবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
সংসদ ভবনের সামনের সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “গুমের বিরুদ্ধে যে অর্ডিন্যান্স জারি করা হয়েছে, তা বাতিল করে গুমের ঘটনার তদন্তের দায়িত্ব পুলিশকে দিয়ে সরকার আবার গুম করার ষড়যন্ত্র করছে”।
গুম প্রতিরোধের অর্ডিন্যান্সটি বহাল রাখার দাবি জানান তিনি। তার ভাষ্য, যারা গুম করে, তাদের হাতে তদন্তের দায়িত্ব থাকতে পারে না।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানে জনগণ ঘোষণা করেছে, বাংলাদেশে আর গুম-খুনের আস্তানা চলতে পারে না। জুলাই সনদে মানবাধিকার রক্ষা ও গুম প্রতিরোধে চূড়ান্ত রূপরেখা তৈরি করা হয়েছিল। বর্তমান সরকার নোট অব ডিসেন্ট দিয়ে সেখানে নামেমাত্র একটি কমিটি করতে চায়। তার অভিযোগ, এ সরকার বিগত ফ্যাসিবাদের মতো গুম-খুন করতে চায়”।
স্পিকারকে স্মারকলিপি দেওয়ার পর আন্তর্জাতিক গুম প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক ব্রিগেডিয়ার (অব.) হাসিনুর রহমান বলেন, “যে আইনটি করা হয়েছে, তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীও প্রমাণ করতে পারবেন না যে তার স্বামীকে গুম করা হয়েছিল। তারা এ ধরনের আইন চান না”।
সমাবেশে আরও বক্তব্য দেন জাগপার সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, রফিকুল ইসলাম খান ও ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। এ সময় সমাবেশে সংহতি প্রকাশ করেন শহিদ জাবের ইবরাহিমের মা রোকেয়া বেগম, এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এবং জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদসহ অনেকে।
পদযাত্রার পূর্ববর্তী সমাবেশে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, সাবেক কূটনীতিক সাকিব আলী ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।